Agnimitra Paul: তৈরি হবে স্ট্রিট ফুড হাব, হকারদেরও পুনর্বাসন? এবার বড় উদ্যোগ অগ্নিমিত্রার | Agnimitra Paul Announces Street Food Hubs in Kolkata, Howrah, Siliguri; E Carts for Hawkers
অগ্নিমিত্রা পালImage Credit: Tv9 Bangla
নয়া দিল্লি: রাজ্যে ক্ষমতায় আসার পরই হকার উচ্ছেদ নিয়ে সমালোচনার মুখে পড়েছিল বিজেপি সরকার (BJP Government)। সেই হকারদের নিয়ে এবার চিন্তা-ভাবনা করছে রাজ্য সরকার। দিল্লিতে গিয়েছেন অগ্নিমিত্রা পাল (Agnimotra Paul)। সেখানে কেন্দ্রীয় নগরোন্নায়ন মন্ত্রী মনোহরলাল খাট্টারের সঙ্গে বৈঠক করেছেন তিনি। একইসঙ্গে রাজ্য সরকারের ঝুলিতে এসেছে একাধিক পুরস্কার। পুর মন্ত্রী জানিয়েছেন, এই পুরস্কারই বড় প্রমাণ যে বিজেপি সরকার একমাত্র হকারদের জন্য চিন্তা-ভাবনা করেছে। এরপরই হকারদের জন্য নতুন উদ্যোগের কথা জানান অগ্নিমিত্রা।
স্বনিধি সম্মান পেল পশ্চিমবঙ্গ সরকার
কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের স্বনিধি সম্মান পেয়েছে পশ্চিমবঙ্গ সরকার। দুর্গাপুর এই সম্মান পেয়েছে রাজ্য সরকার। স্বনিধি আসলে হকারদের জন্য কেন্দ্রীয় সরকারের স্কিম। ভালো কাজের জন্য দুর্গাপুর শহর এই বিশেষ সম্মান পেয়েছে। এই প্রসঙ্গে বলতে গিয়েই অগ্নিমিত্রা পাল হকারদের জন্য বড় উদ্যোগের কথা জানান।
শুক্রবার কেন্দ্রীয় নগরোন্নয়ন মন্ত্রী মনোহরলাল খট্টরের সঙ্গে বৈঠকের পর অগ্নিমিত্রা জানান, কলকাতা থেকে শিলিগুড়ি, রাজ্যের একাধিক শহরে তৈরি হতে চলেছে স্ট্রিট ফুড হাব। সেখানে এক ছাদের তলায় মিলবে এলাকার জনপ্রিয় স্ট্রিট ফুড। পাশাপাশি, হকারদের পুনর্বাসনের ভাবনাও রয়েছে সরকারের। তাঁদের জন্য দেওয়া হতে পারে বিশেষ ই-কার্ট।
কী দাবি অগ্নিমিত্রার?
অগ্নিমিত্রার দাবি, সারা দেশে ৩০ থেকে ৩৫টি জায়গায় স্ট্রিট ফুড হাব থাকলেও পশ্চিমবঙ্গে এখনও একটিও নেই। এবার সেই ঘাটতি মেটাতে উদ্যোগী হয়েছে রাজ্য। মন্ত্রী জানান, কলকাতা, বিধাননগর, হাওড়া, আসানসোল-দুর্গাপুর এবং শিলিগুড়িতে স্ট্রিট ফুড হাব তৈরির পরিকল্পনা রয়েছে। প্রতিটি হাব তৈরিতে আনুমানিক ৪ কোটি টাকা খরচ হতে পারে। এলাকার জনপ্রিয় খাবার বিক্রেতাদের একই জায়গায় নিয়ে আসা হবে। এর ফলে একদিকে যেমন ক্রেতারা একই জায়গায় বিভিন্ন ধরনের খাবার পাবেন, তেমনই হকারদেরও বিকল্প কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।
হকারদের জন্য বিশেষ ই-কার্ট দেওয়ার পরিকল্পনাও রয়েছে সরকারের। অগ্নিমিত্রার কথায়, বিক্রেতার পেশা ও প্রয়োজন অনুযায়ী কাস্টমাইজ করে তৈরি হবে এই ই-কার্ট। যেমন, ফুচকা বিক্রেতাদের জন্য আলাদা ব্যবস্থা থাকবে, তেমনই ফুল বা জামাকাপড় বিক্রেতাদের জন্যও থাকবে পৃথক ধরনের কার্ট। কার্টের উপরে থাকবে সোলার প্যানেল। সেই সৌরশক্তি ব্যবহার করেই ইন্ডাকশনে রান্না করা যাবে।
হকারদের পুনর্বাসন কি হবে?
উচ্ছেদ হওয়া হকারদের পুনর্বাসন কি সম্ভব হবে? এই বিষয়ে অগ্নিমিত্রা জানান, টাউন ভেন্ডিং কমিটির তৈরি তালিকা ধরে এগোবে সরকার। কলকাতা ও বিধাননগরের নথিভুক্ত হকারদের তালিকা তৈরি করা হয়েছে। সরকারি পোর্টালে যাঁদের নাম নথিভুক্ত রয়েছে, পুনর্বাসনের ক্ষেত্রে তাঁদের অগ্রাধিকার দেওয়া হবে। প্রয়োজন অনুযায়ী দেওয়া হতে পারে স্বনিধি প্রকল্পের সুবিধা, প্রশিক্ষণ এবং ই-কার্ট। তবে ফুটপাত দখল করে সাধারণ মানুষের চলাচলে বাধা তৈরি করা যাবে না বলেও স্পষ্ট বার্তা দিয়েছেন অগ্নিমিত্রা। তাঁর কথায়, হকারদের জীবিকা রক্ষা করতে হবে, পাশাপাশি পথচারীদের চলাচলের অধিকারও নিশ্চিত করতে হবে।