Iran-US Conflict : আবুধাবির আকাশে ক্ষেপণাস্ত্রের লড়াই, ধ্বংসাবশেষে চাপা পড়ে প্রাণ গেল ভারতীয়র - 24 Ghanta Bangla News
Home

Iran-US Conflict : আবুধাবির আকাশে ক্ষেপণাস্ত্রের লড়াই, ধ্বংসাবশেষে চাপা পড়ে প্রাণ গেল ভারতীয়র

Spread the love

Iran-US Conflict : আবুধাবির আকাশে ক্ষেপণাস্ত্রের লড়াই, ধ্বংসাবশেষে চাপা পড়ে প্রাণ গেল ভারতীয়র

আবু ধাবি : এক মাস হতে চলল। মধ্যপ্রাচ্যের আকাশে শুধুই বারুদের গন্ধ। রাত নেই দিন নেই, মুহুর্মুহু বেজে উঠছে সাইরেন। ক্ষেপণাস্ত্রের হামলা, পাল্টা হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশ। বেঘোরে প্রাণ হারাতে হচ্ছে সাধারণ মানুষকে। ইতিমধ্যেই যুদ্ধের বলি হয়েছেন হাজার হাজার মানুষ। যুদ্ধের কোপ থেকে বাদ যাননি ভারতীয়রাও। এবার ইরান-আমেরিকার যুদ্ধের বলি হলেন আরও এক ভারতীয়। সম্প্রতি, আবু ধাবিতে দুই দেশের ক্ষেপণাস্ত্রের লড়াইয়ে ধ্বংসাবশেষে চাপা পড়ে মৃত্যু হয়েছে ওই ভারতীয় ব্যক্তির।

আবু ধাবি প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ে হামলা চালায়। তবে মাঝ আকাশেই তা প্রতিহত করতে পাল্টা ইন্টারসেপ্টর ছোড়া হয়। প্রতিহত করতে সফলও হয় তারা। তবে, মাঝ আকাশে দুই ক্ষেপণাস্ত্রের মধ্যে সংঘর্ষের পর তার ধ্বংসাবশেষ গিয়ে পড়ে সুয়েইহান স্ট্রিটে। সেই ধ্বংসাবশেষে চাপা পড়ে দুই জনের মৃত্যু হয়েছে। আবু ধাবির তরফে জানানো হয়েছে, মৃতদের মধ্যে একজন ভারতীয়। আরেকজন পাকিস্তানের নাগরিক বলে জানা গিয়েছে। এখনও পর্যন্ত পশ্চিম এশিয়ার যুদ্ধে ৭ জন ভারতীয়র মৃত্যু হয়েছে বলে খবর।

ভারতীয় দূতাবাসের তরফে মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানানো হয়েছে, “আবুধাবিতে ধ্বংসাবশেষে চাপা পড়ে এক ভারতীয় নাগরিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আমরা গভীর শোক প্রকাশ করছি। প্রয়োজনীয় সবরকম সহায়তা দেওয়ার জন্য সংযুক্ত আরব আমিরশাহীর কর্তৃপক্ষের সঙ্গে দূতাবাস যোগাযোগ রাখছে।

ঘটনার কয়েক ঘণ্টা পর জর্ডনের বিদেশ মন্ত্রকের তরফে হতাহতদের পরিচয় প্রকাশ করে। এক্স হ্যান্ডেলে জর্ডনের বিদেশমন্ত্রালয় জানিয়েছে, মৃতদের মধ্যে একজন ভারতীয় ও আরেকজন পাকিস্তানের নাগরিক। আহত তিনজনের মধ্যেও একজন ভারতীয় নাগরিক রয়েছেন বলে খবর।

এখনও পর্যন্ত সংযুক্ত আরব আমিশাহীতে মোট ১১ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এর আগে মৃতের সংখ্যা ছিল ৯। আবুধাবিতে নতুন করে হামলার ঘটনায় মৃত বেড়ে হল ১১। তাঁদের মধ্যে সংযুক্ত আরব আমিরশাহীর সশস্ত্র বাহিনীর তিন সদস্যও ছিলেন বলে খবর। এছাড়াও পাকিস্তান, নেপাল, বাংলাদেশ এবং প্যালেস্টাইনের নাগরিক মিলিয়ে ছয়জনের মৃত্যুর খবর জানিয়েছে সংযুক্ত আরব আমিরশাহীর বিদেশমন্ত্রক।

সেদেশের বিদেশমন্ত্রক আরও জানিয়েছে, ইরানের আগ্রাসন শুরুর পর থেকে আবু ধাবির প্রতিরক্ষা ব্যবস্থা ৩৫৭টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র,১৫টি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ১,৮১৫টি ইউএভি প্রতিহত করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *