আট বছরের প্রেম, বিয়ের দু’মাস পরে সিটংয়ে হানিমুনে যান নিকিতা-সৌভিক, কী ঘটেছিল সেই রাতে? - 24 Ghanta Bangla News
Home

আট বছরের প্রেম, বিয়ের দু’মাস পরে সিটংয়ে হানিমুনে যান নিকিতা-সৌভিক, কী ঘটেছিল সেই রাতে?

Spread the love

বিশ্বরূপ বিশ্বাস

আট বছরের প্রেম, চলতি বছরের জুলাইয়ে বিয়ে। সেপ্টেম্বরে মধুচন্দ্রিমায় পাহাড়ে গিয়েছিলেন উত্তর দিনাজপুরের চোপড়ার নবদম্পতি সৌভিক দাস (২৯) ও নিকিতা সাহা (২৫)। নতুন সংসার, চোখে নতুন স্বপ্ন। কিন্তু সেই মধুচন্দ্রিমা যে এমন অভিশাপ হয়ে আসবে জীবনে, কে জানত! সিটংয়ের হোম স্টে-তে ১৩ সেপ্টেম্বর রাত! হালকা ঠান্ডা জড়ানো পাহাড়ি গ্রামের সেই ঠিকানায় বার্বিকিউ করতে গিয়ে অগ্নিদগ্ধ হন নিকিতা। ১৯ নভেম্বরের ভোরে ৬৮ দিনের লড়াই থামল সেই নবোঢ়ার।

বিয়ের দু’মাস পরে হানিমুনে গিয়েছিলেন নিকিতারা। আগে থেকেই কার্শিয়াংয়ের সিটং-এ একটি হোম স্টে অনলাইনে বুক করে নিয়েছিলেন ওই দম্পতি। ১৩ সেপ্টেম্বর সেই হোম স্টে-ছিলেন তাঁরা। ঝিম ধরা সন্ধেয় হোম স্টে-র ব্যালকনিতে বার্বিকিউ-এর আয়োজন করা হয়। সেই বার্বিকিউয়ের আনন্দ যে এমন বিভীষিকাময় হয়ে উঠবে, তা তাঁরা ভাবতেও পারেননি। সেদিন স্ত্রীকে জ্বলতে দেখে সৌভিক চিৎকার করতে করতে তাঁকে বাঁচানোর চেষ্টা করেন। সেই সময়ে তাঁর হাতও পুড়ে যায়।

এই ঘটনার যে সিসিটিভি ফুটেজ সামনে আসে, তাতে দেখা যায়, নবদম্পতি বারান্দায় বার্বিকিউয়ের আয়োজনের সামনে বসে ছিলেন। উল্টো দিকে এক ব্যক্তি তাঁদের সাহায্য করছিলেন। হঠাৎই ওই ব্যক্তি বার্বিকিউয়ের আঁচে কিছু একটা ঢালতেই দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। সেই আগুনে ঝলসে যান নিকিতা। তাঁর স্বামী দ্রুত নিজের পরণের গেঞ্জি খুলে তা দিয়ে স্ত্রীর গায়ে জড়িয়ে দিতে যান। পাশাপাশি, ঘটনাস্থলে থাকা হোমস্টের ওই কর্মীও নিজের জামা খুলে নিকিতাকে আগুনের হাত থেকে বাঁচানোর চেষ্টা করেন ।

তবে অভিযোগ ওঠে, বার্বিকিউয়ের সময়ে সাবধানতা অবলম্বন করেননি হোমস্টে কর্তৃপক্ষ। বার্বিকিউয়ের আগুনে তরল ঢালার সময়েই আগুন জ্বলে ওঠে। এমনও অভিযোগ উঠেছিল, ওই তরল কেরোসিন। যদিও তা এখনও প্রমাণসাপেক্ষ। পরিবারের আরও অভিযোগ, ঘণ্টাখানেক অগ্নিদগ্ধ অবস্থায় হোম স্টে-র বারান্দায় পড়েছিলেন নিকিতা। তাঁদের অভিযোগ, হোম স্টে থেকে মেলেনি কোনও সাহায্য। নিকিতার পরিবারের তরফে কার্শিয়াং থানায় অভিযোগও দায়ের করা হয়।

সৌভিকের অভিযোগ ছিল, ক্যাম্পফায়ারের সময়ে থিনার ব্যবহারের ক্ষেত্রে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়নি। দুর্ঘটনার পরেও হোমস্টে কর্তৃপক্ষ প্রত্যাশিত ভাবে তাঁদের পাশে দাঁড়ায়নি। এমনকী হাসপাতালে পাঠানোর ব্যবস্থাও করা হয়নি। তবে সৌভিকের এই অভিযোগ অস্বীকার করেছিলেন হোমস্টের ম্যানেজার দীপেন লামা।

দীপেন দাবি করেছিলেন, ‘আমাদের কোনও গাফিলতি ছিল না। এটা একটা দুর্ঘটনা। আমরা ২০ মিনিটের মধ্যেই ওনাকে হাসপাতালে নিয়ে যাই। আমার কাছে সমস্ত ঘটনার সিসিটিভি ফুটেজ রয়েছে।’ মালিক নেহাল আইরন, ম্যানেজার দীপেন লামা-সহ মোট চারজন গ্রেপ্তার হন, পরে জামিনও পান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *