এভারেস্ট বেস ক্যাম্পে পরিবেশ রক্ষার বার্তা বাঁকুড়ার শিক্ষকের
এই সময়, বাঁকুড়া: স্বপ্ন ছিল একটাই-পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গের পায়ের নীচে দাঁড়িয়ে পরিবেশ রক্ষার বার্তা দেওয়া। সেই স্বপ্নকে সত্যি করতে বাড়ি থেকে রওনা দিয়েছিলেন বড়জোড়ার রামহরিপুরের সাঁকরাড়া গ্রামের বাসিন্দা বাপ্পাজিৎ চট্টোপাধ্যায়। ২০১১ থেকে শিক্ষকতার সঙ্গে যুক্ত বাপ্পাজিৎ ওয়েস্ট সানাবাঁধ জওহর স্মৃতি বিদ্যামন্দিরের ইতিহাস বিভাগের সহ-শিক্ষক। ছোটবেলা থেকেই তাঁর ট্রেকের নেশা। বক্সা-জয়ন্তী মহাকাল দিয়ে শুরু করে ২০১৯-এ সান্দাকফু-ফালুট ও ২০২৫-এ অন্নপূর্ণা বেস ক্যাম্প ঘোরার পরে এ বার মূল লক্ষ্য ছিল ৫৩৬৪ মিটার উচ্চতার এভারেস্ট বেস ক্যাম্প জয় করা।
২২ অক্টোবর দুর্গাপুর স্টেশন থেকে গঙ্গাসাগর এক্সপ্রেসে বিহারের জয়নগর হয়ে ভারত-নেপাল সীমান্ত পেরিয়ে টাঙা ও বাসে তিনি পৌঁছন সোলোখুম্বু জেলার সদর সালেরিতে। সেখান থেকে অফরোডিং রাস্তায় জিপে সুরকে গ্রামে পৌঁছে শুরু হয় তাঁর ৬৫ কিলোমিটার হাঁটা-যাত্রা। মাঝপথে সাইক্লোনের জেরে গোটা উপত্যকা দুই থেকে তিন ফুট বরফে ঢেকে যাওয়ায় ৪৪১০ মিটার উচ্চতায় দিংবোচে গ্রামে একটি কটেজে দেশি-বিদেশি ৬০ জন পর্যটকের সঙ্গে টানা ৪৫ ঘণ্টা বন্দি থাকেন তিনি। আবহাওয়া ভালো হতেই ফের যাত্রা শুরু করে ২ নভেম্বর বেস ক্যাম্পে পৌঁছে জাতীয় পতাকা ওড়ানোর পাশাপাশি পরিবেশ দূষণ রোধ ও জাতীয় সংহতির বার্তা দেন। একই পথে ফিরে ২৩ তারিখ সকালে তিনি জয়নগরে নামেন। বাপ্পাজিতের কথায়, ‘ফাকডিং থেকে নামচে বাজার যাওয়ার দুই কিলোমিটার চড়াই উঠতে চার ঘণ্টা লেগেছিল। জুতোর ভিতরে বরফ ঢুকে পা ভিজে যায়। রাতের মাইনাস ২০ ডিগ্রি ঠান্ডায় একসময়ে হাল ছাড়ার উপক্রম হলেও আট থেকে আশি বছরের মানুষকে অবলীলায় হাঁটতে দেখে অনুপ্রেরণা পাই।’
ইতিহাসের শিক্ষক হলেও ভূগোল তাঁর প্রিয় বিষয়। তিনি বলেন, ‘পৃথিবী একটাই, এর কোনও ব্যাকআপ নেই। প্লাস্টিক দূষণ কমানো, গাছ লাগানো, প্রাইভেট গাড়ি কমিয়ে গণপরিবহণ ব্যবহার- এগুলো আমাদেরই করতে হবে। না হলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভালো পৃথিবী রেখে যেতে পারব না।’ রামহরিপুর রামকৃষ্ণ মিশন, অমরকানন দেশবন্ধু বিদ্যালয়, বেলিয়াতোড় জামিনী রায় কলেজ ও বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী বাপ্পাজিতের এই সাফল্যে গর্বিত তাঁর মা-বাবা, স্ত্রী, ছোট্ট মেয়ে-সহ স্কুলের ছাত্রছাত্রী ও গ্রামবাসীরা।