পর্দায় আসছে উত্তরাখণ্ডের সিল্কিয়ারা টানেল রেসকিউ, গুরুত্বপূর্ণ ভূমিকায় তব্বু
উত্তরাখণ্ডে সিল্কিয়ারা টানেল থেকে শ্রমিকদের উদ্ধারের ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি হচ্ছে ‘টানেল মেন’। যে সিরিজ়ে গুরুত্বপূর্ণ ভূমিকায় কাজ করতে চলেছেন তব্বু। কেরিয়ারে এই প্রথম কোনও ওটিটিতে হিন্দি অরিজিনাল সিরিজ়ে কাজ করতে চলেছেন অভিনেত্রী। তিন দশকের বেশি সময় ধরে অভিনয় করছেন তব্বু। মূলধারার ছবির পাশাপাশি ইন্ডিপেন্ডেন্ট ফিল্মেও দাপটের সঙ্গে কাজ করেছেন তিনি।
‘মাচিস’ ও ‘চাঁদনি বার’-এর জন্য জাতীয় পুরস্কারজয়ী অভিনেত্রী ‘মকবুল’, ‘হায়দার’, ‘অন্ধাধুন’-এর মতো ছবিতেও নজর কেড়েছিলেন। এ ছাড়া মীরা নায়ারের ‘দ্য নেমসেক’, অং লি-র ‘লাইফ অফ পাই’ এবং ‘ডিউন: প্রফেসি’-র মতো ইন্টারন্যাশনাল প্রজেক্টেও কাজ করেছেন তব্বু।
২০২৩-এ উত্তরাখণ্ডের সিল্কিয়ারা টানেলে আটকে পড়েছিলেন ৪১ জন শ্রমিক। দীর্ঘ ১৭ দিনের দুঃসাহসিক অভিযানের শেষে উদ্ধার করা হয়েছিল তাঁদের। সেই ঘটনাক্রম নিয়েই তৈরি হচ্ছে সিরিজ়টি। ‘দ্য রেলওয়ে মেন’ খ্যাত শিব রাওয়াল এই সিরিজ়ের শো-রানার হিসেবে থাকছেন। এক ওটিটি প্ল্যাটফর্মের সঙ্গে ওয়াইআরএফ এন্টারটেইনমেন্ট যৌথ উদ্যোগে এই কাজ করছে।
সংস্থার হেড এফ কনটেন্ট হিসেবে সৌগত মুখোপাধ্যায় যোগ দেওয়ার পরে তাঁর তত্ত্বাবধানে এটাই তাদের প্রথম এ রকম কাজ। ‘স্ক্যাম ১৯৯২’, ‘মহারানি’, ‘দ্য রকেট বয়েজ়’ থেকে রিয়েল কাশ্মীর ফুটবল টিম নিয়ে সিরিজ় তৈরির সঙ্গে যুক্ত ছিলেন তিনি। যা দর্শকদের মধ্যে জনপ্রিয় হওয়ার পাশাপাশি আন্তর্জাতিক মঞ্চেও পৌঁছেছিল। তাই তাদের এই প্রজেক্টে তব্বুর কাজ করা নিয়ে উৎসাহ তৈরি হয়েছে অনুরাগীদের মধ্যে।