পাঁচ গোলের ধাক্কা সামলাতে দিল্লির বিরুদ্ধে হাবাসের ভরসা এই একাদশ - 24 Ghanta Bangla News
Home

পাঁচ গোলের ধাক্কা সামলাতে দিল্লির বিরুদ্ধে হাবাসের ভরসা এই একাদশ

Spread the love


সায়ন সেনগুপ্ত, কলকাতা: নির্ধারিত সূচি অনুসারে আজ বিকেলে ইন্ডিয়ান সুপার লিগের প্রথম হোম ম্যাচ ইস্টবেঙ্গলের (East Bengal)। যেখানে তাদের লড়াই করতে হবে টমাস টর্চজের শক্তিশালী স্পোর্টিং ক্লাব দিল্লির বিরুদ্ধে। টুর্নামেন্টে প্রথম দুইটি ম্যাচে লাল-হলুদের অভাবনীয় দাপট থাকলেও আটকে যেতে হয়েছিল ক্লিফোর্ড মিরান্ডার চেন্নাইয়িন এফসির কাছে। হজম করতে হয়েছিল পাঁচটি গোল। জবাবে ডেভিড বিষ্ণুরা ব্যবধান কমাতে পারলেও সেটা ম্যাচে ফেরার জন্য যথেষ্ট ছিল না। সেই ধাক্কা কাটিয়ে আজ যুবভারতীর বুকে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ আন্তোনিও লোপেজ হাবাসের ছেলেদের।

সেইমতো একাদশ সাজিয়েছেন লাল-হলুদের ডুরান্ড কাপ জয়ী কোচ। অন্যান্য দিনের মতো আজও গোলরক্ষক হিসেবে থাকছেন প্রভসুখান সিং গিল। রক্ষণভাগ সামাল দেওয়ার ক্ষেত্রে জয় গুপ্তার পাশাপাশি দিয়াগো জিভুলিচ সহ লালচুংনুঙ্গা ও হর্দিক ভাট। আনোয়ার আলির অনুপস্থিত যথেষ্ট প্রভাব ফেলেছিল গত ম্যাচে। সেই ধাক্কা কাটিয়ে এবার এই রক্ষণভাগের উপরেই ভরসা রাখতে হচ্ছে লাল-হলুদকে। মাঝমাঠের দখল নেওয়ার জন্য থাকছেন অধিনায়ক মহম্মদ রশিদ, জিকসন সিং এবং দানি রামিরেজ‌। দুই উইংয়ে থাকছেন বিপিন সিং এবং এডমুন্ড লালরিন্ডিকা।

উল্লেখ্য, চোটের কারণে জাতীয় শিবির থেকে একটা সময় ছিটকে যেতে হয়েছিল এডমুন্ডকে। তবে সেই সমস্যা কাটিয়ে ফিরে এসেছেন তিনি। সেই সাথে ফরোয়ার্ডে থাকছেন লুকাস জেলেন্সকি। পরবর্তী পরিস্থিতিতে খেলোয়াড় বদল করার কথা ভাবতে পারেন কোচ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *