‘নাম সিরাজ, এটাই কি বাদ পড়ার কারণ?’ কংগ্রেস সাংসদের মন্তব্যে বিতর্ক, পাল্টা বিজেপি - 24 Ghanta Bangla News
Home

‘নাম সিরাজ, এটাই কি বাদ পড়ার কারণ?’ কংগ্রেস সাংসদের মন্তব্যে বিতর্ক, পাল্টা বিজেপি

Spread the love


নয়াদিল্লি: নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে মহম্মদ সিরাজকে প্রথম একাদশে না রাখার সিদ্ধান্ত ঘিরে ভারতীয় ক্রিকেটে শুরু হয়েছে বিতর্ক। সেই বিতর্কে এবার জুড়ল রাজনীতির রং। সিরাজের বাদ পড়ার পিছনে তাঁর ধর্মীয় পরিচয়কে দায়ী করেছেন কংগ্রেস সাংসদ ইমরান মাসুদ। তাঁর মন্তব্যের তীব্র বিরোধিতা করেছে বিজেপি। অন্যদিকে, দলের নির্বাচনী সিদ্ধান্তকে ক্রিকেটীয় যুক্তিতে ব্যাখ্যা করেছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ওয়েলিংটনের বেসিন রিজার্ভে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে মাঠে নামে ভারত। কিন্তু প্রথম একাদশে জায়গা পাননি অভিজ্ঞ পেসার সিরাজ। তাঁর বদলে খেলানো হয় জসপ্রীত বুমরা, আকাশ দীপ, আনশুল কম্বোজ ও প্রসিদ্ধ কৃষ্ণকে। এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন একাধিক প্রাক্তন ক্রিকেটারও।

শুক্রবার সংবাদসংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে ইমরান মাসুদ বলেন, সিরাজের নামই কি তাঁকে বাদ দেওয়ার যথেষ্ট কারণ? তাঁর বক্তব্য, পারফরম্যান্স ভালো হওয়া সত্ত্বেও যদি কোনও ক্রিকেটার দলে সুযোগ না পান, তা হলে এর পিছনে অন্য কারণ থাকতে পারে। সাংবাদিক সরাসরি ধর্মীয় পরিচয়ের প্রসঙ্গ তুললেও মাসুদ নিজের মন্তব্যে অনড় থাকেন। তাঁর ইঙ্গিত, সিরাজ মুসলিম বলেই তাঁকে বাদ দেওয়া হয়ে থাকতে পারে।

মাসুদের এই বক্তব্যকে কেন্দ্র করে সরব হয়েছে বিজেপি। দলের মুখপাত্র নলিন কোহলি কংগ্রেস সাংসদের মন্তব্যকে সাম্প্রদায়িক ও অবিবেচক বলে আক্রমণ করেন। তাঁর দাবি, ক্রিকেটে দল নির্বাচন হয় দলের প্রয়োজন এবং পরিস্থিতি বিচার করে। ধর্মের ভিত্তিতে নয়। মধ্যপ্রদেশের বিজেপি নেতা তথা মন্ত্রী বিশ্বাস সারংও মাসুদের মন্তব্যের সমালোচনা করেছেন। তাঁর অভিযোগ, ক্রিকেটের সঙ্গে অকারণে হিন্দু-মুসলিম রাজনীতি জুড়ে দিচ্ছে কংগ্রেস।

ভারতীয় দলের অধিনায়ক শুভমন গিল ম্যাচের আগে জানিয়েছিলেন, প্রথম একাদশ বাছাইয়ের ক্ষেত্রে ব্যাটিংয়ের গভীরতাও বিবেচনায় রাখা হয়েছে। আকাশ দীপ ও আনশুল কম্বোজের ব্যাট করার ক্ষমতাও সিদ্ধান্তে প্রভাব ফেলেছে বলে ইঙ্গিত দেন তিনি।

ম্যাচের প্রথম দিনের শেষে ব্যাটিং কোচ সিতাংশু কোটক স্পষ্ট জানান, সিরাজের কোনও সমস্যা নেই। দলের পরিস্থিতি এবং পাঁচ দিনের ম্যাচের কথা মাথায় রেখেই সেরা বোলিং কম্বিনেশন বেছে নেওয়া হয়েছে বলে তাঁদের মত।

তবে সিরাজকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন সুনীল গাভাসকর, রবি শাস্ত্রী ও রবিচন্দ্রন অশ্বিনের মতো প্রাক্তন ক্রিকেটাররা। গাভাসকরের মতে, সিরাজ কখনও ভারতকে হতাশ করেননি। শাস্ত্রীও তাঁর অভিজ্ঞতা ও আগ্রাসনের কথা তুলে ধরে প্রশ্ন তুলেছেন, এমন একজন পেসারকে বাইরে রাখা হল কেন? অশ্বিনও এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন।

চলতি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ পর্বে ভারতের হয়ে সর্বোচ্চ উইকেটশিকারি বোলার সিরাজ। তাঁর ঝুলিতে রয়েছে ৪৩টি উইকেট। ২০২৫ সালে ইংল্যান্ড সফরে পাঁচ টেস্টে নিয়েছিলেন ২৩টি উইকেট। ফলে তাঁকে বাদ দেওয়ার ক্রিকেটীয় যুক্তি নিয়ে বিতর্ক থাকছেই। তবে ধর্মীয় পরিচয়ের কারণে তাঁকে বাদ দেওয়া হয়েছে, এমন কোনও প্রমাণ সামনে আসেনি। আপাতত সিরাজের নির্বাচন ঘিরে ক্রিকেটীয় প্রশ্নের পাশাপাশি রাজনৈতিক তরজাও তীব্র হয়েছে।

 

‘ধুরন্ধর’-এর অসুস্থ দাউদ নন, এখনও সক্রিয় ডন! করাচির আস্তানা নিয়ে বিস্ফোরক প্রাক্তন FBI কর্তা

মাতৃহারা মুখ্যমন্ত্রী! ৯১ বছর বয়সে প্রয়াত যোগী মাতা সাবিত্রীদেবী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *