ফের FIFA প্রেসিডেন্টের চেয়ারে ইনফান্তিনো?
এই সময়: ফিফার প্রেসিডেন্ট পদে নির্বাচনের জন্য মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ছিল বুধবার রাতে। তার পরেই ফিফা প্রেসিডেন্ট জিয়ানি ইনফান্তিনোর প্রতিদ্বন্দ্বী হিসেবে উঠে আসছে দুটি নাম। ফ্রান্স ফুটবল সংস্থার প্রেসিডেন্ট ফিলিপে দিয়ালো এবং জাপানের কোজ়ো তাশিমা। দু’জন প্রার্থীই মনোনয়ন জমা দেন জ়ুরিখে।
ফিফার প্রেসিডেন্ট পদে নির্বাচন হবে আগামী বছর ১৮ মার্চ, মরক্কোর রাবাতে। ২০২৩ সালে গত নির্বাচনে ইনফান্তিনো জিতেছিলেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। ২০১৬ সাল থেকে ফিফার প্রেসিডেন্ট পদে বহাল ইনফান্তিনো। ২০২৭ নির্বাচনে জিতলে তিনি ২০৩১ পর্যন্ত প্রেসিডেন্ট থাকতে পারবেন। সে ক্ষেত্রে টানা ১৫ বছর এই পদে থাকবেন তিনি।
এখন মনোনয়ন জমা পড়লেই যে দিয়ালো ও তাশিমা প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন তা নিশ্চিত নয়। ফিফার বিবৃতি, ‘ইলেকটোরাল কমিটির কাছে দিয়ালো ও তাশিমার মনোনয়ন পত্র পাঠানো হয়েছে পরীক্ষার জন্য। যা খতিয়ে দেখে তিন সদস্যের কমিটি সিদ্ধান্ত জানাবে। সদস্য সংস্থাগুলিকে আগামী ১৮ ফেব্রুয়ারির মধ্যে জানিয়ে দেওয়া হবে কারা এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।’
বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্বের একটি অংশ ইনফান্তিনো বিক্রি করতে চেয়েছিলেন বেসরকারি সংস্থাকে। গত বিশ্বকাপের পরে যা নিয়ে তুমুল হইচই হয়। শেষে ইনফান্তিনো এই ভাবনা ত্যাগ করেন। এই বিরোধিতা থাকলেও অনেকে মনে করছেন, ইনফান্তিনোই প্রেসিডেন্ট নির্বাচনে ফেভারিট। কারণ, প্রতিটি ফুটবল সংস্থা ইনফান্তিনোর সৌজন্যেই বড় অনুদান পেয়েছে। ফলে বেশিরভাগ সংস্থাই ইনফান্তিনোকে আবার প্রেসিডেন্ট হিসেবে দেখতে চাইবে। দক্ষিণ আমেরিকা, আফ্রিকার নিয়ামক সংস্থাও ইনফান্তিনোর পক্ষে। এএএফসির সংস্থাগুলির মধ্যে অবশ্য কিছুটা বিরোধিতা থাকতে পারে।