Tok Doi Tips: শীতকালেও দই জমবে ক্ষীরের মত! জাস্ট এই ছোট্ট কাজ করে ফেলুন | Winter Curd Making Tips: How to Set Thick Curd at Home Easily in Cold Weather
শিখে নিন কায়দাটাImage Credit: AI Tool
টক দই (Tok Doi) ছাড়া বাঙালির দুপুরের খাওয়া যেন ঠিক জমে না। স্বাদে যেমন সেরা, তেমনই হজম বাড়াতে এর জুড়ি মেলা ভার। কিন্তু শীত পড়তেই শুরু হয় আসল বিপত্তি! বাড়িতে দই পাতলেই হয় তা পাতলা হয়ে জল কেটে যায়, নয়তো ঘণ্টার পর ঘণ্টা পেরিয়ে গেলেও জমতে চায় না। আসলে কনকনে ঠান্ডায় দুধের উপকারী ব্যাকটেরিয়াগুলো খুব ধীরে কাজ করে। তবে চিন্তা নেই। রান্নাঘরের কয়েকটা সাধারণ জিনিস দিয়েই শীতেও একদম ক্ষীরের মতো ঘন দই বানানো সম্ভব।
কী কী করবেন?
দই জমানোর প্রথম শর্ত হল দুধ ভালো করে ফুটিয়ে নেওয়া। এরপর তা কিছুটা ঠান্ডা হতে দিন। মনে রাখবেন, দুধ যেন খুব গরম বা একদম ঠান্ডা না হয়। আঙুল ডুবিয়ে সহ্য করা যায়, এমন কুসুম গরম দুধই দইয়ের জন্য সেরা। দুধ বেশি গরম থাকলে ভালো ব্যাকটেরিয়া মরে যায়, আর ঠান্ডা হলে দই জমে না।
সাজা
দই পাতার জন্য সবসময় টাটকা এবং কম টক দইয়ের সাজা ব্যবহার করুন। প্রতি লিটার দুধের জন্য ১ থেকে ২ চামচ সাজাই যথেষ্ট। দুধের সঙ্গে সাজা ভালো করে মিশিয়ে দিন, যাতে তা সব জায়গায় সমানভাবে ছড়িয়ে পড়ে। এরপর আসল কাজ হল পাত্রটিকে গরম রাখা। দইয়ের পাত্র একটি মোটা কাপড় বা কম্বল দিয়ে ভালো করে মুড়িয়ে রাখুন। এতে ভেতরের তাপমাত্রা ঠিক থাকবে।
ক্যাসেরোল ও ওভেন
ঠান্ডা আটকাতে ক্যাসেরোল দারুণ কাজ করে। দুধ আর সাজা মিশিয়ে সোজা ক্যাসেরোলে ঢেলে ঢাকনা বন্ধ করে দিন। দীর্ঘক্ষণ গরম থাকায় দই সহজেই জমে যাবে। বাড়িতে মাইক্রোওয়েভ বা ওভেন থাকলে আরও সুবিধা। ওভেনটি এক-দুই মিনিট গরম করে বন্ধ করে দিন। তারপর দইয়ের পাত্রটি তার ভেতরে রেখে দিন। বন্ধ ওভেনের হালকা গরমেই কাজ হয়ে যাবে।
কাঁচা লঙ্কা
অনেকেই হয়তো জানেন না, দই দ্রুত জমাতে কাঁচা লঙ্কা দারুণ কাজে দেয়। দুধে সাজো মেশানোর পর ১-২টি কাঁচা লঙ্কা বোঁটাসহ তার মধ্যে ফেলে দিন। লঙ্কার বোঁটায় থাকা প্রাকৃতিক ব্যাকটেরিয়া দই জমতে দারুণ সাহায্য করে।
স্টিলের বদলে মাটির পাত্রে দই সবসময় বেশি ভালো জমে। আর দই পাতার পর পাত্রটি কখনও বারবার নাড়াবেন বা ঝাঁকাবেন না। শীতে দই জমতে সাধারণত ৮ থেকে ১২ ঘণ্টা সময় লাগে। ব্যস, একটু ধৈর্য ধরলেই তৈরি দোকানের মতো নিটোল ঘন দই!