পারিশ্রমিকের থেকে বেশি টিকিটের দাম, নিজের ছবিই দেখতে পারছেন না ‘ধুরন্ধর ২’ অভিনেতা! - 24 Ghanta Bangla News
Home

পারিশ্রমিকের থেকে বেশি টিকিটের দাম, নিজের ছবিই দেখতে পারছেন না ‘ধুরন্ধর ২’ অভিনেতা!

Spread the love

পারিশ্রমিকের থেকে বেশি টিকিটের দাম, নিজের ছবিই দেখতে পারছেন না ‘ধুরন্ধর ২’ অভিনেতা!

‘ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ’ (Dhurandhar 2: The Revenge) নিয়ে বর্তমানে দেশজুড়ে উন্মাদনা তুঙ্গে। রণবীর সিং অভিনীত এই ছবিটি দেখতে হলগুলোতে উপচে পড়ছে ভিড়। কিন্তু আপনি কি জানেন, আদিত্য ধর পরিচালিত এই ব্লকবাস্টার ছবিতে অভিনয় করেও একজন অভিনেতা এখনও নিজের কাজ দেখে উঠতে পারেননি? কারণটা অত্যন্ত হৃদয়বিদারক— প্রেক্ষাগৃহের ৫০০ টাকার টিকিটের দাম জোগানোর সামর্থ্য নেই তাঁর।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের আর্থিক অনটনের কথা তুলে ধরেছেন ওই ব্যক্তি। পেশায় তিনি একজন অটোচালক। ছবির শেষ দৃশ্যে রণবীর সিং ওরফে জাসকিরাতকে পাঞ্জাবে তাঁর বাড়িতে পৌঁছে দিতে দেখা গিয়েছিল এই চালককে। বাস্তব জীবনে অভাবের সঙ্গে লড়াই করা এই অভিনেতা জানান, মাসে সব মিলিয়ে তিনি মাত্র ২,৫০০ টাকা সঞ্চয় করতে পারেন। তাই ৫০০ টাকা দিয়ে সিনেমার টিকিট কেনা তাঁর কাছে বিলাসিতা।

ভাইরাল ভায়ানির এক প্রতিবেদন অনুযায়ী ওই ব্যক্তি বলেন, “আমি এখনও ছবিটা দেখিনি। টিকিটের দাম প্রায় ৫০০ টাকা। যেহেতু সবেমাত্র মুক্তি পেয়েছে, তাই এখন দেখা আমার পক্ষে সম্ভব হয়নি।”

সন্তানরা কি ছবিটা দেখার আবদার করেনি? এই প্রশ্নের উত্তরে তিনি বিষণ্ণ গলায় জানান, “হ্যাঁ, ওরা বলেছিল। কিন্তু আমি ওদের বুঝিয়েছি যে আমরা পাঁচজন মিলে দেখতে গেলে ২,৫০০ টাকা খরচ হবে। আর এই টাকাটা জমাতে আমার এক মাস সময় লাগে। তাই আপাতত ওদের নিয়ে যাওয়া হয়নি। বলেছি আমরা একটু অপেক্ষা করব, পরে কোনওভাবে দেখে নেব।”

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

ছবির প্রথম ভাগের রেশ ধরেই শুরু হয়েছে ‘ধুরন্ধর ২’-এর গল্প। লিয়ারিতে রহমান ডাকাইতের মৃত্যুর পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে আবর্তিত হয়েছে এই ছবি। ভারতের জাতীয় নিরাপত্তা, গোপন অভিযান এবং পাকিস্তানের শক্তিশালী শত্রু নেটওয়ার্কের বিরুদ্ধে এক হাই-ভোল্টেজ লড়াইয়ের প্রেক্ষাপটে তৈরি হয়েছে এই সিনেমা। হামজা চরিত্রে রণবীর সিংয়ের দুর্ধর্ষ অভিনয় এবং টানটান উত্তেজনা দর্শকদের মন্ত্রমুগ্ধ করে রেখেছে।

বক্স অফিসে ইতিমধ্যেই ঝোড়ো ব্যাটিং শুরু করেছে ছবিটি। বর্তমান রিপোর্ট অনুযায়ী, বিশ্বজুড়ে প্রায় ৪০০ কোটি টাকার বেশি ব্যবসা করে ফেলেছে এই সিক্যুয়েল। আলিয়া ভাট, রজনীকান্ত, অল্লু অর্জুন, মহেশ বাবু এবং রাম চরণের মতো তারকারা ইতিমধ্যেই রণবীরের এই কাজের ভূয়সী প্রশংসা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *