আরও খারাপ হবে পরিস্থিতি? ল্যান্ডফলের আগে সতর্কবার্তা হাওয়া অফিসের
বৃহস্পতিবার সকাল থেকেই আকাশের মুখ ভার। ঘূর্ণিঝড় আকভানের (Cyclone Akvan Update) প্রভাবে নভেম্বর মাসেও বৃষ্টিতে ভাসছে কলকাতা সহ গোটা বাংলা। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামীকাল…
বৃহস্পতিবার সকাল থেকেই আকাশের মুখ ভার। ঘূর্ণিঝড় আকভানের (Cyclone Akvan Update) প্রভাবে নভেম্বর মাসেও বৃষ্টিতে ভাসছে কলকাতা সহ গোটা বাংলা। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামীকাল দুপুরে হবে ল্যান্ডফল। আগামীকাল শুক্রবার রাজ্যজুড়ে কেমন পরিস্থিতি থাকবে?
ঘূর্ণিঝড় আকভানের অবস্থান ও গতিপথ নিয়ে আবহাওয়া দফতরের অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানান, “ওড়িশার গোপালপুর থেকে প্রায় ৪৩০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে ঘূর্ণিঝড়টি। পুরী থেকে ঘূর্ণিঝড়ের দূরত্ব প্রায় ৪৯০ কিলোমিটার। আগামীকাল দুপুরের মধ্যে উত্তর অন্ধ্র প্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূলে গোপালপুরের কাছাকাছি ঘূর্ণিঝড়টির স্থলভাগে প্রবেশের সম্ভাবনা রয়েছে।”
হাওয়া অফিস জানিয়েছে স্থলভাগে প্রবেশের সময় ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ৯০-১০০ কিলোমিটার। ঘণ্টায় ১১০ কিমি গতিবেগে বইতে পারে দমকা হাওয়া। স্থলভাগে প্রবেশের পর ঘূর্ণিঝড়ের গতিপথ হতে পারে উত্তর-উত্তর পশ্চিম। ২১ নভেম্বর সকাল পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
হাওয়া অফিস জানিয়েছে যে আগামী ৪৮ ঘণ্টা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা ও সংলগ্ন এলাকায়। আজ রাত এবং আগামীকাল সকালে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে কলকাতায়।
দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আগামী ২৪ ঘণ্টা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে কিছু জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। এছাড়া, উত্তর ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও পুরুলিয়াতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অপর দিকে, উত্তরবঙ্গের একাধিক জেলাতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মালদহ, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে আগামী দুদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে।