পাকিস্তান আমেরিকা-ইরান যুদ্ধ নিয়ে আলোচনায়, ভারত ‘সাইড প্লেয়ার’: রাহুল

নযাদিল্লি: আন্তর্জাতিক কূটনীতির মঞ্চে ভারতের প্রভাব কমে যাওয়ার অভিযোগ তুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিদেশনীতি নিয়ে সরব হলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। আমেরিকা ও ইরানের মধ্যে আলোচনায় পাকিস্তানের অংশগ্রহণের প্রসঙ্গ টেনে তাঁর প্রশ্ন, এমন গুরুত্বপূর্ণ কূটনৈতিক উদ্যোগে ভারতকে কেন দর্শকের ভূমিকা পালন করতে হচ্ছে? তাঁর মতে, দেশের আয়তন, অর্থনৈতিক ক্ষমতা এবং ভূ-রাজনৈতিক গুরুত্বের নিরিখে বিশ্ব রাজনীতিতে ভারতের আরও সক্রিয় ভূমিকা থাকা প্রয়োজন।
বৃহস্পতিবার শিকাগো বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের সঙ্গে এক আলোচনায় এই মন্তব্য করেন কংগ্রেস নেতা। তাঁর বক্তব্য, আন্তর্জাতিক ক্ষেত্রে একসময় ভারতের যথেষ্ট প্রভাব ছিল। স্বাধীনতার পর জোট নিরপেক্ষ আন্দোলনের নেতৃত্ব দিয়ে বিশ্বমঞ্চে নিজেদের স্বতন্ত্র পরিচয় তৈরি করেছিল নয়াদিল্লি। সেই জায়গা আবার ফিরে পাওয়া উচিত বলে মনে করেন তিনি। আমেরিকা ও ইরানের মধ্যে সমঝোতার আলোচনায় পাকিস্তানের ব্যস্ততা এবং ভারতের নীরব অবস্থান তাঁকে বিস্মিত করেছে বলেও জানান রাহুল।
প্রধানমন্ত্রী মোদীর বিদেশনীতি নিয়েও প্রশ্ন তোলেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিংবা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ককে কূটনৈতিক সাফল্যের মাপকাঠি হিসেবে দেখার বিরোধিতা করেন রাহুল। তাঁর যুক্তি, রাষ্ট্রের বিদেশনীতি নির্ধারিত হয় অর্থনৈতিক স্বার্থ, রাজনৈতিক সমীকরণ এবং আন্তর্জাতিক পরিস্থিতির ভিত্তিতে। কোনও রাষ্ট্রনেতার সঙ্গে ব্যক্তিগত বন্ধুত্ব থাকলেই সেই দেশের সিদ্ধান্ত ভারতের অনুকূলে যাবে, এমনটা ভাবার কারণ নেই।
তবে বিদেশি রাষ্ট্রনেতাদের সঙ্গে ব্যক্তিগত সুসম্পর্ক বজায় রাখায় তাঁর আপত্তি নেই বলেও স্পষ্ট করেন কংগ্রেস নেতা। তাঁর মতে, বন্ধুত্বের চেয়ে বেশি জরুরি হল আন্তর্জাতিক পরিস্থিতি বোঝা এবং বিশ্ব রাজনীতিতে ভারতের প্রকৃত অবস্থান সম্পর্কে সচেতন থাকা। অধ্যাপক রবার্ট পেপের সঞ্চালনায় ওই আলোচনায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তৈরি হওয়া আন্তর্জাতিক নিরাপত্তা ব্যবস্থার পরিবর্তনের প্রসঙ্গও তোলেন তিনি।
রাহুলের বক্তব্য, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী বিশ্বব্যবস্থা মূলত পশ্চিমী শক্তিগুলির প্রভাবেই তৈরি হয়েছিল। কিন্তু ভবিষ্যতের আন্তর্জাতিক কাঠামো কোনও একটি সভ্যতা বা শক্তির হাতে থাকবে না। আমেরিকা, চিন, ভারত, মধ্যপ্রাচ্য এবং রাশিয়ার মতো একাধিক শক্তির ভূমিকা মিলিয়েই আগামী দিনের বিশ্বব্যবস্থা গড়ে উঠবে।
সন্ত্রাসে মদত বন্ধ হলে পাকিস্তানের সঙ্গে আলোচনা, বার্তা রাহুলের
ভারত-পাকিস্তান সম্পর্ক নিয়েও প্রশ্ন ওঠে ওই আলোচনায়। এক পাকিস্তানি অংশগ্রহণকারী জানতে চান, দুই দেশ কি পারস্পরিক অভিযোগের রাজনীতি ছেড়ে সহযোগিতার পথে এগোতে পারে? জবাবে রাহুল বলেন, আলোচনার সুযোগ রয়েছে। কিন্তু তার আগে ভারতের মাটিতে সন্ত্রাসবাদে পাকিস্তানের মদত ও উৎসাহ দেওয়া বন্ধ হওয়া প্রয়োজন।
তাঁর বক্তব্য, নিরীহ মানুষের মৃত্যু মেনে নিয়ে পাকিস্তানের সঙ্গে স্বাভাবিক আলোচনা চালানো সম্ভব নয়। সন্ত্রাসে মদত বন্ধ হলে তবেই দুই দেশের মধ্যে আলোচনার পথ তৈরি হতে পারে।
রাহুলকে ‘পাক ফ্যান বয়’ বলে কটাক্ষ বিজেপির
রাহুলের মন্তব্য সামনে আসতেই পাল্টা আক্রমণ শানিয়েছে বিজেপি। দলের মুখপাত্র প্রদীপ ভান্ডারী তাঁকে ‘পাক ফ্যান বয়’ বলে কটাক্ষ করেছেন। তাঁর অভিযোগ, বিদেশনীতি নিয়ে কথা বলতে গিয়ে রাহুল বারবার পাকিস্তানের ভূমিকাকে গুরুত্ব দিচ্ছেন এবং দেশটির কূটনৈতিক অবস্থানকে ভারতের সামনে উদাহরণ হিসেবে তুলে ধরছেন।
শুক্রবার এক্স হ্যান্ডলে পোস্ট করে ভান্ডারী দাবি করেন, রাশিয়া ও ইউক্রেন, দুই দেশই শান্তি প্রতিষ্ঠায় ভারতের উদ্যোগের স্বীকৃতি দিয়েছে। পশ্চিম এশিয়ার সংঘাতের মধ্যেই ভারতীয় পতাকাবাহী জাহাজের জন্য হরমুজ প্রণালীতে বিধিনিষেধ শিথিল করার বিষয়টিও তুলে ধরেন তিনি। বিজেপি মুখপাত্রের বক্তব্য, ভারতের কূটনৈতিক উদ্যোগগুলিকে উপেক্ষা করেই রাহুল এই ধরনের মন্তব্য করছেন।
এ ছাড়াও, ইউপিএ সরকারের আমলে শারম আল শেখে ভারত-পাকিস্তান যৌথ বিবৃতি এবং ২৬/১১ মুম্বই হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে পদক্ষেপ না করার প্রসঙ্গ তুলে কংগ্রেসকে নিশানা করেন ভান্ডারী। তাঁর অভিযোগ, অতীতে কংগ্রেস সরকার দেশের সার্বভৌমত্বের প্রশ্নে আপস করেছিল।
নির্ধারিত সময়ের আগেই ল্যান্ডফল ‘আকভান’-এর, দুর্যোগ দক্ষিণবঙ্গে, বাতিল গুচ্ছ ট্রেন