ইন্ডাস্ট্রিতে পা রাখতেই প্রতি মুহূর্তে বাবার সঙ্গে তুলনা, কী প্রতিক্রিয়া শাহরুখ পুত্রের?
শাহরুখ খানের অভিনয়, ব্যক্তিত্ব বরাবরই ঝড় তুলেছে ভক্তদের হৃদয়ে। অনেকেই তাঁকে নিজেদের জীবনের পথপ্রদর্শকও মনে করেন। বাবার সেই খ্যাতির ছায়া যে দুই সন্তান আরিয়ান খান ও সুহানা খানের উপরেও পড়বে, এ কথা বলাই যায়। তাই তাঁরা যে কাজই করুক না কেন, সবেতেই তুলনা করা হয় বাবার সঙ্গে।
দুই ছেলেমেয়েই এখন বলিউডে পা রেখেছেন। ২০২৩ সালে জ়োয়া আখতারের ছবি ‘দ্য আর্চিজ়’-এর মাধ্যমে অভিনয়ে পা রাখেন সুহানা। তবে অভিনয় থেকে শতহস্ত দূরে আরিয়ান। তিনি ক্যামেরার পিছনে থাকতেই বেশি পছন্দ করেন। ২০২৫ সালে তাঁর পরিচালিত সিরিজ় ‘দ্য ব্যাডস অফ বলিউড’ মুক্তি পায় নেটফ্লিক্সে।
তবে অভিনয় না করলেও শাহরুখের সঙ্গে তুলনা কম হয়নি আরিয়ানের। তাঁর বক্তব্য, ‘ইন্ডাস্ট্রির এক নম্বর ব্যক্তির সঙ্গে তুলনাকে প্রশংসা হিসেবেই দেখি। এক অসাধারণ ব্যক্তিত্ব তিনি।’ অর্থাৎ, বাবার সঙ্গে তুলনায় গর্ববোধ করেন আরিয়ান। তবে তিনি নিজের স্বতন্ত্র পরিচিতি তৈরি করতে চান।
ইন্ডাস্ট্রিতে প্রথম পা রেখেই দর্শকের ভূয়সী প্রশংসা পেয়েছেন আরিয়ান। ‘দ্য ব্যাডস অফ বলিউড’ ছবিটি দর্শকের কাছে ভীষণ ভাবে প্রশংসিত। পরিচালক হিসেবে নিজের কাজ প্রসঙ্গে আরও বলেন, ‘কোনও গল্পকে কী ভাবে নতুন করে বলা যায়, অন্য রকম মোড় আনা যায় সেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কী ভাবে গল্প বলছি সেটাও দরকার জানা।’