চুরি গিয়েছে গাছ, লিফলেট ছাপিয়ে বার্তা আত্মহত্যার
এই সময়, পুরুলিয়া: চুরি হয়েছে লক্ষ টাকার গাছ। বার বার বলা সত্ত্বেও হয়নি তদন্ত। এ বার তদন্তের দাবি জানিয়ে আত্মহত্যার হুমকি দিলেন এক বৃদ্ধ। লিফলেট ছাপিয়ে তাঁর সেই বার্তা ছড়িয়ে গিয়েছে মানবাজার মহকুমা জুড়ে।
মানবাজার থানার পায়রাচালির চাঁদরা গ্রামের বৃদ্ধ অনাদিচরণ নায়ক এলাকায় সমাজসেবী হিসেবে পরিচিত। লিফলেটে লেখা রয়েছে, মানবাজার বিধানসভার চাঁদড়া উচ্চ বিদ্যালয়ের বৃক্ষ সম্পদ চুরি করে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করার অপরাধে অভিযুক্ত প্রধান শিক্ষক গোপালচন্দ্র দে। বিষয়টি তিনি সেপ্টেম্বরে জেলার জনপ্রতিনিধিদের পাশাপাশি শিক্ষা দপ্তর সমেত বিভিন্ন দপ্তরে জানিয়েছিলেন।
কিন্তু কোনও তদন্ত হয়নি। তাই অনাদি সিদ্ধান্ত নিয়েছেন, ২৫ নভেম্বর বেলা ১২টা নাগাদ বিষপান করে আত্মবলিদান দেবেন। তাঁর বক্তব্য, আমার অভিযোগ বিন্দুমাত্র মিথ্যা নয়। কেউ কর্ণপাত না-করায় আমি এ ভাবেই জীবন শেষ করার সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি।’ যাঁর নামে অভিযোগ, সেই প্রধান শিক্ষক গোপাল বলেন, ‘কোনও আত্মহত্যাই কাম্য নয়। দেশের সংবিধান অনুযায়ী এটা অপরাধ। উনি বয়স্ক মানুষ। আমার বিরুদ্ধে আনা সব অভিযোগ বিচারাধীন। তাই এ বিষয়ে আমি মন্তব্য করব না।’
জেলা শিক্ষা দপ্তরের এক কর্তা জানান, অভিযোগ ঠিক হয়ে থাকলে তার তদন্ত হবে। মানবাজারের বিধায়ক ময়না মুর্মু বলেন, ‘খোঁজ নিয়ে দেখছি।’