উৎপাদন খরচের চাপে DJI-এর তিন ক্যামেরার দাম বাড়ল

মুম্বই: চিনের বাজারে একাধিক ক্যামেরা ও ভ্লগিং ডিভাইসের দাম বাড়াল DJI। নতুন মূল্যতালিকায় রয়েছে Osmo Pocket 4, Osmo Pocket 4P এবং Osmo Nano। গত ১৮ নভেম্বর থেকে কার্যকর হয়েছে সংশোধিত দাম। সেমিকন্ডাক্টর, স্টোরেজ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ যন্ত্রাংশের উৎপাদন খরচ বেড়ে যাওয়াকেই এই মূল্যবৃদ্ধির কারণ হিসেবে জানিয়েছে সংস্থাটি। তবে সব মডেল ও কিটের ক্ষেত্রে দাম সমান হারে বাড়েনি।
Osmo Pocket 4P-এর দাম সবচেয়ে বেশি বাড়ল
DJI Osmo Pocket 4P-এর স্ট্যান্ডার্ড কিটের দাম ৩,৭৯৯ ইউয়ান থেকে বেড়ে হয়েছে ৪,০৯৯ ইউয়ান। ভারতীয় মুদ্রায় আনুমানিক ৫৭,২০০ টাকা।
অন্যদিকে, Vlog Kit-এর দামও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। আগে এই কিটের দাম ছিল ৪,২৯৯ ইউয়ান। বর্তমানে তা বেড়ে হয়েছে ৪,৮৫৯ ইউয়ান। অর্থাৎ দাম বেড়েছে ৫৬০ ইউয়ান, ভারতীয় মুদ্রায় প্রায় ৭,৮০০ টাকা।
Osmo Pocket 4-এর বিভিন্ন কিটেও মূল্যবৃদ্ধি
Osmo Pocket 4-এর স্ট্যান্ডার্ড কিটের দাম ২,৯৯৯ ইউয়ান থেকে বেড়ে ৩,১৯৯ ইউয়ান হয়েছে। নতুন দাম ভারতীয় মুদ্রায় আনুমানিক ৪৪,৫০০ টাকা।
এছাড়া All-in-One Kit-এর দাম ৩,৭৯৯ ইউয়ান থেকে বেড়ে ৪,২৯৯ ইউয়ান হয়েছে। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ৫৯,৮০০ টাকা।
Meipai Kit-এর দামও ৪,০৯৮ ইউয়ান থেকে বেড়ে ৪,৫৯৮ ইউয়ান হয়েছে। নতুন দাম ভারতীয় মুদ্রায় প্রায় ৬৪,০০০ টাকা।
তবে Enjoy Shooting Kit-এর ক্ষেত্রে তুলনামূলকভাবে কম দাম বেড়েছে। আগে এই কিটের দাম ছিল ৩,৪৯৮ ইউয়ান। বর্তমানে তা বেড়ে হয়েছে ৩,৬৩৮ ইউয়ান, ভারতীয় মুদ্রায় আনুমানিক ৫০,৬০০ টাকা।
128GB Osmo Nano-এর দাম বাড়ল
DJI Osmo Nano-এর ক্ষেত্রেও মূল্যবৃদ্ধি হয়েছে। তবে শুধু ১২৮GB স্ট্যান্ডার্ড সংস্করণের দাম বাড়ানো হয়েছে। আগে এই মডেলের দাম ছিল ২,২৯৮ ইউয়ান। বর্তমানে তা বেড়ে হয়েছে ২,৪৯৮ ইউয়ান, ভারতীয় মুদ্রায় প্রায় ৩৪,৮০০ টাকা।
অন্যদিকে, ৬৪GB সংস্করণের দাম অপরিবর্তিত রয়েছে। চিনের বাজারে এই মডেলটি আগের মতোই ১,৯৯৮ ইউয়ানে পাওয়া যাচ্ছে, যা ভারতীয় মুদ্রায় আনুমানিক ২৭,৮০০ টাকা।
কেন দাম বাড়াল DJI?
গত ১৩ নভেম্বর মূল্যবৃদ্ধির সিদ্ধান্তের কথা জানিয়েছিল DJI। সংস্থার বক্তব্য, সেমিকন্ডাক্টর, স্টোরেজ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ উপাদানের দাম বেড়ে যাওয়ায় উৎপাদন খরচও বেড়েছে। সেই কারণেই কয়েকটি পণ্যের দাম সংশোধন করতে হয়েছে।
তবে প্রাথমিক ঘোষণায় কোন কোন পণ্যের দাম বাড়বে, তা নির্দিষ্ট করে জানায়নি সংস্থা। পাশাপাশি প্রতিটি মডেল বা কিটের ক্ষেত্রে কতটা মূল্যবৃদ্ধি হবে, সেই তথ্যও তখন প্রকাশ করা হয়নি। নতুন দাম ১৮ নভেম্বর ২০২৬-এর মধ্যরাত থেকে কার্যকর হয়েছে।
ভারতে কি বাড়বে DJI ক্যামেরার দাম?
এই মুহূর্তে মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত শুধুমাত্র চিনের বাজারের জন্য কার্যকর হয়েছে। ভারত বা অন্য কোনও আন্তর্জাতিক বাজারে Osmo Pocket 4, Pocket 4P কিংবা Osmo Nano-এর দাম বাড়ানো হবে কি না, সে বিষয়ে DJI এখনও কিছু জানায়নি।
ফলে ভারতীয় ক্রেতাদের জন্য আপাতত দাম বাড়ার কোনও আনুষ্ঠানিক ঘোষণা নেই। তবে উৎপাদন খরচ বৃদ্ধির প্রভাব ভবিষ্যতে অন্যান্য বাজারেও পড়বে কি না, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।
Get your daily dose of tech news and insight. Follow us on X, Facebook, WhatsApp and Google News for instant updates. Catch all the action on our YouTube channel