মানসিক মাওবাদী: স্বাস্থ্যমন্ত্রীর তোপে বিক্ষোভকারী ইন্টার্নরা
বৃহস্পতিবার দুপুরে কলকাতা মেডিক্যাল কলেজের মেডিক্যাল সুপার তথা উপাধ্যক্ষ (এমএসভিপি) ইন্দ্রনীল চট্টোপাধ্যায়কে স্বাস্থ্য ভবনে তলব করেন স্বাস্থ্যমন্ত্রী। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শারদ্বত দাবি করেন, তাঁর কাছে বুধবারের বিক্ষোভ ও অধ্যক্ষ ঘেরাওয়ের ঘটনার সিসিটিভি ফুটেজ রয়েছে। ফুটেজ খতিয়ে দেখে জড়িত ইন্টার্নদের চিহ্নিত করা হয়েছে। তাঁর কথায়, শিক্ষক–চিকিৎসকদের অপমান বা হাসপাতালের ভিতরে অরাজকতা বরদাস্ত করবে না সরকার।
এ দিন মন্ত্রী জানান, বুধবারের দিনভরের ঘটনাক্রম খতিয়ে দেখতে তিন সদস্যের তদন্ত কমিটি গড়েছে স্বাস্থ্য দপ্তর। আহ্বায়ক হিসেবে কমিটির নেতৃত্বে রয়েছেন স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনের এমএসভিপি দিবাকর হালদার। সদস্য মেডিক্যালে অ্যানাস্থেশিওলজি বিভাগের প্রধান চিকিৎসক সোমনাথ দে এবং গ্যাস্ট্রো–সার্জারি বিভাগের প্রধান চিকিৎসক দীপঙ্কর রায়। আজ, শুক্রবার কমিটির প্রথম বৈঠক হওয়ার কথা। বহিরাগতদেরও চিহ্নিত করার নির্দেশ দেওয়া হয়েছে কমিটিকে। তদন্ত কমিটি চাইলে কলকাতা পুলিশের ডিসি (সেন্ট্রাল)-এর সাহায্যও নিতে পারবে। অন্য দিকে, অসুস্থতার কারণে মেডিক্যালের অধ্যক্ষ ইন্দ্রনীল বিশ্বাস ছুটিতে থাকায় আপাতত তাঁর কার্যালয়ের দায়িত্ব সামলাচ্ছেন ডিন অরূপ চক্রবর্তী। মন্ত্রীর কথায়, ‘গতকাল (বুধবার) যে মানসিক নির্যাতন হয়েছে অধ্যক্ষ ইন্দ্রনীল বিশ্বাসের উপর, টেবিল চাপড়ে কথা, ওয়াক থু স্লোগান, বেরিয়ে গেলে দেখে নেব… ইত্যাদি। মানসিক মাওবাদীরা এগুলি করছে।’