‘ভারত-পাকিস্তান কি কখনও এক হতে পারে?’ পাক পড়ুয়ার প্রশ্নে শিকাগো বিশ্ববিদ্যালয়ে যা বললেন রাহুল - 24 Ghanta Bangla News
Home

‘ভারত-পাকিস্তান কি কখনও এক হতে পারে?’ পাক পড়ুয়ার প্রশ্নে শিকাগো বিশ্ববিদ্যালয়ে যা বললেন রাহুল

Spread the love

পাকিস্তানের সঙ্গে কি আদৌ আলোচনার টেবিলে বসতে পারে ভারত? দুই প্রতিবেশী দেশের মধ্যে দীর্ঘদিনের সংঘাত ও পারস্পরিক অবিশ্বাস কি কাটিয়ে ওঠা সম্ভব? আমেরিকার শিকাগো বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের সঙ্গে এক আলোচনাসভায় এই প্রশ্নের মুখোমুখি হলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। প্রশ্নকর্তা ছিলেন পাকিস্তানের এক পড়ুয়া। জবাবে কূটনৈতিক সৌজন্যের পথে না হেঁটে সন্ত্রাসবাদ ইস্যুতে ইসলামাবাদকে কড়া বার্তা দিলেন কংগ্রেস সাংসদ। রাহুল স্পষ্ট জানালেন, পাকিস্তান ভারতে সন্ত্রাসবাদে মদত দেওয়া এবং উৎসাহ জোগানো বন্ধ না করলে আলোচনার কোনও অর্থ হয় না। নিরীহ ভারতীয়দের প্রাণহানি মেনে নিয়ে পাকিস্তানের সঙ্গে কথা বলা অসম্ভব।

পাক পড়ুয়ার প্রশ্নে কী বললেন রাহুল?

বুধবার শিকাগো বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের সঙ্গে আলোচনায় অংশ নিয়েছিলেন রাহুল গান্ধী। সেই অনুষ্ঠানে পাকিস্তানের খুশ নামে এক পড়ুয়া তাঁকে প্রশ্ন করেন, ‘ভারত-পাকিস্তান সম্পর্কের বরফ কি কখনও গলবে? দুই প্রতিবেশী দেশ কি পারস্পরিক দোষারোপের রাজনীতি সরিয়ে রেখে আলোচনার টেবিলে বসতে পারবে?’

জবাবে রাহুল বলেন, ‘সম্ভাবনা অবশ্যই রয়েছে। কিন্তু একটা বড় সমস্যা আছে। আর সেটা হলো, আমাদের দেশে সন্ত্রাসবাদে পাকিস্তানের সমর্থন ও উৎসাহ।’ কংগ্রেস সাংসদের সংযোজন, ‘আমাদের নিরীহ মানুষ খুন হবেন, আর আমরা পাকিস্তানের সঙ্গে আলোচনায় বসব, এটা মেনে নেওয়া অসম্ভব। এই ধরনের ঘটনা বন্ধ হলেই আলোচনার সম্ভাবনা তৈরি হতে পারে।’অর্থাৎ, পাকিস্তানের সঙ্গে আলোচনার সম্ভাবনা পুরোপুরি নাকচ করছেন না রাহুল। তবে তাঁর বক্তব্য, সম্পর্ক স্বাভাবিক করার আগে সন্ত্রাসবাদে মদত দেওয়া বন্ধ করতে হবে ইসলামাবাদকে।

পাকিস্তান আমেরিকা-ইরানের আলোচনায় প্রসঙ্গে তোপ মোদী সরকারকে

ভারত-পাকিস্তান সম্পর্কের প্রসঙ্গের পাশাপাশি আন্তর্জাতিক কূটনীতিতে নয়াদিল্লির ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন রাহুল। বিশেষ করে আমেরিকা ও ইরানের মধ্যে আলোচনায় পাকিস্তানের ভূমিকার কথা উল্লেখ করে বিস্ময় প্রকাশ করেন তিনি।

রাহুলের কথায়, ‘আমি বেশ অবাক হচ্ছি যে, পাকিস্তান ইরান ও আমেরিকার সঙ্গে আলোচনা চালাচ্ছে, আর ভারত শুধু বসে বসে দেখছে।’ তাঁর মতে, জনসংখ্যা, ইতিহাস এবং আন্তর্জাতিক সম্পর্কের নিরিখে বিশ্বরাজনীতিতে ভারতের আরও গুরুত্বপূর্ণ ভূমিকা থাকা উচিত। অথচ বর্তমানে আন্তর্জাতিক কূটনীতির গুরুত্বপূর্ণ আলোচনাগুলিতে ভারত কার্যত ‘সাইড প্লেয়ার’ হয়ে গিয়েছে।

বিদেশনীতি নিয়ে মোদী সরকারকে নিশানা

এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিদেশনীতি নিয়েও প্রশ্ন তোলেন কংগ্রেস নেতা। তাঁর বক্তব্য, আন্তর্জাতিক সম্পর্ক কখনও রাষ্ট্রনেতাদের ব্যক্তিগত বন্ধুত্বের উপর নির্ভর করতে পারে না। কোনও দেশের বিদেশনীতি পরিচালিত হওয়া উচিত জাতীয় স্বার্থের ভিত্তিতে।

রাহুলের মতে, স্বাধীনতার পর থেকে ভারতের বিদেশনীতি ছিল নিজস্ব স্বার্থ ও আন্তর্জাতিক পরিস্থিতির বাস্তব মূল্যায়নের উপর নির্ভরশীল। জওহরলাল নেহরুর নেতৃত্বে ভারত জোট নিরপেক্ষ আন্দোলন বা নন-অ্যালাইনড মুভমেন্টের (NAM) অন্যতম প্রতিষ্ঠাতা দেশ হিসেবে আন্তর্জাতিক রাজনীতিতে বিশেষ জায়গা করে নিয়েছিল। আমেরিকা ও সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বাধীন দুই শক্তিশালী শিবিরের কোনও একটির দিকে ঝুঁকে না পড়ে স্বাধীন বিদেশনীতি বজায় রাখার চেষ্টা করেছিল ভারত। সেই ঐতিহাসিক অবস্থান থেকে ভারত অনেকটাই সরে এসেছে বলে মনে করেন কংগ্রেস সাংসদ। তাঁর বক্তব্য, আন্তর্জাতিক মঞ্চে ভারতের নিজস্ব মতামত ও কূটনৈতিক অবস্থান আরও জোরালো হওয়া প্রয়োজন।

রাহুলের এই মন্তব্য ঘিরে নতুন করে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। একদিকে পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদে মদত দেওয়ার অভিযোগে অনড় অবস্থান, অন্যদিকে আন্তর্জাতিক কূটনীতিতে ভারতের সক্রিয় ভূমিকার দাবি— শিকাগোর মঞ্চে দুই প্রতিবেশী দেশের সম্পর্ক নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন বিরোধী দলনেতা।

গাজ়া সংঘাতেও ভারতের স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার বার্তা

ইজ়রায়েল-গাজ়া সংঘাত নিয়েও নিজের অবস্থান স্পষ্ট করেন রাহুল। তাঁর বক্তব্য, ভারতের বিদেশনীতি পরিচালিত হওয়া উচিত দেশের নিজস্ব স্বার্থের ভিত্তিতে। অন্য কোনও দেশের স্বার্থ বা অবস্থানকে অন্ধভাবে অনুসরণ করে নয়। তিনি বলেন, ‘আমরা ১৫০ কোটি মানুষের দেশ। আমাদের বিদেশনীতি নির্ভর করা উচিত আমাদের জন্য কোনটা ভালো, তার উপর। অন্য কারও জন্য কোনটা ভালো, তার উপর নয়।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *