জনসংখ্যা মাত্র ৩৮০০, একাধিক প্রতিকূলতা, ক্রিকেটের বিশ্বমঞ্চে ইতিহাস সেই দেশেরই
কেন ফকল্যান্ডের পক্ষে ক্রিকেট ম্যাচ আয়োজন কঠিন?
দক্ষিণ আমেরিকার উপকূলবর্তী একটি দ্বীপপুঞ্জ হলো ফকল্যান্ড। আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করতে হলে যাদের পেরোতে হয় একাধিক চ্যালেঞ্জ। দ্বীপপুঞ্জে যাতায়াতের জন্য সপ্তাহে মাত্র একটি বাণিজ্যিক বিমান রয়েছে। চিলির সান্তিয়াগোর সঙ্গে যোগাযোগ রক্ষাকারী এই বিমান পরিষেবার উপরই নির্ভর করতে হয় বিদেশি দল এবং পর্যটকদের।
ভৌগোলিক অবস্থানও ক্রিকেট ম্যাচ আয়োজনের পথে বড় বাধা। নিউ জ়িল্যান্ডের দুনেদিন ও কুইন্সটাউনের আন্তর্জাতিক ক্রিকেট মাঠগুলির থেকেও অনেকটা দক্ষিণে অবস্থিত স্ট্যানলির প্ল্যাটিনাম ওভাল। আন্টার্কটিকার মূল ভূখণ্ড থেকে যার দূরত্ব ১০০০ কিলোমিটারের সামান্য বেশি। ফলে শীতল আবহাওয়া ও প্রতিকূল পরিবেশের কারণে বছরের একটা নির্দিষ্ট সময়েই ক্রিকেট খেলার সুযোগ পায় তারা।