বর্ণবিদ্বেষের অভিযোগে প্যালেস্টাইনের ফুটবলারের বিরুদ্ধে এএফসিতে ভারত - 24 Ghanta Bangla News
Home

বর্ণবিদ্বেষের অভিযোগে প্যালেস্টাইনের ফুটবলারের বিরুদ্ধে এএফসিতে ভারত

Spread the love


সায়ন সেনগুপ্ত, কলকাতা: গতকাল বিকেলে অনূর্ধ্ব ১৭ এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে নেমেছিল ভারত। যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে ছিল প্যালেস্টাইন ফুটবল দল। শেষ পর্যন্ত ৪-১ গোলের ব্যবধানে এই ম্যাচে জয় পেয়েছিল মেহেরাজুদ্দিন ওয়াডুর ছেলেরা। সেই সুবাদে কার্যত মূলপর্ব নিশ্চিত হয়ে যায় ভারতের। কিন্তু এই ম্যাচেই প্রতিপক্ষের এক ফুটবলারের তরফে বর্ন-বিদ্বেষী মনোভাবের শিকার হতে হয়েছিল ভারতীয় দলের অধিনায়ক দাল্লালমুয়ান গাংতেকে। প্রথমদিকে এই নিয়ে খুব একটা দৃষ্টিপাত করেননি ম্যাচ রেফারি। কিন্তু এই বিষয়টি সহজভাবে নেয়নি ভারতীয় ফুটবলাররা।

যার প্রভাব পড়ে দ্বিতীয়ার্ধে। যেখানে কার্যত খড়কুটোর মতো তারা উড়িয়ে দেয় প্রতিপক্ষ ফুটবল দলকে। পরবর্তীতে খেলোয়াড়দের এমন আচরণ নিয়ে প্যালেস্টাইন কোচ ও সাপোর্টিং স্টাফেদের তরফে দুঃখ প্রকাশ করা হলেও সহজে এই অপমান মেনে নিচ্ছে না ভারত। এই নিয়ে এএফসিতে লিখিত অভিযোগ দায়ের করে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন‌। সেখানে গোটা বিষয়টি উল্লেখ করে অভিযুক্ত ফুটবলারের উপযুক্ত শাস্তির দাবি ও করা হয়। একই ছবি গাংতের ক্লাব নর্থইস্ট ইউনাইটেডের। সেই নিয়েই আজ বিশেষ বিবৃতি জারি করা হয় দেশের সর্বোচ্চ ফুটবল নিয়ামক সংস্থার তরফে।

যেখানে লেখা হয়, ‘ গত ১৭ নভেম্বর, ২০২৬ তারিখে কুয়ালালামপুর ফুটবল স্টেডিয়ামে ভারত ও প্যালেস্টাইনের মধ্যে অনুষ্ঠিত এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বের ম্যাচে ভারত অনূর্ধ্ব-১৭ পুরুষ দলের অধিনায়ক দাল্লালমুয়ন গাংতের প্রতি একজন খেলোয়াড়ের কথিত বর্ণবাদী অঙ্গভঙ্গির বিষয়ে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (এআইএফএফ) এশিয়ান ফুটবল ফেডারেশন (এএফসি)-এর কাছে আনুষ্ঠানিকভাবে একটি অভিযোগ দায়ের করেছে।
তার অভিযোগে এআইএফএফ এএফসি-কে ঘটনাটি পর্যালোচনা করতে, উপলব্ধ ম্যাচের ফুটেজ খতিয়ে দেখতে এবং প্রযোজ্য বিধিমালা অনুযায়ী যথাযথ ব্যবস্থার নেওয়ার অনুরোধ করেছে।’

আরও বলা হয়, ‘এআইএফএফ যেকোনো ধরনের বর্ণবাদ বা বৈষম্যমূলক আচরণকে অত্যন্ত গুরুতর বলে মনে করে। এই ধরনের আচরণ ফুটবলের মৌলিক মূল্যবোধের পরিপন্থী, যা সম্মান, সমতা, ফেয়ার প্লে এবং ক্রীড়াসুলভ মনোভাবের উপর প্রতিষ্ঠিত। এই খেলায় বর্ণবাদ বা বৈষম্যের কোনো স্থান নেই এবং এই ধরনের আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য বা সহনীয় নয়।’

Get the Latest Cricket, Asian Games 2026, Football , Hockey, Badminton Scores, F1 Results at Kolkata24x7 Sports. Like Us On Facebook Or Follow Us On Twitter For More Sports Updates.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *