অবসরের পর একবারে নয়, কিস্তিতে মিলবে পিএফের টাকা! বড় সিদ্ধান্ত EPFO-র

নয়াদিল্লি: অবসরের পর প্রভিডেন্ট ফান্ডের পুরো টাকা একবারে তুলে নেওয়ার বদলে ধাপে ধাপে পাওয়ার সুযোগ তৈরি হচ্ছে। কর্মীদের অবসরকালীন সঞ্চয় ব্যবস্থায় নতুন বিকল্প আনতে Systematic…
নয়াদিল্লি: অবসরের পর প্রভিডেন্ট ফান্ডের পুরো টাকা একবারে তুলে নেওয়ার বদলে ধাপে ধাপে পাওয়ার সুযোগ তৈরি হচ্ছে। কর্মীদের অবসরকালীন সঞ্চয় ব্যবস্থায় নতুন বিকল্প আনতে Systematic Withdrawal Plan (SWP) অনুমোদন করেছে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO)। এর ফলে অবসরপ্রাপ্ত সদস্যরা নির্দিষ্ট সময় অন্তর পিএফের টাকা তুলতে পারবেন। অ্যাকাউন্টে পড়ে থাকা অবশিষ্ট অর্থের উপর নিয়ম অনুযায়ী সুদও জমতে থাকবে।
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর কেন্দ্রীয় শ্রমমন্ত্রী মনসুখ মাণ্ডব্যের সভাপতিত্বে EPFO-র সেন্ট্রাল বোর্ড অব ট্রাস্টিজের (CBT) ২৪০তম বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রাথমিক হিসাব অনুযায়ী, ৫৫ বছরের বেশি বয়সি এবং পিএফ অ্যাকাউন্টে ৫ লক্ষ টাকার বেশি জমা রয়েছে, এমন প্রায় ৬.৩২ লক্ষ সদস্য এই ব্যবস্থায় উপকৃত হতে পারেন।
কী ভাবে কাজ করবে নতুন ব্যবস্থা?
এত দিন অবসরের পর অধিকাংশ কর্মী তাঁদের পিএফের সম্পূর্ণ সঞ্চিত অর্থ তুলে নিতেন। তার পরে সেই টাকা কোথায় বিনিয়োগ করবেন, কী ভাবে নিয়মিত খরচ চালাবেন, তা নিয়ে নিজেকেই পরিকল্পনা করতে হত। নতুন ব্যবস্থায় পুরো টাকা একসঙ্গে না তুলে নির্দিষ্ট বিরতিতে কিস্তি নেওয়ার সুযোগ থাকবে।
প্রস্তাবিত ব্যবস্থায় তিন ধরনের বিকল্প থাকতে পারে। প্রথমত, নির্দিষ্ট সময় অন্তর পিএফের টাকা তোলা যাবে। দ্বিতীয়ত, শুরুতে কিছুটা অর্থ এককালীন তুলে বাকিটা কিস্তিতে নেওয়া যাবে। তৃতীয়ত, মূল টাকা জমা রেখে শুধু অর্জিত সুদ তোলার সুযোগও থাকতে পারে।
সদস্য চাইলে মাঝপথে এই ব্যবস্থা বন্ধ করে অবশিষ্ট অর্থ তুলে নিতে পারবেন বলেও প্রস্তাবিত কাঠামোয় উল্লেখ রয়েছে। কোনও সদস্য কিস্তি পাওয়ার সময় মারা গেলে তাঁর নমিনি বা নির্ভরশীল পরিবারের সদস্যরা বাকি টাকা একসঙ্গে তুলতে পারবেন অথবা নির্ধারিত কিস্তি চালিয়ে যেতে পারবেন।
অবসরের পর কী সুবিধা?
ধরা যাক, কোনও কর্মীর পিএফ অ্যাকাউন্টে অবসরের সময় ৩০ লক্ষ টাকা জমা রয়েছে। নতুন সুবিধা চালু হলে তিনি পুরো অর্থ একবারে না তুলে প্রয়োজন অনুযায়ী কিস্তিতে টাকা নিতে পারবেন। বাকি অর্থ EPFO-র অধীনেই থাকবে এবং তার উপর প্রযোজ্য হারে সুদ মিলবে। ২০২৫-২৬ অর্থবর্ষের জন্য CBT ৮.২৫ শতাংশ সুদের হার সুপারিশ করেছিল।
তবে কিস্তির সময়সীমা, ন্যূনতম জমার পরিমাণ এবং আবেদন পদ্ধতি নিয়ে চূড়ান্ত নির্দেশিকা এখনও প্রকাশিত হয়নি। ফলে এখনই এই সুবিধা চালু হচ্ছে না।
এ দিকে, পিএফের আংশিক টাকা তোলার নিয়মেও কিছু পরিবর্তন এসেছে। ৫৫ বছরের কম বয়সিদের ক্ষেত্রে যোগ্য জমার সর্বোচ্চ ৯০ শতাংশ পর্যন্ত তোলার সুযোগের কথা জানানো হয়েছে। বেকারত্বের কারণে টাকা তোলার অপেক্ষার সময়ও ১২ মাস থেকে কমিয়ে দু’মাস করা হয়েছে। চিকিৎসা, শিক্ষা, বিয়ে এবং বাড়ি কেনা বা তৈরির মতো প্রয়োজনেও নির্দিষ্ট শর্তে টাকা তোলা যাবে।
মনে রাখতে হবে, এই নতুন SWP ব্যবস্থা EPF-এর জমা টাকার ক্ষেত্রে প্রযোজ্য। এমপ্লয়িজ পেনশন স্কিমের (EPS) মাসিক পেনশন এর থেকে আলাদা।
ফের সস্তা সোনা ও রুপো, এক ধাক্কায় কতটা কমল দাম? কলকাতার দর জানুন