প্রধানমন্ত্রী সময় দিলেই চালু নিউ গড়িয়া–সেক্টর ৫ মেট্রো, দিল্লিতে শাহ–বৈষ্ণবের সঙ্গে বৈঠকের পরে জানালেন শুভেন্দু
একইসঙ্গে শুভেন্দু আরও জানান, চিংড়িঘাটার কানেকশন সম্পূর্ণ হওয়ার পরে নিউ গড়িয়া–সেক্টর ফাইভ মেট্রো পরিষেবা চালু করার ক্ষেত্রে আর কোনও সমস্যা নেই। এ বার এই পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধন করতে চান তাঁরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যাতে এই পরিষেবার উদ্বোধন করেন, সেই আবেদন জানিয়েছেন শুভেন্দু। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে সূচি নিশ্চিত করা হলেই অরেঞ্জ লাইনের এই অংশের উদ্বোধনের তোড়জোড় শুরু হবে। মুখ্যমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী না থাকলে কলকাতা মেট্রো কমপ্লিট হতো না। বিজেপি না এলে চিংড়িঘাটা জট কাটত না। আগের সরকার যে কাজ ১৭ মাসে করেনি, আমরা তা ১৭ দিনে করে দিয়েছি। আগে তো আমাদের সরকার ছিল না। তা–ও উনি টাকা দিয়ে লোকধর্ম পালন করেছেন।’ দুর্নীতি–দমনে পণ্য পরিবহণে তিনি যে আমূল পরিবর্তন আনতে চান, তা জানিয়ে শুভেন্দু বলেন, ‘সিন্ডিকেট, কাটমানিতে জ়িরো টলারেন্স নীতি নিয়েছি। উত্তরবঙ্গে থেকে সমস্ত বৈধ জিনিসপত্র রোডের পরিবর্তে রেলে যাতে আসতে পারে, তার ব্যবস্থা করতে হবে। এ জন্য অতিরিক্ত রেক চাইলে দিতে হবে।’ এ দিন হিলি, নন্দীগ্রাম-দেশপ্রাণের মতো আটকে থাকা রেলপ্রকল্প নিয়েও রেলমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী৷