'রাজনৈতিক পরিচয় তৈরিতে ধারে কাছে নেই মোদীও!' দাবি রাহুল গান্ধীর - 24 Ghanta Bangla News
Home

‘রাজনৈতিক পরিচয় তৈরিতে ধারে কাছে নেই মোদীও!’ দাবি রাহুল গান্ধীর

Spread the love


নিউইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে লোকসভার বিরোধী ( Rahul Gandhi )দলনেতা রাহুল গান্ধীর সাম্প্রতিক বক্তব্যকে ঘিরে ভারতের জাতীয় রাজনীতিতে ফের শুরু বিতর্ক। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী ও অধ্যাপকদের…

নিউইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে লোকসভার বিরোধী ( Rahul Gandhi )দলনেতা রাহুল গান্ধীর সাম্প্রতিক বক্তব্যকে ঘিরে ভারতের জাতীয় রাজনীতিতে ফের শুরু বিতর্ক। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী ও অধ্যাপকদের সঙ্গে এক আলাপচারিতায় অংশ নিয়ে রাহুল গান্ধী নিজের রাজনৈতিক স্বাতন্ত্র্য, ‘ভারত জোড়ো যাত্রা’ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজনৈতিক অবস্থান নিয়ে একের পর এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন।

রাহুল দাবি করেন, রাজনৈতিকভাবে নিজের আলাদা পরিচয় তৈরি করার ক্ষেত্রে কেউ তাঁর ধারেকাছেও নেই, এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও তাঁর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। রাহুলের এই মন্তব্য প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়া এবং রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র কটাক্ষ ও পাল্টা আক্রমণের পালা।

আরও দেখুনঃ শম্ভু-রাজপুরা রেললাইন বিস্ফোরণ! আমেরিকা ফেরত সুরিন্দরকে গ্রেফতার করল NIA

সমালোচকদের একাংশ রাহুলের নির্বাচনী পরিসংখ্যান তুলে ধরে ব্যঙ্গ করে বলছেন, রাহুল যেন দেশের প্রধানমন্ত্রী হয়ে গিয়েছেন আর নরেন্দ্র মোদী ৯৯টি নির্বাচনে হেরে বসে আছেন।( Rahul Gandhi) কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে নিজের চার হাজার কিলোমিটার দীর্ঘ ‘ভারত জোড়ো যাত্রা’-র প্রসঙ্গ টেনে রাজনৈতিক স্বাতন্ত্র্য বা ইউনিকনেস-এর ব্যাখ্যা দিচ্ছিলেন কংগ্রেস সাংসদ। তিনি বলেন, রাজনীতিতে সফল হওয়ার মূল মন্ত্র হল অন্য কারও সঙ্গে অন্ধ প্রতিযোগিতা না করে নিজের জন্য এমন একটি জায়গা তৈরি করা, যা অন্যদের থেকে সম্পূর্ণ আলাদা।

এই প্রসঙ্গে তিনি সরাসরি বলেন, “আপনি যদি আমার সঙ্গে প্রতিযোগিতা করতে চান, তবে আপনাকে চার হাজার কিলোমিটার হাঁটতে হবে। কিন্তু আপনি যদি চার হাজার কিলোমিটার হাঁটেন, তবে মানুষ বলবে আপনি আমাকে নকল করছেন।”

রাহুল আরও দাবি করেন, একজন রাজনীতিক হিসেবে নরেন্দ্র মোদীও এই বিষয়ে তাঁর সঙ্গে প্রতিযোগিতা করেন না, কারণ তিনি অন্য সব রাজনীতিকের চেয়ে মৌলিকভাবে আলাদা। পাশাপাশি রাহুল নিজেকে এমন একজন নেতা হিসেবে তুলে ধরেন, যিনি ছাত্রছাত্রী ও সাংবাদিকদের যেকোনো অনির্ধারিত প্রশ্নের মুখোমুখি হতে ভয় পান না।

তবে রাহুল গান্ধীর এই আত্মবিশ্বাসী বক্তব্যকে ঘিরে তীব্র ব্যঙ্গ ও সমালোচনায় সরব হয়েছে শাসক দল বিজেপি এবং নেটিজেনদের একটি বড় অংশ। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের কটাক্ষ, রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেস যেখানে একের পর এক বিধানসভা ও লোকসভা নির্বাচনে পরাজয়ের মুখ দেখেছে, সেখানে টানা তিনবার দেশের প্রধানমন্ত্রী হওয়া নরেন্দ্র মোদীকে রাজনৈতিকভাবে ‘কোনো প্রতিদ্বন্দ্বীই নন’ বলে দাবি করা নিছকই বাস্তববিবর্জিত অহংকার।

সোশ্যাল মিডিয়ায় অনেকেই রাহুলের পুরনো নির্বাচনী হারের খতিয়ান তুলে ধরে ব্যঙ্গাত্মক মন্তব্য করছেন যে, বাস্তবের মাটিতে মোদিই পরপর নির্বাচন জিতে ক্ষমতায় রয়েছেন, অথচ রাহুল বিদেশের মাটিতে দাঁড়িয়ে নিজেকে অপ্রতিরোধ্য প্রমাণ করার চেষ্টা করছেন। শুধু রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতাই নয়, কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের মঞ্চ থেকে ভারতের অর্থনীতি, বেকারত্ব এবং নির্বাচনী ব্যবস্থা নিয়েও কেন্দ্রীয় সরকারকে তীব্র আক্রমণ করেছেন রাহুল গান্ধী।

তিনি দাবি করেন, ভারত বর্তমানে এক ভয়াবহ অর্থনৈতিক বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে রয়েছে এবং দেশে বেকারত্ব ও শিক্ষাব্যবস্থার সংকট চরমে পৌঁছেছে। এমনকি ভারতের নির্বাচন প্রক্রিয়ায় অর্থের বিপুল ব্যবহার এবং ভোটার তালিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। রাহুলের এই মন্তব্যের কড়া জবাব দিয়েছে বিজেপি।

দলের জাতীয় মুখপাত্র গৌরব ভাটিয়া রাহুল গান্ধীকে ‘অপরিণত’ এবং ‘ভারত-বিরোধী প্রচারের নেতা’ বলে আক্রমণ শানিয়েছেন। ( Rahul Gandhi )বিজেপির অভিযোগ, সংসদের অধিবেশন শুরু হওয়ার আগেই রাহুল গান্ধী নিয়ম করে বিদেশে যান এবং আন্তর্জাতিক মঞ্চে দাঁড়িয়ে দেশের গণতন্ত্র ও দ্রুত বর্ধনশীল অর্থনীতিকে কালিমালিপ্ত করার চেষ্টা করেন। সব মিলিয়ে, মার্কিন মুলুকে রাহুল গান্ধীর এই বক্তব্য দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে ফের একবার শাসক ও বিরোধীদের মধ্যে তীব্র বাগযুদ্ধের সূচনা করল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *