গভীর রাতে পুলিশের অভিযান, বাংলাদেশে আটক হাসিনা সরকারের শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ
উত্তপ্ত বাংলাদেশ। বুধবার গভীর রাতে অভিযান চালিয়ে বাংলাদেশের প্রাক্তন শিক্ষামন্ত্রী এবং আওয়ামি লিগের প্রবীণ নেতা নুরুল ইসলাম নাহিদকে আটক করল পুলিশ। ঢাকার উত্তরার বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয় বলে সূত্রের খবর। বাংলাদেশের বিভিন্ন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বৃহস্পতিবার ভোরে নুরুল ইসলাম নাহিদকে থানায় নিয়ে গিয়েছে পুলিশ। ২০২৪ সালের জুলাই-অগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন একাধিক হত্যাকাণ্ডের মামলায় তাঁর নাম রয়েছে বলে সূত্রের খবর।
কেন এই পদক্ষেপ?
বাংলাদেশ পুলিশ সূত্রে জানা গিয়েছে, এ দিন রাত ২টো ২০ মিনিটে উত্তরার ৩ নম্বর সেক্টরের ২ নম্বর সড়কের এক বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয়। সেখান থেকেই আটক করা হয় নাহিদকে । উত্তরা পশ্চিম থানার ওসি মহম্মদ খালিদ মনসুর জানিয়েছেন, নাহিদকে থানায় নিয়ে আসা হয়েছে।
পুলিশের এই অভিযানের আগে নুরুল ইসলামের বাড়ির সামনে BNP-র স্থানীয় কয়েক জন নেতা-কর্মী জড়ো হয়েছিলেন বলেও খবর।
২০২৪ সালের অগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পরে প্রকাশ্যে দেখা যায়নি নুরুল ইসলামকে। সিলেটের গোলাপগঞ্জ ও বিয়ানিবাজার এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ে হওয়া হত্যাকাণ্ডের একাধিক মামলায় নাম রয়েছে হাসিনা সরকারের এই শিক্ষামন্ত্রীর। কয়েকটি মামলায় তাঁকে প্রধান অভিযুক্ত করা হয়েছে বলেও বাংলাদেশের সংবাদমাধ্যম সূত্রে খবর।
কে এই নুরুল ইসলাম নাহিদ?
আওয়ামি লিগের উপদেষ্টা পরিষদের সদস্য নুরুল ইসলাম নাহিদ সিলেট-৬ কেন্দ্রের প্রাক্তন সাংসদ। ২০০৮ সালে আওয়ামি লিগ ক্ষমতায় আসার পরে শিক্ষামন্ত্রীর দায়িত্ব পান তিনি। টানা প্রায় ১০ বছর ওই পদে ছিলেন।
এ ছাড়াও তাঁর ও তাঁর স্ত্রীর সম্পত্তি নিয়ে তদন্ত করছে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন (দুদক)। সম্প্রতি তাঁদের সম্পদের বিবরণী জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নুরুলের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলির তদন্ত ও পরবর্তী আইনি পদক্ষেপের দিকে এখন নজর বাংলাদেশের রাজনৈতিক মহলের।