VHP Demands Ban on Ramayana Film: রাবণকে গৌরবান্বিত করা হয়েছে! ‘রামায়ণ’ নিষিদ্ধ করার দাবিতে সরব বিশ্ব হিন্দু পরিষদ | Vhp demands ban on ranbir kapoor ramayana objections raised by organization
প্রেক্ষাগৃহে মুক্তির পর থেকেই চর্চায় নীতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’। রণবীর কাপুর, সাই পল্লবী ও যশ অভিনীত এই ছবিকে ঘিরে বেশ কয়েক দিন ধরেই বিতর্ক দানা বাঁধছে। বিশেষত রাবণকে মহিমান্বিত করা অথবা সীতাকে অস্ত্র ধরে যুদ্ধে নামতে দেখানোর মতো বিষয় নিয়ে আপত্তি উঠছিল বিভিন্ন মহলে। এবার সরাসরি ছবিটির প্রদর্শন বন্ধ করার দাবি জানাল হিন্দুত্ববাদী সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি)।
সংগঠনের অভিযোগ, ছবির পর্দায় রাবণকে গৌরবান্বিত করে মহর্ষি বাল্মীকির মূল রামায়ণের আখ্যান বিকৃত করা হয়েছে। পাশাপাশি সেন্সর বোর্ড (সিবিএফসি)-এর দেওয়া ছাড়পত্র বাতিল করে দ্রুত ‘রামায়ণ’-এর প্রদর্শন বন্ধ করার দাবিও তুলেছে তাঁরা। বিশ্ব হিন্দু পরিষদের সাধারণ সম্পাদক বজরংলাল বাগড়ার বক্তব্য, ছবিতে বাল্মীকি রামায়ণের একাধিক তাৎপর্যপূর্ণ প্রসঙ্গ বদল আনা হয়েছে, এমনকী মূল গ্রন্থে অনুপস্থিত ঘটনারও সংযোজন ঘটেছে। আবার বাদ পড়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ চরিত্র ও কাহিনি। তাঁর দাবি, এই রদবদল কেবল সিনেমার প্রয়োজনে ঘটেনি; এর নেপথ্যে হিন্দুদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করার প্রয়াস রয়েছে বলেই মনে করছে সংগঠনটি।
কোন কোন প্রসঙ্গ বাদ পড়ার অভিযোগ?
বজরংলাল বাগড়ার দাবি, অহল্যা উদ্ধার, নিষাদরাজ গুহের সঙ্গে রামের সখ্য এবং কেবটের ভক্তির মতো প্রসঙ্গগুলো ছবিতে অনুপস্থিত— যা রামের সর্বজনীন চরিত্রের অবিচ্ছেদ্য অঙ্গ। তাঁর মতে, ঋষি-মুনিদের যজ্ঞ, সাধনা ও গুরুকুলের কাজে বিঘ্ন ঘটানো অসুরদের বিরুদ্ধে রামের সংগ্রামকে ভিন্ন আঙ্গিকে দেখানো হয়েছে এবং রাবণের হাতে সীতাহরণের প্রতিশোধ নেওয়াই রামের যুদ্ধের প্রধান কারণ— এমন একটি ধারণা তৈরি করা হয়েছে।
সংগঠনের আরও অভিযোগ, অহঙ্কারী রাবণকে শোষিত ও বঞ্চিতদের ত্রাতা হিসেবে দেখানোর চেষ্টা হয়েছে ছবিতে। অথচ জ্ঞান, ভক্তি ও শক্তিতে শীর্ষে থেকেও অহঙ্কারবশত রাবণ অন্যের ওপর অত্যাচার চালিয়েছিলেন— রামায়ণের প্রতিটি পাঠ্যরূপেই সেই চিত্র মেলে। তাই তাঁকে সহানুভূতির আলোয় তুলে ধরার প্রয়াসকে মূল কাহিনির বিকৃতি হিসেবেই দেখছে ভিএইচপি।
নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’-এর বিরুদ্ধে পথে নেমেছে হিন্দু জনজাগৃতি সমিতিও। মুম্বইয়ের দাদর রেলস্টেশন এবং কোল্হাপুরে প্রতিবাদ-বিক্ষোভে শামিল হয়েছেন সংগঠনের সদস্যরা। আপত্তিকর দৃশ্য ও সংলাপ দ্রুত ছাঁটাই করার পাশাপাশি ছবিটি পুনরায় খতিয়ে দেখার জন্য সেন্সর বোর্ডের কাছে দাবি জানিয়েছে তারা। ভবিষ্যতে এই ছবির পরবর্তী কিস্তিগুলো মুক্তির আগে ধর্মীয় বিশেষজ্ঞ, রামায়ণ গবেষক ও সাধু-সন্তদের প্রিভিউ দেখানোরও আর্জি জানিয়েছে সংগঠনটি।
উল্লেখ্য, ছবিতে রামের ভূমিকায় রণবীর কাপুর, সীতার চরিত্রে সাই পল্লবী এবং রাবণের চরিত্রে অভিনয় করেছেন যশ। লক্ষ্মণ হিসেবে রবি দুবে এবং হনুমানের চরিত্রে দেখা গিয়েছে সানি দেওলকে। এ ছাড়াও অরুণ গোভিল, লারা দত্ত, ইন্দিরা কৃষ্ণন ও কাজল আগরওয়াল রয়েছেন গুরুত্বপূর্ণ চরিত্রে। মুক্তির পর থেকে দর্শক ও সমালোচকদের মধ্যে নানা আলোচনার জন্ম দেওয়া এই ছবির দ্বিতীয় পর্ব ২০২৮ সালে মুক্তি পাওয়ার কথা রয়েছে।