মালয়েশিয়াকে আটকে এশিয়ান কাপের মূল পর্বে মেহেরাজের ভারত

সায়ন সেনগুপ্ত, কলকাতা: শুক্রবার সন্ধ্যায় কুয়ালালামপুরে এএফসি এশিয়ান কাপের কোয়ালিফাইং রাউন্ডের শেষ ম্যাচে নেমেছিল ভারত (India U17)। যেখানে তাদের লড়াই করতে হয়েছিল মালয়েশিয়া দলের বিরুদ্ধে। সম্পূর্ণ সময়ের শেষে গোলশূন্য ফলাফলে শেষ হয় এই ম্যাচ। সেই সাথে নিজেদের গ্ৰুপের চ্যাম্পিয়ন হয়েই এশিয়ান কাপের মূল পর্বে চলে গেল ভারতের অনূর্ধ্ব ১৭ ফুটবল দল। তাদের সংগ্রহে থাকল ৪ ম্যাচে ১০ পয়েন্ট। সেইসাথে টানা দ্বিতীয়বারের জন্য এই টুর্নামেন্টে খেলার যোগ্যতা অর্জন করল ভারতের তরুণ দল।
এবারে ও প্রথম থেকেই এই দল নিয়ে ব্যাপক প্রত্যাশা ছিল ফুটবলপ্রেমীদের মধ্যে। সেক্ষেত্রে খুব একটা হতাশ করেনি কেউ। প্রথম থেকেই নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করে গিয়েছিল প্রত্যেকেই। যারফলে অনেকটাই সহজ হয়ে গিয়েছিল টুর্নামেন্টের যোগ্যতা অর্জন করার হিসেব-নিকেশ। জয় না আসলেও শুধুমাত্র ড্র করলেই নিশ্চিত হয়ে যেত এশিয়ান কাপের লড়াই। সেটাই আজ করে দেখালো ছেলেরা। এদিন মালয়েশিয়ার বিরুদ্ধে লড়াইটা যে সহজ হবে না সেটা ভালো মতোই জানতেন কোচ মেহেরাজুদ্দিন ওয়াডু। তাই সবদিক বিবেচনা করেই সাজিয়েছিলেন দলের রক্ষনভাগ। আক্রমণে খুব একটা সক্রিয়তা চোখে না পড়লেও জমাট বাঁধানো ডিফেন্সে প্রতিপক্ষ দলকে অনায়াসেই আটকে দিল গাংতেরা।
আগামী বছর উজবেকিস্তানে আয়োজিত হতে চলেছে এই এশিয়ান কাপ টুর্নামেন্টের আসর। সেখানেই এবার নিজেদের সেরাটা দেওয়ার লক্ষ্য থাকবে রাজ থেকে শুরু করে ঋষিকেশদের।
Get the Latest Cricket, Asian Games 2026, Football , Hockey, Badminton Scores, F1 Results at Kolkata24x7 Sports. Like Us On Facebook Or Follow Us On Twitter For More Sports Updates.