‘বুক স্ট্যান্ডে’ বদল, পদ্মের তোপে বাম, নজরে ‘ন্যারেটিভ’ও
এই সময়: কলেজ স্ট্রিটে বামেদের বুক স্টল ঘিরে করে সংঘাতের ঘটনায় সরগরম বঙ্গ রাজনীতি। দুর্গাপুজোর সময়ে বামেদের বুক স্টলে হামলার পর থেকে শীর্ষ বিজেপি নেতারা দফায় দফায় ওই ঘটনার নিন্দা করেছেন প্রকাশ্যে। কিন্তু কলেজ স্ট্রিটে নতুন করে একই কারণে পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করার পরে অবস্থানে কিছুটা বদল এনেছে বিজেপি–ও। এখন তাদের অভিমত, বামেরা ইস্যুটিকে জিইয়ে রেখে ঘোলা জলে মাছ ধরতে চাইছে। বিজেপি নেতৃত্বের ব্যাখ্যা, বামেরা নানা অছিলায় ‘বিজেপি বই–বিরোধী’ — এই ন্যারেটিভ সেট করতে চাইছে। যাতে শিক্ষিত বাঙালি সমাজ বিজেপি–র থেকে মুখ ফিরিয়ে নেয়। বামেদের এই ন্যারেটিভে জল ঢালতে দলের সর্বস্তরের নেতা–কর্মীদের সজাগ থাকতে বলা হয়েছে বিজেপি রাজ্য নেতৃত্বের তরফে।
সিপিএম নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতেই বই নিয়ে রাজনীতি করছে বলে আকার–ইঙ্গিতে দাবি করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার কলেজ স্ট্রিট চত্বরে আরএসএসের ছাত্র সংগঠন এবিভিপি–র সঙ্গে দফায় দফায় বাম ছাত্র সংগঠনগুলির সংঘর্ষের পরে ওই দিন রাতেই মুখ্যমন্ত্রী বলেন, ‘সিপিএম নেতাদের দম থাকলে কাস্তে–হাতুড়ি ছেড়ে বই চিহ্নে পুরসভা ভোটে লড়ুন। নির্বাচন কমিশনের ফ্রি–সিম্বলগুলির মধ্যে বইও আছে। যদি ওদের একজন নেতারাও জামানত রক্ষা হয়, সে দিন বলবেন জনগণ মুখ্যমন্ত্রীর সঙ্গে নেই, ওদের সঙ্গে আছে।’ বুক স্টল ইস্যুতে বাম ছাত্র সংগঠনগুলির প্রতি বিজেপির শীর্ষ নেতৃত্ব আর কোনও সহমর্মিতা দেখাবে না, তার ইঙ্গিত আবার মিলেছে দলের রাজ্য সভাপতি সমীক ভট্টাচার্যর প্রতিক্রিয়ায়। বুধবার তিনি বলেছিলেন, ‘এটা সম্পূর্ণ ছাত্র রাজনীতির ব্যাপার। ছাত্রদের বয়স কম। আমাদের এখানে ছাত্র আন্দোলন তো কোনও দিনই নিরামিষ ছিল না। ওটা একটু হয়।’
সূত্রের খবর, জেলাস্তরের বিজেপি নেতৃত্বর কাছে সতর্ক থাকার বার্তা পৌঁছে দেওয়া হয়েছে। বিজেপির এক শীর্ষ নেতার পর্যালোচনা, ‘তৃণমূল বলে আর কিছু নেই। বামেরা বিরোধী স্পেস দখল করতে চাইছে। বইকে হাতিয়ার করে সিপিএম প্রচারে থাকার কৌশল নিয়েছে। একবার যদি ওরা শিক্ষিত বাঙালি সমাজকে বিশ্বাস করাতে পারে বিজেপি বই–বিরোধী, তা হলে আমাদের সমস্যায় পড়তে হবে। তাই এখন থেকেই বামেদের মুখোশ খুলে দেওয়ার উদ্যোগ নিচ্ছি। জেলার নেতাদের বলা হয়েছে সিপিএমের প্ররোচনায় পা না দেওয়ার জন্য।’ সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, ‘বই শব্দটি শুনলেই বিজেপির গাত্রদাহ শুরু হয়। যদি মানুষ সব জেনে যায়। যাদবপুরে বইয়ের বিরুদ্ধে বুলডোজ়ার দেখেছি, কলেজ স্ট্রিটে বইয়ের বিরুদ্ধে প্রিজ়ন ভ্যান দেখলাম। এটা মানুষের ভবিষ্যতের লড়াই। এ লড়াই চলবেই।’