জন্ম থেকে অচল পা-মায়ের কাছ থেকে প্রত্যাখ্যান! ৭ সপ্তাহের হস্তী শাবককে আশ্রয় অনন্তের - 24 Ghanta Bangla News
Home

জন্ম থেকে অচল পা-মায়ের কাছ থেকে প্রত্যাখ্যান! ৭ সপ্তাহের হস্তী শাবককে আশ্রয় অনন্তের

Spread the love


জন্মের পর থেকেই তার জীবনে ভালোবাসার চেয়ে যন্ত্রণার ভাগই ছিল বেশি।(Vantara) সেই সাত সপ্তাহ বয়সী একরত্তি হস্তীশাবক ‘রাজা’কে নতুন জীবন দিতে এগিয়ে এল অনন্ত আম্বানির বন্যপ্রাণী সংরক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র ‘বান্তারা’ (Vantara)। জন্মের সময়ই ডান পেছনের পায়ের ঊরুর হাড় ভেঙে গিয়েছিল তার।

মায়ের কাছ থেকে প্রত্যাখ্যাত হওয়া এবং মায়ের দুধ থেকে বঞ্চিত হওয়া এই অসহায় শাবকটিকে উন্নত চিকিৎসার জন্য শুক্রবার অসম থেকে বিশেষ বিমানে (এয়ারলিফট) গুজরাটের জামনগরে অবস্থিত বান্তারার অত্যাধুনিক পশু হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সড়কপথে প্রায় ২,৫০০ কিলোমিটারের দুর্গম ও ঝুঁকিপূর্ণ যাত্রা এড়াতে স্বয়ং অনন্ত আম্বানি এই বিশেষ চার্টার্ড বিমানের ব্যবস্থা করেছেন, যাতে প্রায় পাঁচ ঘণ্টার আকাশপথে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাজাকে নিরাপদে পৌঁছে দেওয়া যায়।

গত ২ অক্টোবর অসমের লখিমপুর জেলার গোগামুখে জন্ম হয়েছিল রাজার। কিন্তু পৃথিবীর আলো দেখার প্রথম দিন থেকেই ভাগ্য তার প্রতি নির্দয় ছিল। জন্মের পরপরই মায়ের লাথি ও ধাক্কায় তার ডান পেছনের পায়ের ঊরুর হাড় (ফিমার) সম্পূর্ণ ভেঙে যায় এবং মা তাকে পরিত্যাগ করে। ফলে সদ্যোজাত অবস্থায় মায়ের প্রথম দুধ বা ‘কলোস্ট্রাম’ থেকে বঞ্চিত হয় সে।

আরও দেখুনঃ ‘সীমান্তের ওপারের প্রভুদের ষড়যন্ত্র!’ নাম না করে ভারতের দিকে আঙ্গুল তারেকের

রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি না হওয়ায় এবং ভাঙা পা নিয়ে দাঁড়াতে না পারায় চরম সংকটে পড়ে শাবকটি। (Vantara)খবর পেয়ে গত ৮ অক্টোবর বান্তারার ‘র‍্যাপিড রেসপন্স টিম’ আসামে পৌঁছায় এবং রাজার মালিক ও পালিকা মা রীতা পেগুর বাড়িতে রেখেই টানা ছয় সপ্তাহ ধরে তার চিকিৎসা চালায়। গত ছয় সপ্তাহ ধরে বান্তারার পশুচিকিৎসকরা দিনরাত এক করে একরত্তি রাজার সেবা করেছেন। ভাঙা পায়ে প্লাস্টার ও ব্যান্ডেজ বাঁধার পাশাপাশি তাকে দাঁড় করানোর জন্য বিশেষ স্লিংয়ের ব্যবস্থা করা হয়।

এমনকি পায়ে চাপ না দিয়ে যাতে সে নড়াচড়া করতে পারে, সেজন্য সেখানে একটি অস্থায়ী হাইড্রোথেরাপি পুকুরও তৈরি করে দেওয়া হয়েছিল। কিন্তু মায়ের দুধ না পাওয়ায় রাজার শরীরে মারাত্মক ডায়রিয়া, ব্যাকটেরিয়াজনিত সংক্রমণ, রক্তে শর্করার মাত্রা কমে যাওয়া এবং হার্নিয়ার মতো একাধিক জটিলতা দেখা দেয়। এমতাবস্থায় বিশেষজ্ঞ অর্থোপেডিক চিকিৎসা এবং নিবিড় হাসপাতাল পরিচর্যা ছাড়া তাকে বাঁচানো অসম্ভব হয়ে পড়েছিল।

রাজার প্রাণ বাঁচাতে বান্তারা কর্তৃপক্ষের এই মানবিক উদ্যোগ সত্যিই নজিরবিহীন। বিমানযাত্রার সময় রাজার ভাঙা পা ও শরীরের ক্ষতস্থান যাতে কোনোভাবে আঘাত না পায়, সেজন্য বিশেষভাবে নকশা করা একটি সুরক্ষিত ক্রেট তৈরি করা হয়েছিল। প্রায় পাঁচ ঘণ্টার এই আকাশপথে একদল পশুচিকিৎসক ও সেবক রাজার প্রতিটি নিঃশ্বাস, হৃদস্পন্দন এবং রক্তে শর্করার মাত্রার ওপর কড়া নজর রাখেন। বিমানেই তার জন্য জরুরি ওষুধ, স্যালাইন এবং বিশেষ ফর্মুলা দুধের ব্যবস্থা রাখা হয়েছিল।

জামনগরের বান্তারা হাসপাতালে পৌঁছানোর পর এখন রাজার পূর্ণাঙ্গ শারীরিক পরীক্ষা, বিশেষজ্ঞ অর্থোপেডিক চিকিৎসা, ব্যথা উপশম এবং ফিজিওথেরাপি শুরু হবে। নিজের সন্তানের মতো আগলে রাখা পালিকা মা রীতা পেগু থেকে শুরু করে গোটা দেশের পশুপ্রেমী মানুষ এখন প্রার্থনা করছেন, বান্তারার চিকিৎসকদের হাত ধরে যেন মৃত্যুর মুখ থেকে ফিরে এসে আবার নিজের পায়ে দাঁড়াতে পারে ছোট্ট রাজা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *