ওফিং বেওয়ার পৃথিবী - সৌরভ হোসেন | বাংলা গল্প - 24 Ghanta Bangla News
Home

ওফিং বেওয়ার পৃথিবী – সৌরভ হোসেন | বাংলা গল্প

Spread the love

ওফিং বেওয়ার পৃথিবী

সৌরভ হোসেন

ঝাঁটার খিলের মতো সাদা ধোঁয়াটা যখন আকাশের গর্ভে মিলে যাচ্ছিল তখনই ছাগলের পালগুলো নীচের নহর থেকে ডিহিতে উঠল। ওফিং বেওয়া জানে, এ ধোঁয়া আল্লাহর ফেরেশতাদের শরীরের ধুলো। তাঁরা শরীর ঝাড়ছেন এখন। নীচের নাবাল থেকে ফরিদ মিঞা চিৎকার করে বলেছে, “ওই দ্যাখো, আকাশে যুদ্ধ-বিমান উড়চে!” ওফিং বেওয়া সে কথা শুনতে পায়নি। শুনলেও বিশ্বাস করত না। সে জানে, যুদ্ধ হয় মাটিতে। মানুষে-মানুষে। আকাশে কীভাবে যুদ্ধ হবে? আকাশে কি মানুষ বাস করে? আল্লাহর নবীর সঙ্গে কাফেরদের যুদ্ধ হয়েছিল ওভাবেই। মাটিতে। সে মাটির যুদ্ধে আল্লাহর নবীর হয়ে যুদ্ধ করতে আকাশ থেকে নেমে এসেছিলেন ফেরেশতারা। আকাশে যদি যুদ্ধ করাই যেত তাহলে আল্লাহর ফেরেশতারা কাফেরদেরকে আকাশে তুলে নিয়ে গিয়ে কেন হত্যা করেননি? জন্ম যখন মাটিতে, মরতেও হবে সেই মাটিতে। এই হক কথাটার বাইরে আর কোনও কথা বিশ্বাস করে না ওফিং বেওয়া। যেমন বিশ্বাস করে না, তার হারিয়ে যাওয়া কেরামত আলি মানুষটা কোনও দিন ফিরে আসবে। তাছাড়া অত দূরের কথা শুনবেই বা কী করে? কানটা খাড়া থাকলে তো? কানে যে কম শোনে ওফিং। পুরোপুরি ‘ঠসা-বহরা’ না হলেও কিছুটা ঠসা। ‘ধান’কে ‘পাতান’ না শুনলেও ‘ধান’কে ‘পান’ শোনে। শরীরখানাও তার ফড়িঙের মতো। লোকে ঠাট্টা করে, ‘ওফিং ফড়িং’! রাগে না ওফিং বেওয়া। বলে, ‘গায়ে গোস্ত আসবে কোত্থেকে শুনি? গায়ে গোস্ত ধরানোর মানুষটাও নেই, গোস্ত ধরানোর খাবারও খাই নে।‘ ডিহিতে উঠতেই ধাড়ি ছাগলটাকে ঘিরে ধরল তার ছানাগুলো। চুকচুক করে দুধ খেতে লাগল। ওফিং বেওয়া হাতের পান্ঠিটাকে শক্ত করে ধরে পাহারা দিয়ে দাঁড়াল। যাতে শয়তানে দুধটা খেয়ে না নেয়! দূরে নাবালের ভুঁইয়ে দেখল, ফরিদ মিঞা আলে বসে বিড়ি ফুঁকছে। বিড়ির সে সাদা ধোঁয়াও কুন্ডুলি পাকিয়ে উড়ছে আকাশে। সে ধোঁয়ার এলেবেলে হয়ে বেঁকে যাওয়া জানান দিচ্ছে, নাবালে আউরিবাউরি হাওয়া উঠেছে। এখনই এই হাওয়াতে ধুলো, পাতা, খড়-কুটো মিশে ঘূর্ণি হয়ে উড়বে। ওফিং বেওয়া তখন বলবে, ওই দেখো, পাগলা হাওয়া উঠেছে। পাগল কি শুধু মানুষই হয়, পাগল হাওয়া-বাতাস, ঝড়-পানিও হয়।

গাঁয়ের সব মানুষ জেনে গেছে ভারত-পাকিস্তান যুদ্ধ লেগেছে। ডিহির মানুষ, নহরের মানুষ, নাবালের মানুষ, ঘাটের মানুষ, মাঠের মানুষ কেউ বাদ থাকল না জানতে। জানল না শুধু একজন। সে ছাগল চরানি ওফিং বেওয়া। সে জানবে কী করে? গাঁয়ের মানুষের সাথে থাকে না পাতে থাকে? তার সাথেও ছাগল পাতেও ছাগল। তার দুনিয়া ডিহি-নহর-নাবাল আর ছাগল। ডিহিতে উঠে এক-আধবার হাতের পান্ঠিটাকে আকাশের দিকে করে বলে, ‘হে আল্লাহ, পরকালে আমার জন্য এরকম একটা ডিহি-নহর আর নাবাল রেখো। আর আমার ছাগলগুলো। সবগুলো না দিলেও বড় ধাড়িটা দিও। ওটা থেকেই আমি ঠিক সংখ্যা বাড়িয়ে নেব।‘ যহুর-আসর সব এই মাঠেই কেটে যায় ওফিং বেওয়ার। তিন পড়ন বেলার দুই পড়ন ছাগলগুলোর তখিদ করতে করতেই কেটে যায়। নিজের তখিদ করার সময় নেই তার। বেশিরভাগ দিন বিলের জলেই স্নান করে। গায়ের কাপড় গায়েই শুকিয়ে যায়। রোদের তাপ-ধক আর জ্বালাপুড়া তার চেয়ে বেশি এ গাঁয়ে আর কেউ সহ্য করেনি। গোটা বর্ষাটা তার মাথার উপর দিয়ে যায়। বৃষ্টির সময় হয় ইয়াকুবের স্যালো মেশিনের চালায় মাথা ঢাকে আর না হলে, বটগাছের গুঁড়িতে মাথা লুকায়। ফরিদ মিঞা বলেছে, ‘ঝড়ের সময় বটগাছের তলায় থাকো না ওফিং। ডাল ভেঙে যেতে পারে!’ ওফিং তখন বলেছে, ‘মাথার ওপরে আসল গাছটা ভেঙে পড়েছে তাও খাড়া হয়ে আছি, আর তুমি বলছ বটগাছ ভাঙার কথা। কিচ্ছু হবে না।‘ ওফিং কেরামত আলির নিরুদ্দেশ হওয়ার কথা বলেছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *