Agnimitra Paul: ‘পাখিদের জন্য গাছে গাছে খাবার দেওয়ার ব্যবস্থা হবে’, বাঙালির বই পড়ার অভ্যাস ফেরাতেও বড় প্ল্যান অগ্নিমিত্রার | Agnimitra Paul’s Big Plans: Bird Feeders on Trees, Library under Flyover for Book Reading Habit to Return in Bengal
পুর মন্ত্রী অগ্নিমিত্রা পাল।Image Credit: TV9 বাংলা
কলকাতা: সেক্টর ফাইভ নিয়ে বড় পরিকল্পনা পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালের। বদলে যাবে পুরো সেক্টর ফাইভের রূপই। ফ্লাইওভারের নীচে তৈরি হবে লাইব্রেরি। দিনের বেলায় সেই লাইব্রেরিই হয়ে যাবে বাচ্চাদের ক্রেশ। কারা সন্তানদের রেখে কাজে যেতে পারবেন, তাও বলে দিলেন অগ্নিমিত্রা পাল।
আজ, বুধবার নব দিগন্ত ইন্ডাস্ট্রিয়াল টাউনশিপ অথরিটির অফিসে প্রথমবার এলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। সেখানে এসে পর্যালোচনা বৈঠক করেন। বৈঠক সেরে তিনি বলেন, “আজ এনকেডিএ ও এনডিআইটি নিয়ে রিভিউ মিটিং করলাম। সেক্টর ফাইভ নিয়ে পরিকল্পনা রয়েছে। আগামী বছর যাতে সেক্টর ফাইভ জল না জমে এখনই থেকে এজেন্সি মারফত কাজ শুরু করছে দফতর। এখন থেকেই গালি পিট পরিষ্কার করা হবে। এক একজন যারা দায়িত্বে আছেন, তাদের অ্যাকাউন্টেবিলিটি নিতে হবে। রাস্তায় স্ট্রিট লাইট একটাও যাতে সমস্যা না হয় তার জন্য এজেন্সিকে দায়িত্ব দিলেও সেটা নজরদারির দায়িত্ব একজনকে দেওয়া হবে।”
তিনি বলেন, “রাস্তা এবং পেভমেন্ট সুন্দর হতে হবে। অনেক জায়গায় দেখি, উচু নীচু পেভমেন্ট। হোঁচট খেয়ে পড়ে গিয়ে হাত-পা ভাঙল। সেটা যেন না হয়। তার সঙ্গে ভেন্ডর ম্যানেজমেন্ট কমিটির সার্ভে-ও হয়েছে। একটা নির্দিষ্ট রাস্তা ধরে কিয়স্ক হবে। টোটোকেও পরিবর্তিত করা হবে।”
বই স্টল নিয়ে যখন বঙ্গ রাজনীতিতে চর্চা, ক্ষোভ-বিক্ষোভ চলছে, সেই সময়ে নিউটাউনে বই পড়ানোর অভ্যাস বাড়াতে পদক্ষেপ করছেন অগ্নিমিত্রা পাল। তিনি বলেন, “এনকেডিএ আরও বড় জায়গা। ফ্লাইওভারের নীচে জায়গাগুলিকে আমরা ডেভেলপ করব। লাইব্রেরি করব, যাতে অফিস ফেরত মানুষ বই পড়তে পারেন। বইয়ের হ্য়াবিট তো বাঙালির অনেকদিন ধরেই আছে। কিন্তু এখন অনেকেই টিভি, মোবাইলের জন্য বই পড়া হয় না। যাদের বই পড়ার ইচ্ছা, অথচ সুযোগ নেই, নিম্নবিত্তরা যারা ব্যাঙ্কের, রেলের পরীক্ষা দিচ্ছেন, দামি দামি বই কেনার ক্ষমতা নেই, পড়ার জায়গা নেই, তাদের জন্য একটা জায়গা করা হবে। বস্তির যে কাজের মাসি, ভ্যান চালকরা সকালে কাজে যান, তাদের জন্য সকালে ক্রেশের ব্যবস্থা করা হবে। দুপুরেই সেটা আবার লাইব্রেরি হয়ে যাবে।”
খেলার জায়গা তৈরির পরিকল্পনাও রয়েছে বলে জানান মন্ত্রী। তিনি আরও বলেন, “টেবিল টেনিস কোর্ট হবে। পিকেল বল বলে একটা খেলা এখন খুব জনপ্রিয় হয়েছে। সেই খেলার জায়গা হবে। পাশে একটা ক্য়াফে তৈরি হবে। বেশি কিছু না, হয়তো সেখানে চা-স্ট্যান্ডউইচ পাওয়া যাবে। অনেক ভাবনা করছি। সবই মেম্বারশিপ দিয়ে হবে।”
নোংরা জল ট্রিটমেন্ট করে যাতে ব্যবহার করা যায়, সেই বিষয় নিয়েও আলোচনা হয়েছে। তিনি জানান, ডিসেম্বর মাস থেকে পিঙ্ক টয়লেট ও পাবলিক টয়লেট শুরু হচ্ছে। পুরুষ ও মহিলাদের জন্য শৌচাগারের ব্যবস্থা করা হবে। কলকাতা, হাওড়া, বিধাননগর পুরসভা সহ বেশ কয়েকটি পুরসভায় করা হবে। আগামিদিনে গোটা রাজ্যেই এই টয়লেট তৈরি করা হবে। এর পাশাপাশি চায়না টাউন, চন্দননগর, মায়াপুরের কাজও শুরু হতে চলেছে।
পশু-পাখিদের ভালোবাসেন মন্ত্রী। তাদের জন্য বিশেষ ব্যবস্থা করার কথা বলেন তিনি। বলেন, “কুকুরদের থাকার জায়গা করা হবে। জানেন আমি পশু-পাখি কত ভালোবাসি। পাখিদের জন্য প্রত্যেক গাছে গাছে খাবার দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ওখানে একটা ডগ ক্রেশ আছে। ঘুরতে গেলে দামি ব্রিডের কুকুর রেখে যাওয়ার ব্যবস্থা আছে। ওখানে কবরস্থানও আছে। কেউ পুতুল রেখে গিয়েছে, টেডি বিয়ার রেখে গিয়েছে। খুব ভালো লাগল। আরও অনেক কিছু সুন্দর হবে। বাংলার মানুষ ভরসা রাখুক, আরও অনেক কিছু ভালো হবে।”