Suvendu Adhikari: ‘তোমরাও তোমাদের প্রত্যেকের অধিকার বুঝে নেবে’, পড়ুয়াদের কোন অধিকার বুঝে নিতে বললেন মুখ্যমন্ত্রী | CM Suvendu Adhikari Hikes Food Grant by Rs 1,500 for Tribal Hostel Students in Alipurduar
শুভেন্দু অধিকারী, মুখ্যমন্ত্রীImage Credit: TV9 Bangla
আলিপুরদুয়ার: উত্তরবঙ্গ সফরে গিয়ে আদিবাসী পড়ুয়াদের জন্য বড়সড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আলিপুরদুয়ারের লোকনাথপুর আশ্রমের গার্লস হস্টেল পরিদর্শনে গিয়ে আবাসিক ছাত্রীদের খাবারের বরাদ্দ বাবদ অনুদান দেড় হাজার টাকা বৃদ্ধির কথা জানান তিনি। একইসঙ্গে, সরকারি বরাদ্দের অর্থ যাতে সঠিকভাবে ব্যয় হয়, সে বিষয়ে হস্টেল কর্তৃপক্ষকে সতর্ক করার পাশাপাশি পড়ুয়া ও অভিভাবকদের সচেতন থাকার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী।
উত্তরবঙ্গ সফরের একাধিক কর্মসূচির অঙ্গ হিসেবে লোকনাথপুর আশ্রমের ওই আদিবাসী গার্লস হস্টেলে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে আবাসিক পড়ুয়াদের সঙ্গে কথা বলে তাদের খোঁজখবর নেন তিনি। পড়ুয়াদের পুষ্টিকর খাবারের বিষয়টিতে বিশেষ গুরুত্ব দিয়ে খাবার বাবদ সরকারি অনুদান ১,৫০০ টাকা বাড়ানোর ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। হস্টেলের শিক্ষিকা ও ওয়ার্ডেনদের উদ্দেশে তিনি স্পষ্ট পরামর্শ দেন, এই বর্ধিত অর্থ যেন সম্পূর্ণভাবে পড়ুয়াদের কল্যাণে এবং সঠিকভাবে ব্যবহার করা হয়।
এদিন ছাত্রীদের নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হওয়ার পাঠও দেন মুখ্যমন্ত্রী। পড়ুয়াদের উদ্দেশে তিনি বলেন, “তোমরাই হলে আমাদের ভবিষ্যৎ। তোমরাও তোমাদের প্রত্যেকের অধিকার বুঝে নেবে। সরকার তোমাদের জন্য যে অর্থ বরাদ্দ করেছে, তা যেন সঠিকভাবে পাও, সেটা তোমরাও দেখে নেবে।”
হস্টেলের খাবারের মান বা পরিষেবায় কোনওরকম গাফিলতি বরদাস্ত করা হবে না বলেও কড়া হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ছাত্রীদের মাধ্যমে অভিভাবকদের উদ্দেশে মুখ্যমন্ত্রী বার্তা দেন, “তোমাদের অভিভাবকদেরও বলবে, আমি যে কথাটা বলে গেলাম— কোথাও যদি কোনো ত্রুটি-বিচ্যুতি হয়, তোমাদের পুষ্টিকর খাদ্য বা খাবারদাবারে কোনো অবহেলা হয়, তাহলে সরকারের যে অভিযোগ পোর্টাল রয়েছে, সেখানে অভিভাবকদের অভিযোগ জানাতে বলবে।”
অভিযোগ পেলে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে বলে আশ্বস্ত করে তিনি আরও জানান, কোথাও কোনও ত্রুটি ধরা পড়লে তিনি নিজে হস্টেলে স্পেশাল টিম পাঠাবেন, প্রয়োজনে মন্ত্রী ও বিধায়কদেরও সেখানে পাঠানো হবে।