Jagannath Chatterjee: 'চাকরি দিতে পারছি না...', ইঞ্জিনিয়ারিং গ্রাজুয়েটদের মানসিকতা পরিবর্তন করতে বললেন শিক্ষামন্ত্রী | State Higher Education Minister Jagannath Chatterjee Says Govt Unable to Provide Jobs to Engineering Graduates - 24 Ghanta Bangla News
Home

Jagannath Chatterjee: ‘চাকরি দিতে পারছি না…’, ইঞ্জিনিয়ারিং গ্রাজুয়েটদের মানসিকতা পরিবর্তন করতে বললেন শিক্ষামন্ত্রী | State Higher Education Minister Jagannath Chatterjee Says Govt Unable to Provide Jobs to Engineering Graduates

Spread the love

Jagannath Chatterjee: 'চাকরি দিতে পারছি না...', ইঞ্জিনিয়ারিং গ্রাজুয়েটদের মানসিকতা পরিবর্তন করতে বললেন শিক্ষামন্ত্রী

উচ্চশিক্ষা মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়। Image Credit: TV9 বাংলা

জলপাইগুড়ি: বাংলায় ভাল বেতনে চাকরি পাচ্ছেন না রাজ্যের ইঞ্জিনিয়ারিং পড়ুয়ারা। আক্ষেপের সুর রাজ্যের উচ্চশিক্ষা মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়ের (Jagannath Chatterjee) গলায়। জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজের সমাবর্তন অনুষ্ঠানে এসে আক্ষেপ মন্ত্রীর।

জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের সমাবর্তন অনুষ্ঠানে মন্ত্রী এলেও, পরেননি সমাবর্তনের বিশেষ পোশাক। এই নিয়ে বেশ গুঞ্জন তৈরি হয়। যদিও তিনি পরে ওই পোশাক না পরার কারণ খোলসা করে বলেন। তিনি বলেন, “আমরা ভারতীয় মূল্যবোধ, শিক্ষাকে প্রয়োগ করার চেষ্টা করছি। এখনও কেন রোব, বুট পরতে হবে? এখন কোনও আইআইটি, এনআইটি-তে রোবিং হয় না।”

সমাবর্তনের মঞ্চে দাঁড়িয়ে রাজ্যের উচ্চশিক্ষা মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন, “একটি অমানিশা পশ্চিমবঙ্গের উপরে বিরাজ করছে। পাচ-ছয় দশক এই রাজ্যের জন্য নেতিবাচক বলাই ভালো। ইতিহাস যখন লেখা হবে, তখন এই পাঁচ দশক বাঙালি পিছিয়ে যাওয়ার যে ইতিহাস রচনা হয়েছে, তা লেখা হবে।”

নতুন সরকারের প্রতিবন্ধকতা নিয়ে তিনি বলেন, “বর্তমান সরকারের কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ হল, আমাদের কলেজগুলি থেকে পাশ করে বেরনো ইঞ্জিনিয়ারিং গ্রাজুয়েটদের চাকরি দিতে পারছি না। আজ বেঙ্গালুরুর মতো শহরে ১৬ লক্ষ বাঙালি ইঞ্জিনিয়ার কাজ করছে। বেঙ্গালুরু কার্যত দ্বিতীয় কলকাতা হতে চলেছে। অথচ আমরা এই বাঙালি ছেলেমেয়েদের, শিক্ষিত যুবক-যুবতীকে কলকাতায় বা বাংলার বুকে কর্মসংস্থান দিতে পারছি না। সেই কাজে নতুন সরকার হাত দিয়েছে। গত পাঁচ দশকে ক্রমান্বয়ে শিক্ষা ব্যবস্থাকে যেভাবে ধ্বংস করা হয়েছে, সেই ব্যবস্থাকে পুনর্গঠনের জন্য দীর্ঘ পথ অতিক্রম করতে হবে, এটা সময় সাপেক্ষ।”

ছাত্রদের উদ্দেশে তিনি বলেন, “আপনাদেরও যদি মানসিকতার পরিবর্তন হয়, ভালো হয়। কারণ সেই পরিস্থিতি নেই বাংলায় যে বেরলেই হাতের কাছে কাজ জুটিয়ে দেওয়া হবে। এটাই বাস্তবতা। সরকারের লক্ষ্য হচ্ছে আমাদের রাজ্যে কর্মসংস্থানের ব্যবস্থা করা রাজ্যের আইটি, ইঞ্জিনিয়ার গ্রাজুয়েটদের জন্য, যাতে তাদের খুব কম বেতনে এন্ট্রি লেভেলে চাকরি নিয়ে চলে যেতে না হয়। আপনাদের কাছে প্রত্যাশা থাকবে যে প্রথম ও দ্বিতীয় চাকরির পর তৃতীয় চাকরিটা যেন এই বাংলায় হয়। আপনারা আসুন, আমরা আশা করি ততদিনে বাংলাকে কর্মসংস্থানের জায়গা হিসাবে কিছুটা গড়ে তুলতে পারব।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *