মহাকালে যেতে বাধা বার্ধক্য, বন্ধইনের চোখে অশ্রু
এই সময়, লাটাগুড়ি: লাটাগুড়ির জঙ্গলে মহাকাল ধামে যাঁর হাতে বেজে উঠত ঘণ্টাধ্বনি, যাঁর কণ্ঠে উচ্চারিত হতো মন্ত্র, যাঁর মাধ্যমে পুজো দিতেন দূর-দূরান্ত থেকে আসা পুণ্যার্থীরা- সেই বন্ধইন মুন্ডার এখন দিন কাটছে চরম অর্থকষ্টে। এক দিকে বার্ধক্যজনিত অসুখ, অন্যদিকে ক্ষীণ দৃষ্টিশক্তি-সাঁড়াশি চাপে একেবারে চিড়েচ্যাপটা অবস্থা লাটাগুড়ির বড়দিঘি বনবস্তির এই বৃদ্ধার। তাঁর আক্ষেপ, কোনও সরকারি সাহায্য না-মেলায় চিকিৎসা করাতে পারছেন না তিনি।
লাঠিতে ভর দিয়ে কাঠের ভাঙাচোরা ঘরে কোনওমতে দিন কাটছে আশি ছুই ছুঁই বন্ধইনের। এক সময়ে যে মন্দির ছিল তাঁর ঘরবাড়ি, সেই মহাকাল ধামে ছ’মাস ধরে যেতে না-পারার আক্ষেপ অশ্রু হয়ে ঝরে পড়ছে তাঁর চোখ দিয়ে। তাঁর একটাই আর্জি, ‘আমায় মহাকাল বাবার কাছে যেতেই হবে।’
সঠিক সাল মনে করতে না-পারলেও বন্ধইন জানাচ্ছেন, ব্রিটিশ আমলে জঙ্গলের এক কোণায় কিছু পাথর জড়ো করে সেখানে শিবপুজো শুরু করেছিলেন স্থানীয়রা। তাঁদেরই মধ্যে ছিলেন বন্ধইনের পূর্বপুরুষরা। বাবার হাত ধরে ছোটবেলায় মহাকাল ধামে যেতেন তিনি। তার পরে একদিন মন্দিরের ‘জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ’-এর দায়িত্ব পান। বিয়ের পরে দুই ছেলে এবং এক মেয়েকে মানুষ করেছেন তিনি। তবে মহাকালের দায়িত্ব ছাড়েননি। এই মন্দিরের দীর্ঘ ইতিহাসের সাক্ষী তিনি। কয়েকবার বুনো হাতির মুখোমুখি হয়েছেন। তবে প্রতিবারই বরাতজোরে রক্ষা পেয়েছেন। মহাকাল ধামে বহু যুবক-যুবতীর চার হাত এক করেছেন বন্ধইন। নিয়ম করে সকাল-বিকেল মন্দির চত্বর পরিষ্কার করেছেন তিনি।
বছর তিনেক আগে তাঁর বান্ধবী ফুলমনি তেলিতামাড়িয়ার মৃত্যু হয়। সঙ্গিনীকে হারানোর যন্ত্রণা বুকে নিয়েই প্রতিদিন মহাকাল ধামে ছুটে যেতেন। তবে শারীরিক অবস্থার অবনতির কারণে ইদানীং আর যেতে পারেন না। হাঁটাচলার শক্তি প্রায় হারিয়েছেন। বৃদ্ধার গলায় তাই আক্ষেপের সুর। বলছেন, ‘পঞ্চাশ বছরের বেশি সময় ধরে মহাকাল ধামের সঙ্গে আমার নিবিড় সম্পর্ক। এখন যেতে পারছি না। ভীষণ কষ্ট হয়। সুস্থ হয়ে ফের সেখানে যেতে চাই।’ বৃদ্ধার এক পুত্রবধূ নানকি ওরাওঁ বলেন, ‘চিকিৎসার জন্য দু’বার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কিন্তু হাত থেকে স্যালাইনের চ্যানেল খুলে বাড়ি নিয়ে যাওয়ার আর্জি জানাতে থাকায় বাড়ি নিয়ে আসি। প্রশাসনের সহযোগিতা পেলে ভালো হয়।’