৬ বছর ধরে পরিত্যক্ত কারখানায় বেআইনি ভাবে মজুত হাজার হাজার টন কয়লা, চক্ষু চড়কগাছ তদন্তকারীদের
বাঁকুড়ার বড়জোড়ায় এ বার বেআইনি কয়লা কারবারের বড় স্টক পয়েন্টের খোঁজ মিলল। তদন্তে নেমে তদন্তকারীরা জানতে পেরেছেন, ২০১৫ থেকে ২০২১ সাল পর্যন্ত গোপনে বাঁকুড়ার বড়জোড়ায় বাসুদেবপুর এলাকায় থাকা একটি পরিত্যক্ত কারখানায় বেআইনি ভাবে মজুত করা হয়েছিল হাজার হাজার টন কয়লা।
সম্প্রতি এই মজুত কয়লা পাচার করতে গিয়ে ধরা পড়ে একাধিক কয়লাবোঝাই লরি। সেই সূত্রেই বাঁকুড়ার বড়জোড়ায় ওই পরিত্যক্ত কারখানায় বেআইনি কয়লার এই বিপুল ভাণ্ডারের খোঁজ মেলে। ২০১৫ সাল নাগাদ উৎপাদন বন্ধ হয়ে যায় বাঁকুড়ার বড়জোড়া ব্লকের বাসুদেবপুর এলাকায় থাকা একটি স্পঞ্জ আয়রন কারখানা। এই কারখানা বন্ধ হতেই চারদিকে উঁচু পাঁচিল দেওয়া চত্বরকেই বেআইনি কয়লার স্টক পয়েন্ট হিসাবে ব্যবহার করতে শুরু করে কারবারিরা।