মুম্বই বিমানবন্দরে তুমুল দুর্ভোগ যাত্রীদের, ঘণ্টার পর ঘণ্টা ওড়েনি স্পাইসজেটের ফ্লাইট - 24 Ghanta Bangla News
Home

মুম্বই বিমানবন্দরে তুমুল দুর্ভোগ যাত্রীদের, ঘণ্টার পর ঘণ্টা ওড়েনি স্পাইসজেটের ফ্লাইট

Spread the love

নির্দিষ্ট সময়ে বিমানবন্দরে পৌঁছলেও ফ্লাইটের দেখা নেই। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার পরেও কখন ফ্লাইট ছাড়বে, তার কোনও স্পষ্ট উত্তর নেই। মঙ্গলবার সন্ধ্যা থেকে মুম্বই বিমানবন্দরে স্পাইসজেটের পরিষেবা বিপর্যয়ে এমনই দুর্ভোগের শিকার হলেন শতাধিক যাত্রী। মঙ্গলবার সন্ধ্যা ৭টার পরে থেকে বিমানবন্দর থেকে স্পাইসজেটের কোনও ফ্লাইট ওড়েনি বলে অভিযোগ। অব্যবস্থার অভিযোগ তুলে ও তার প্রতিবাদে বিমান সংস্থার কাউন্টারের সামনে জড়ো হয়ে ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। পরে বুধবার ভোরে একটি ফ্লাইট ছাড়লেও মেটেনি সমস্যা। যদিও এ সম্পর্কে স্পাইসজেটের তরফে এখনও কোনও বিবৃতি প্রকাশ করা হয়নি।

সূত্রের খবর, মঙ্গলবার রাত সাড়ে ১১টায় একটি ফ্লাইট ছাড়ার কথা থাকলেও নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরেও বোর্ডিং শুরু হয়নি বলে ওঠে অভিযোগ। ফ্লাইট কখন ছাড়বে, সেই বিষয়েও যাত্রীদের স্পষ্ট করে কিছু জানানো হয়নি বলেও অভিযোগ। শেষ পর্যন্ত বুধবার ভোর ৪টে নাগাদ একটি উড়ান টেকঅফ করে বলে খবর। তবে এখনও মেটেনি ভোগান্তি বলে দাবি যাত্রীদের।

শুধু মঙ্গলবার নয়, সোমবারও মুম্বই বিমানবন্দরের টার্মিনাল ১ থেকে স্পাইসজেটের কোনও বিমান ওড়েনি বলে জানা গিয়েছে। পরিস্থিতি আঁচ করে যাত্রীদের সতর্ক করেছিল মুম্বই বিমানবন্দর কর্তৃপক্ষ। স্পাইসজেটের অপারেশনাল সমস্যার কারণে মুম্বই থেকে এবং মুম্বইগামী একাধিক উড়ান প্রভাবিত হতে পারে বলে জানানো হয়েছিল। যাত্রার আগে বিমান সংস্থার সঙ্গে যোগাযোগ করে উড়ানের সর্বশেষ পরিস্থিতি জেনে নেওয়ারও পরামর্শ দেওয়া হয় যাত্রীদের।

স্পাইসজেটের সমস্যা অবশ্য শুধু মুম্বইয়ে সীমাবদ্ধ নয়। গত ১২ নভেম্বর দুবাই বিমানবন্দরে গ্রাউন্ড হ্যান্ডলিং সংস্থা ডনাটার (dnata) প্রায় ১ কোটি ৪০ লক্ষ দিরহাম (ভারতীয় মুদ্রায় প্রায় ৩৫ কোটি ৮৫ লক্ষ টাকা) বকেয়া না মেটানোয় বন্ধ হয়ে যায় তাদের চেক-ইন পরিষেবা। এর জেরে দুবাই থেকে অমৃতসর, জয়পুর, মুম্বই ও দিল্লিগামী চারটি উড়ান বাতিল করতে হয়। যদিও স্পাইসজেটের দাবি ছিল, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সমস্যা মেটানোর চেষ্টা চলছে।

সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্টে, DGCA-র সেপ্টেম্বরের পরিসংখ্যানেও উদ্বেগজনক ছবি ধরা পড়েছে। ওই মাসে স্পাইসজেটের ২০.২৯ শতাংশ নির্ধারিত উড়ান বাতিল হয়েছিল, যেখানে দেশের বিমান সংস্থাগুলির গড় বাতিলের হার ১.১৫ শতাংশ। ১০টি প্রধান বিমানবন্দরে সংস্থার সময়ে বিমান ছাড়ার হার ছিল মাত্র ১৬.৬ শতাংশ। প্রায় ৩৬ হাজার যাত্রী দুই ঘণ্টার বেশি উড়ান দেরির সমস্যায় পড়েন। বাতিলের কারণে দুর্ভোগে পড়েন আরও ২১ হাজার ৭০০ জন। দিনে ৬৫টি উড়ান পরিচালনা করলেও প্রতিদিন ১৫-২০টি বিমান বাতিল করতে হচ্ছিল সংস্থাটিকে বলে রিপোর্টে দাবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *