পার্কিংয়ের সমস্যার সমাধানে আরও ২২টি পার্কোম্যাট তৈরির প্রস্তাব কলকাতায়
পার্কিংয়ের সমস্যার সমাধানে বড় প্রস্তাব লালবাজারের। ২২টি পার্কোম্যাট (Parkomat) তৈরির প্রস্তাব কলকাতায়। এই পার্কোম্যাটের জন্য জমিও দেখা হয়েছে বলে জানা গিয়েছে। অন্য দিকে, গাড়ির মালিক…
পার্কিংয়ের সমস্যার সমাধানে বড় প্রস্তাব লালবাজারের। ২২টি পার্কোম্যাট (Parkomat) তৈরির প্রস্তাব কলকাতায়। এই পার্কোম্যাটের জন্য জমিও দেখা হয়েছে বলে জানা গিয়েছে। অন্য দিকে, গাড়ির মালিক ও চালকদের পার্কিংয়ের সুবিধার জন্য নতুন অ্যাপ তৈরি করছে ট্রাফিক বিভাগ। বেআইনিভাবে পার্কিং করার জন্য যাতে শহরে যান চলাচলের সমস্যা না হয় তাই এই পদক্ষেপ লালবাজারের।
পুলিশ জানিয়েছে শহরে গাড়ি পার্কিং নিয়ে সারা বছর লেগেই থাকে সমস্যা। বর্তমানে কলকাতায় রয়েছে ২৮৯টি বৈধ পার্কিংয়ের জায়গা। তবে ট্রাফিক পুলিশের মতে প্রত্যেক বছর শহরে বৃদ্ধি পাচ্ছে গাড়ির সংখ্যা। একাধিক জায়গা যেমন কলকাতা, উত্তর কলকাতা ও দক্ষিণ কলকাতার গুরুত্বপূর্ণ জায়গায় পার্কিং পাওয়া নিয়ে সমস্যা দেখা দেয়। এর ফলে অনেক রাস্তায়ই অবৈধভাবে পার্কিং করে রাখা হয় গাড়ি। এই কারণে ব্যাহত হয় মসৃণ যান চালচল। ২৮৯টি পার্কিংয়ের জায়গা যথেষ্ট নয় বলেই মনে করা হচ্ছে।
শহরের বেশ কিছু জায়গায় – পার্ক স্ট্রিটের রডন স্ট্রিট, নিউ মার্কেট, মহাকরণের উলটো দিকে, আলিপুরে – রয়েছে পার্কোম্যাট। থাকা সত্ত্বেও মিটছে না পার্কিং সমস্যা। ট্রাফিক কর্তারা সমীক্ষা করে দেখেছেন যে আগামী কয়েক বছরে গাড়ির সংখ্যা শহরে অনেকটা বেড়ে যাবে।