‘একজনকেও ছাড়ব না’, খগেন মুর্মুর উপর হামলার ফাইল খোলার নির্দেশ শুভেন্দুর
‘বামেদের অপরাধের ফাইল’ খোলার হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তা নিয়ে রাজ্য জুড়ে শোরগোল পড়ে গিয়েছিল। বুধবার আলিপুরদুয়ারের রায়ডাকের গল্ফ কোর্স মাঠে ‘জনজাতীয় গৌরব দিবস’ অনুষ্ঠানের মঞ্চ থেকে তিনি বলেন, ‘খগেন মুর্মুর উপরে হামলার ঘটনা রিওপেন করা হবে। কাউকে ছাড়ব না।’ একই সঙ্গে আদিবাসী উন্নয়নে রাজ্যের কাজের খতিয়ানও দেন তিনি।
গত বছরের অক্টোবরে টানা বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়ে উত্তরবঙ্গ। ক্ষতিগ্রস্ত হয় নাগরাকাটার বামনডাঙা গ্রাম। সেই এলাকা পরিদর্শনে গিয়ে হামলার মুখে পড়েন নাগরাকাটার বিজেপি সাংসদ খগেন মুর্মু। তাঁর উপরে পাথর ছুড়ে হামলা হয় বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় কোনও রকমে এলাকা ছাড়েন তিনি। সেই সময়ে হামলায় ঘটনায় তৃণমূলের মদতে হামলা দুষ্কৃতীরা হামলা করেছিল বলে অভিযোগ করেছিল বিজেপি।
খগেনের উপরে হামলায় জড়িত সন্দেহে ৬ জনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। তবে FIR-এ নাম থাকা ৮ জনের কাউকেই গ্রেপ্তার করা হয়নি বলে অভিযোগ। সেই মামলার তদন্তই নতুন করে শুরু করার হুঁশিয়ারি দিয়ে শুভেন্দু বলেন, ‘নাগরাকাটায় ত্রাণ দিতে গিয়েছিলেন। তৃণমূলের লোকেরা পিটিয়েছিল।’ মঞ্চে উপস্থিত ছিলেন নর্থ বেঙ্গলের আইজি সুকেশ জৈন। শুভেন্দু তাঁকে বলেন, ‘সব ক’টাকে গ্রেপ্তার করুন। একজনকেও ছাড়বেন না।’
ছাব্বিশের নির্বাচনে আদিবাসী অধ্যুষিত ১৬ আসনেই জিতেছে বিজেপি। সেই কথা জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন শুভেন্দু। তাঁর কথায়, ‘আপনারা হাত খুলে আমাদের সমর্থন করেছেন। আমরা কৃতজ্ঞ।’ আদিবাসীদের জন্য সরকারি ভাতা থেকে স্পেশাল রেশন প্যাকেজের খতিয়ানও দেন। তাঁর কথায়, ‘চা বাগানের সমস্যা রয়েছে। সেটাও মেটাব।’
ওই অনুষ্ঠানের আগে আলিপুরদুয়ার ২ নম্বর ব্লকের লোকনাথপুর আশ্রম হস্টেলে যান শুভেন্দু। আদিবাসী পড়ুয়াদের থাকা-খাওয়ার ভাতা ১৮০০ থেকে বাড়িয়ে ৩০০০ টাকা করা হয়েছে। তাঁরা সেই সুবিধা পাচ্ছেন কি না, মুখ্যমন্ত্রী তা খতিয়ে দেখেন। আবাসিক ছাত্রীদের সঙ্গে কথা বলেন। এ দিন সভামঞ্চ থেকে পঞ্চম শ্রেণির এক পড়ুয়াকে জিজ্ঞাসা করেন, ‘খাবার ঠিক আছে তো?’ ইতিবাচক উত্তর দেয় ওই ছাত্রী। তা শুনে কিছুটা মজার ছলে তিনি প্রশ্ন করেন, ‘পাশ থেকে কেউ শিখিয়ে দিচ্ছে না তো?’ এ দিন ৩২৪টি আদিবাসী হস্টেল কর্তৃপক্ষের সঙ্গে ভার্চুয়ালি বৈঠকও করেন শুভেন্দু।