Mohun Bagan: পাঁচ বছরের চুক্তিতে তরুণ মিডিওকে সই করাল মোহনবাগান – Bengali News | Mohun Bagan Super Giant Signs Apuia for 5 year Deal
পাঁচ বছরের চুক্তিতে মোহনবাগানে তরুণ মিডফিল্ডার আপুইয়া। সবুজ মেরুনের তরফে সরকারি ভাবে জানানো হয়েছে। সোমবার কলকাতায় মেডিক্যাল টেস্ট দিয়েছিলেন জাতীয় দলের সেন্ট্রাল মিডফিল্ডার লালেংমাউইয়া রালতে (আপুইয়া)। তাঁকে সই করিয়ে দল গুছিয়ে নেওয়ার কাজ জোরদার করল সবুজ মেরুন। ২৩ বছরের এই ফুটবলার মোহনবাগানের মাঝমাঠে বড় ভরসা হয়ে দাঁড়াতে পারেন।
মরসুমের শুরুতেই বড় চমক দিয়েছিল মোহনবাগান সুপার জায়ান্ট। হাবাসকে সরিয়ে আর এক ইন্ডিয়ান সুপার লিগ জয়ী স্প্যানিশ কোচ হোসে মোলিনাকে দায়িত্বে এনেছে সবুজ মেরুন। অতীতে এটিকের দায়িত্বে ছিলেন। চ্যাম্পিয়নও করেছেন। আপুইয়াকে সই করানোর বিষয়ে মোহনবাগানের স্প্যানিশ কোচ হোসে মোলিনা বলছেন, ‘আপুইয়া দলে যোগ দেওয়ায় মাঝমাঠ আরও শক্তিশালী হল। গত মরসুমে দুর্দান্ত পারফর্ম করেছে আপুইয়া। ও টিমে যোগ দেওয়ায় মাঝমাঠে প্রতিযোগিতাও বাড়বে।’
গত মরসুমে আইএসএল লিগ শিল্ডজয়ী মোহনবাগানে যোগ দিয়ে উচ্ছ্বসিত আপুইয়া। বলছেন, ‘ভারতীয় ফুটবলে এই ক্লাবের আলাদা ঐতিহ্য রয়েছে। ক্লাবের সঙ্গে জড়িয়ে রয়েছে ইতিহাস। মোহনবাগানের মতো ক্লাবে খেলার সুযোগ পাচ্ছি, আমি সম্মানিত। মাঠে নামার জন্য মুখিয়ে রয়েছি। সবুজ মেরুন জার্সিতে খেলার সুযোগ আমার জীবনের অনেক বড় প্রাপ্তি।’