Birbhum: সুপ্রিম ‘গুঁতো’, দেশে ফিরলেন টুলু মণ্ডল | Tulu mondal return back in india
বীরভূম: সুপ্রিম কোর্টে (Supreme Court) ডেডলাইন শেষ হওয়ার দিনেই দেশে ফিরলেন বীরভূমের পাথর মাফিয়া টুলু মণ্ডল। মঙ্গলবার সকালেই ফিরেছেন তিনি। টুলুর দেশে ফেরার কথা তদন্তকারীদের জানানো হয়েছে বলে দাবি আইনজীবীর। সিউড়ি আদালতেও এই তথ্য জানানো হয়েছে। মামলার তদন্তকারী অফিসার তথা বীরভূম জেলা পুলিশের ডিএসপি (আইনশৃঙ্খলা) কুণাল মুখোপাধ্যায়কেও প্রত্যাবর্তনের যাবতীয় তথ্য পাঠানো হয়েছে বলে দাবি তাঁদের।
কোটি কোটি টাকা, কেজি কেজি সোনা উদ্ধার হওয়ায় শিরোনামে এসেছিলেন বীরভূমের পাথর সম্রাট মহম্মদ নাজিবুদ্দিন ওরফে টুলু মণ্ডল। তিনি বছরে যে বিরাট অঙ্কের আয়কর দিতেন, তা দেখে চোখ কপালে উঠেছিল তদন্তকারীদের। পরবর্তীতে তিনি বিদেশে পালিয়ে গিয়েছেন বলে দাবি করে পুলিশ। দুবাই নাকি তুরষ্ক? কোথায় আছেন, তা নিয়ে রয়েছে বড় জল্পনা। তারপরই শীর্ষ আদালত নির্দেশ দেয়, আগামী ১৭ নভেম্বরের মধ্যে ভারতে ফিরে আসতে হবে টুলু মণ্ডলকে। দেখা গেল, দিনের দিনই ফিরেছেন টুলু। তবে, টুলু বীরভূমে নয়, কলকাতায় উঠেছেন বলে জানা যাচ্ছে।
রাজ্য়ে সরকার বদলের পর টুলু মণ্ডলের ১৪৪ কোটি টাকার সম্পত্তির হদিশ পাওয়া যায়। টুলুকে পাওয়া না গেলেও তাঁর একের পর এক ‘কীর্তি’ সামনে আসে। তৃণমূল জমানায় পথশ্রী, নদী বাঁধের কাজে অধিকাংশ বরাত পেতেন টুলু। বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমানের একাংশে বাঁধ, রাস্তা তৈরি ও মেরামতির বরাত পেতেন। তৃণমূল সরকারের পথশ্রী প্রকল্প, নদী বাঁধ, ড্যামের বেশিরভাগটাই একাধিক কোম্পানির নামে কাজ করতেন টুলু। সরকার বদলের পর আর দেশে খোঁজ মেলেনি তাঁর।