ISI-এর নিরাপত্তা থেকে রাতের পার্টি, কেমন জীবন কাটাচ্ছে দাউদ? বিস্ফোরক দাবি প্রাক্তন FBI এজেন্টের
পারিবারিক নাম – কাসকার ইব্রাহিম। জন্ম- ২৬ ডিসেম্বর, ১৯৫৫। জন্মস্থান- রত্নগিরি, ভারত। উচ্চতা- ১.৬৭ মিটার, চুলের রং- কালো। বিশেষ চিহ্ন- বাম দিকের ভ্রু-র উপরে একটি তিল। ইন্টারপোলের তালিকায় দেওয়া একটি বিবরণ। সঙ্গে ঝাপসা দু-তিনটি ছবি। ব্যক্তির খোঁজ পেলে নিকটস্থ থানা, গোয়েন্দা বিভাগ বা সরাসরি ইন্টারপোলের সঙ্গে যোগাযোগ করতে পারেন। কারণ সেই ব্যক্তির ‘ইন্তেজার তো গ্যারহ মুলকোঁ কি পুলিশ কর রাহি হ্যায়’। প্রায় ৩৩ বছর ধরে সেই ব্যক্তি বেপাত্তা। পাকিস্তানের প্রশাসনিক মহলের একাংশের কাছে সেই ব্যক্তি ‘বড়ে সাহেব’ নামে পরিচিত বলে দাবি। ভারত, আমেরিকা-সহ ইন্টারপোলের কাছে সেই ব্যক্তি পরিচিত মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল দাউদ ইব্রাহিম নামে। বর্তমানে কোথায় আছে দাউদ? কেমন আছে? কী করছে? তোলাবাজি, মাদক পাচার, বেআইনি অস্ত্র সরবরাহের ‘কিংপিন’ দাউদের নাড়ি-নক্ষত্রের খোঁজ দিলেন প্রাক্তন FBI এজেন্ট কামরান ফরিদি।
এক নজরে
-
করাচির ক্লিফটন এলাকাতেই রয়েছে দাউদ, দাবি প্রাক্তন FBI এজেন্টের।
-
D-Company-র অপরাধ ও মাদক পাচারের নেটওয়ার্ক এখনও সক্রিয় বলে দাবি।
-
নিরাপত্তায় রয়েছে ৩৫-৪৫ জন সশস্ত্র রক্ষী।
-
দাউদের নিরাপত্তার দায়িত্বে রয়েছেন ছোটা শাকিল।
-
ISI-এর সঙ্গে নিয়মিত যোগাযোগ রয়েছে বলে অভিযোগ।
সম্প্রতি ‘আজতক রেডিয়ো’ পডকাস্ট-এ একটি দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছেন ফরিদি। সেখানেই দাউদ সম্পর্কে নানা তথ্য তুলে ধরেছেন তিনি। এই প্রতিবেদনে দাউদ সম্পর্কে সমস্ত তথ্যই ফরিদির দেওয়া বক্তব্য অনুযায়ী তুলে ধরা হয়েছে। ‘এই সময় অনলাইন’ সেই দাবিগুলি যাচাই করে দেখেনি। বিলাসবহুল জীবনযাপন থেকে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারিকে ফোন— একাধিক বিস্ফোরক দাবি করেছেন তিনি।
কোথায় আছে দাউদ?
ওই পডকাস্ট-এ ফরিদি দাবি করেছেন, করাচিতে অভিজাত ও কঠোর নিরাপত্তাবেষ্টনীর ঘেরাটোপে থাকা ক্লিফটন এলাকাতে আছে দাউদ। পরিবারের অন্যান্য সদস্যরাও তার সঙ্গে থাকেন। যদিও পাকিস্তানে একাধিক আস্তানা রয়েছে দাউদের। এর মধ্যে একটি রয়েছে ইসলামাবাদে।
কেমন জীবন কাটাচ্ছে দাউদ?
ফরিদির বক্তব্য, দিনের বেলায় সাধারণত বাড়ি থেকে খুব একটা বের হয় না দাউদ। রাত ১০টার পরে শুরু হয় দাউদের মেহেফিল। AK-47-সহ স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র নিয়ে ৩৫ থেকে ৪৫ জন সশস্ত্র নিরাপত্তারক্ষী দাউদকে ঘিরে থাকেন। আন্ডার গ্রাউন্ড পানশালায় যাতায়াত রয়েছে দাউদের। ফরিদির দাবি, পাকিস্তানের বিশেষ বাহিনী SSG-র কম্যান্ডোরা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। দাউদের নিরাপত্তার সামগ্রিক দেখভাল করে ছোটা শাকিল। সে প্রতি শুক্রবার ISI সদর দপ্তরে গিয়ে নিরাপত্তা সংক্রান্ত রিপোর্ট জমা দেয়।
দাউদ দুবাই থেকে আমদানি করা বুলেটপ্রুফ গাড়ি ব্যবহার করে। নিজের ধর্মীয় ভাবমূর্তি বজায় রাখার চেষ্টা করলেও ব্যক্তিগত পরিসরে দাউদ যথেষ্ট বিলাসবহুল জীবনযাপন করে বলে দাবি ফরিদির। একসময়ে মদ্যপানের অভ্যাস ছিল দাউদের। তবে বর্তমানে মদ্যপান ছেড়েছে দাউদ। কিন্তু কোকেনের নেশা এখনও রয়েছে বলে অভিযোগ ফরিদির।
ওই সাক্ষাৎকারে একটি বিশেষ নৈশ পার্টির স্মৃতিচারণ করেন ফরিদি। ওই পার্টিতে দাউদকে গভীর রাতে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারিকে ফোন করতেও দেখেছিলেন বলে দাবি করেছেন ফরিদি। ফরিদি জানান, নিজের এক সহযোগীকে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স-এ (PIA) চাকরি পাইয়ে দেওয়ার জন্যই ওই ফোন করেছিল দাউদ।
সাক্ষাৎকারে করাচিতে অবস্থিত ‘২২ জামজামা’ নামে একটি জায়গার কথা উল্লেখ করেছেন ফরিদি। তাঁর দাবি, বাইরে থেকে এটিকে সাধারণ বাড়ি মনে হলেও ভিতরে রয়েছে অত্যন্ত সুরক্ষিত, শব্দনিরোধক বেসমেন্ট ক্লাব। ফরিদি জানান, সেখানেই পাকিস্তানের বিভিন্ন সরকারি আধিকারিক ও ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করতেন দাউদ। চলত পার্টি। পাকিস্তানের শীর্ষ প্রশাসনিক কর্তাদের সঙ্গে দাউদের ফোনে যোগাযোগ রয়েছে বলেও দাবি করেছেন ফরিদি।
লস্করের সঙ্গে যোগাযোগ দাউদের
১৯৯৩ সালে মুম্বই বিস্ফোরণের ঘটনার পরেই দাউদ পাকিস্তানে পালিয়ে গিয়েছিল বলে বিভিন্ন গোয়েন্দা সংস্থার দাবি। সেখান থেকে বসেই দাউদ তার ‘ডি কোম্পানির’ কাজকর্ম পরিচালনা করত। মাদক পাচার, তোলাবাজির অভিযোগ তো আছেই। দাউদের গ্যাং বিভিন্ন জঙ্গি গোষ্ঠীকে অস্ত্র সরবরাহ করতো বলেও তথ্যসূত্র রয়েছে গোয়েন্দাদের হাতে। সেই দাবিতে সিলমোহর দিয়েছেন ফরিদি। তাঁর দাবি, ২৬/১১ মুম্বই হামলার মূল চক্রী হাফিজ সইদের নেতৃত্বাধীন লস্কর-ই-তৈবার সঙ্গেও দাউদের ব্যবসায়িক যোগাযোগ রয়েছে। ফরিদির বিস্ফোরক অভিযোগ, দাউদ পাকিস্তানের ISI-এর আশ্রয়ে রয়েছেন। তাঁর কথায়, দাউদ কার্যত ISI-এর অতিথি। পাকিস্তানের গুপ্তচর সংস্থার সঙ্গে তাঁর ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে।
কামরান ফরিদির পরিচয়
১৯৯৫ সালে FBI-তে যোগ দিয়েছিলেন কামরান ফরিদি। ২০০৯ সালে তাঁকে দাউদের অপরাধচক্রে অনুপ্রবেশের দায়িত্ব দেয় FBI। নিজের পরিচয় গোপন করে রাশিয়ার মাফিয়া গোষ্ঠীর সদস্য হিসেবে পরিচয় দিয়ে ‘ডি কোম্পানি’র সঙ্গে যোগাযোগ তৈরি করেন। দাউদের ঘনিষ্ঠ সহযোগী জাবির মোতিওয়ালার মাধ্যমে অপরাধ চক্রের গোপন বৃত্তে প্রবেশ। করাচিতে D-Company-র হয়ে কাজ করার সময় হাওয়ালা লেনদেনের পরিকাঠামো তৈরিতেও সাহায্য করেছিলেন কামরান ফরিদি। বর্তমানে গুপ্তচরবৃত্তির জগৎ ছেড়ে স্ত্রীর সঙ্গে থাইল্যান্ডে থাকেন ফরিদি।