শম্ভু-রাজপুরা রেললাইন বিস্ফোরণ! আমেরিকা ফেরত সুরিন্দরকে গ্রেফতার করল NIA - 24 Ghanta Bangla News
Home

শম্ভু-রাজপুরা রেললাইন বিস্ফোরণ! আমেরিকা ফেরত সুরিন্দরকে গ্রেফতার করল NIA

Spread the love


নয়াদিল্লি: আমেরিকা থেকে ভারতে ফেরানোর (Surinder)পরই জাতীয় তদন্তকারী সংস্থা (NIA)-র হাতে গ্রেফতার হলেন খালিস্তানপন্থী সংগঠন খালিস্তান জিন্দাবাদ ফোর্স (KZF)-এর সমর্থক সুরিন্দর সিং ওরফে ঠিকরিওয়াল। শম্ভু-রাজপুরা…

নয়াদিল্লি: আমেরিকা থেকে ভারতে ফেরানোর (Surinder)পরই জাতীয় তদন্তকারী সংস্থা (NIA)-র হাতে গ্রেফতার হলেন খালিস্তানপন্থী সংগঠন খালিস্তান জিন্দাবাদ ফোর্স (KZF)-এর সমর্থক সুরিন্দর সিং ওরফে ঠিকরিওয়াল। শম্ভু-রাজপুরা রেললাইন বিস্ফোরণ মামলায় অভিযুক্ত এই ব্যক্তিকে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করেন এনআইএ আধিকারিকরা।

মার্কিন কর্তৃপক্ষের হাতে আটক হওয়ার পর ভারত ও আমেরিকার মধ্যে সমন্বয়ের ভিত্তিতে তাঁকে দেশে ফেরত পাঠানো হয়। এরপরই মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৬ তারিখে তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে এনআইএ-র তরফে জানানো হয়েছে।

আরও দেখুনঃ ফের এনকাউন্টার যোগী রাজ্যে! নাটকীয় যুদ্ধে খতম সুপারি কিলার ওয়াহিদ আনসারী

ঘটনার সূত্রপাত চলতি বছরের ২৭ এপ্রিল। ওই দিন পঞ্জাবের শম্ভু ও রাজপুরা রেল স্টেশনের মধ্যবর্তী এলাকায় ডেডিকেটেড ফ্রেট করিডর কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের (DFCCIL) রেললাইনে বিস্ফোরণ ঘটে। রেললাইনের ১১৭৪-৫ কিলোমিটার পয়েন্টে এই বিস্ফোরণ ঘটানো হয়েছিল বলে তদন্তে উঠে এসেছে। এনআইএ-র দাবি, খালিস্তান জিন্দাবাদ ফোর্সের সন্ত্রাসবাদী কার্যকলাপ এগিয়ে নিয়ে যাওয়া, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করা এবং পঞ্জাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করে তোলার উদ্দেশ্যেই এই হামলা চালানো হয়েছিল।

তদন্তে উঠে এসেছে, বিস্ফোরণের ঘটনার পর অভিযুক্ত সুরিন্দর সিং (Surinder)ওরফে ঠিকরিওয়াল নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করেছিলেন। সেই ভিডিওতে তিনি রেললাইন বিস্ফোরণের ঘটনাকে সমর্থন করার পাশাপাশি হামলার সঙ্গে যুক্ত অভিযুক্তদের প্রশংসা করেছিলেন বলে অভিযোগ এনআইএ-র। এমনকি এই অপরাধমূলক ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত ব্যক্তিদের প্রতিও সমর্থন জানিয়েছিলেন তিনি। বিস্ফোরণ ঘটানোর সময় প্রাণ হারানো জগরূপ সিংয়ের প্রতিও ভিডিওতে সমর্থন প্রকাশ করেছিলেন বলে তদন্তকারী সংস্থার দাবি।

এখানেই শেষ নয়, এনআইএ-র অভিযোগ, ওই ভিডিওতে সুরিন্দর সিং নিষিদ্ধ সন্ত্রাসবাদী সংগঠন খালিস্তান জিন্দাবাদ ফোর্সকে ‘কওমি অর্গানাইজেশন’ বলে উল্লেখ করেছিলেন। পাশাপাশি, সংগঠনের সঙ্গে যুক্ত রঞ্জিত সিং ওরফে নীতাকে ‘কওমের জেনারেল’ বলে বর্ণনা করেছিলেন। উল্লেখ্য, রঞ্জিত সিং ওরফে নীতাকে ভারত সরকার নির্দিষ্টভাবে চিহ্নিত সন্ত্রাসবাদী (Designated Individual Terrorist) হিসেবে ঘোষণা করেছে। তদন্তকারীদের মতে, এই ধরনের বক্তব্যের মাধ্যমে অভিযুক্ত বিস্ফোরণের সঙ্গে যুক্ত সন্ত্রাসবাদী কার্যকলাপকে প্রকাশ্যে সমর্থন ও মহিমান্বিত করার চেষ্টা করেছিলেন।

ঘটনার তদন্ত চলাকালীনই সুরিন্দর সিংয়ের বিরুদ্ধে লুক আউট সার্কুলার (LOC) জারি করেছিল এনআইএ। বিদেশে অবস্থান করলেও যাতে তিনি ভারতীয় তদন্তকারী সংস্থার নজর এড়িয়ে দেশে প্রবেশ করতে না পারেন, সেই লক্ষ্যেই এই পদক্ষেপ করা হয়েছিল।

শেষ পর্যন্ত মার্কিন কর্তৃপক্ষের সহযোগিতায় তাঁকে ভারতে ফেরানো সম্ভব হয়। দিল্লি বিমানবন্দরে পৌঁছনোর পরই তাঁকে নিজেদের হেফাজতে নেয় এনআইএ। তাঁর বিরুদ্ধে পঞ্জাবের বিভিন্ন জেলায় একাধিক ফৌজদারি মামলাও নথিভুক্ত রয়েছে বলে জানিয়েছে তদন্তকারী সংস্থা।

এই গ্রেফতারির ফলে শম্ভু-রাজপুরা রেললাইন বিস্ফোরণ মামলায় এখনও পর্যন্ত মোট আটজন অভিযুক্তকে গ্রেফতার করল এনআইএ। তবে তদন্ত এখানেই শেষ হচ্ছে না। বিস্ফোরণের পিছনে থাকা বৃহত্তর ষড়যন্ত্রের জাল খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা। বিশেষ করে বিদেশে বসে থাকা সন্ত্রাসবাদী সংগঠনের সদস্য এবং তাদের সহযোগীদের মধ্যে যোগাযোগের সূত্র, অর্থের জোগান ও পরিকাঠামোগত সহায়তার বিষয়গুলি খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *