বার্ড ফ্লু–র প্রথম দেশজ ভ্যাকসিন আসছে কাল
ভারতে বরাবরই বার্ড ফ্লু-র ভয়াবহতা ও আর্থিক ধাক্কা খুব বেশি। অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জা বা বার্ড ফ্লু-র হানায় অতীতে বার বার বড়সড় বিপর্যয়ের মুখে পড়েছে ভারতের পোলট্রি ব্যবসা। যে বছরগুলিতে বড় প্রাদুর্ভাব দেখা দেয়, সেই সময়ে লক্ষ লক্ষ পাখি মারা যায় বা সংক্রমণ রুখতে নিধন করতে (কালিং) হয় বহু সংখ্যক মুরগিকে। ২০০৮ থেকে ২০১২–র মধ্যে শুধু পশ্চিমবঙ্গের ১৩টি জেলাতেই প্রায় ৬৬ লক্ষ ৫০ হাজার লক্ষ পাখি নিধন করতে হয়েছিল। ফলে, এর আর্থিক ক্ষতির অঙ্কটাও উদ্বেগজনক। সরকারি পরিসংখ্যান বলছে, ২০০৬–এর ভয়াবহ সংক্রমণে দেশে প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে প্রায় ২,২০০ থেকে ৩,০০০ কোটি টাকার ক্ষতি হয়েছিল।