Sanam Teri Kasam 2: অবশেষে কি আসছে 'সনম তেরি কসম ২'? | Is Sanam Teri Kasam 2 Happening? Harshvardhan Rane Hints at Sequel After Receiving Rs 3.5 Crore SUV - 24 Ghanta Bangla News
Home

Sanam Teri Kasam 2: অবশেষে কি আসছে ‘সনম তেরি কসম ২’? | Is Sanam Teri Kasam 2 Happening? Harshvardhan Rane Hints at Sequel After Receiving Rs 3.5 Crore SUV

Spread the love

অবশেষে কি তাহলে ফ্যানেদের দীর্ঘদিনের অপেক্ষা শেষ হতে চলেছে? সত্যিই কি আসছে ‘সনম তেরি কসম ২’ (Sanam Teri Kasam 2)? বলিউডের অন্দরে কান পাতলে কিন্তু এখন এমনই ফিসফাস শোনা যাচ্ছে। আর এই জল্পনাটা উসকে দিয়েছেন খোদ ছবির নায়ক হর্ষবর্ধন রানে (Harshvardhan Rane)। একটা সাড়ে তিন কোটি টাকার সারপ্রাইজের হাত ধরেই সিক্যুয়েলের জোরদার ইঙ্গিত দিয়েছেন অভিনেতা! ভাবছেন ব্যাপারটা ঠিক কী? চলুন গল্পটা একটু খোলসা করা যাক।

দিন কয়েক আগেই হর্ষবর্ধনের কাছে একটা দারুণ সারপ্রাইজ এসেছে। ছবির প্রযোজক দীপক মুকুট তাঁকে একেবারে আস্ত একটা ল্যান্ড রোভার ডিফেন্ডার অক্টা (Land Rover Defender Octa) উপহার দিয়েছেন! ভারতের বাজারে এই বিলাসবহুল গাড়ির দাম শুনলে চোখ কপালে উঠবে, প্রায় ৩ কোটি ৫০ লক্ষ টাকার বেশি। কথা ছিল, ‘সনম তেরি কসম’-এর রি-রিলিজ বক্স অফিসে হিট হলে প্রযোজক একটা দারুণ উপহার দেবেন। তিনি নিজের কথা অক্ষরে অক্ষরে রেখেছেন। ইনস্টাগ্রামে গাড়ির চাবি তুলে দেওয়ার ছবি দিয়ে দীপক লিখেছেন, “গত বছর রি-রিলিজের সময় ছবির পাশে ছিলে তুমি। আমি আমার কথা রাখলাম।”

প্রযোজক তো কথা রাখলেন, কিন্তু আসল খেলাটা ঘুরিয়ে দিলেন হর্ষবর্ধন নিজেই। বিলাসবহুল গাড়ি পেয়ে প্রযোজককে ধন্যবাদ তো জানালেনই, সঙ্গে বেশ কায়দা করে একটা মোক্ষম আবদারও করে বসলেন। আগামী মাসেই অভিনেতার জন্মদিন। সেই জন্মদিনের উপহার হিসেবে তিনি সোজা ‘সনম তেরি কসম ২’-এর দাবি তুলেছেন! গত বছর ফ্যানেদের নিয়ে প্রযোজকের অফিসের বাইরে ভিড় করেছিলেন অভিনেতা। সেই স্মৃতি উসকে তিনি লেখেন, “এবারও জন্মদিনে ফ্যানেদের নিয়ে আপনার অফিসের বাইরে আসব। স্ক্রিপ্ট আর পরিচালক আপনার পছন্দের হোক। শুধু আমাদের জন্মদিনের উপহার হিসেবে পার্ট টু বানানোর অনুমতি দিন।”

২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি হর্ষবর্ধন আর পাকিস্তানি অভিনেত্রী মাওরা হোকেনকে নিয়ে ছবিটি প্রথমবার যখন হলে এসেছিল, তখন তা বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল। আয় করেছিল মাত্র ৮ কোটি টাকা। কিন্তু ডিজিটাল প্ল্যাটফর্মে আসতেই ম্যাজিক! আর সেই ফ্যানেদের ভালোবাসাতেই নয় বছর পর, ২০২৫ সালের ৭ ফেব্রুয়ারি ছবিটি আবার হলে ফেরে।

এবার আর ফ্লপ নয়, একেবারে ফাটাফাটি ব্যাপার! প্রথম দিনেই ভারতে ৪.২৫ কোটি টাকার ব্যবসা করে তাক লাগিয়ে দেয় ছবিটি। সব মিলিয়ে ভারতে ৪২ কোটি আর সারা বিশ্বে প্রায় ৫৪ কোটি টাকা ঘরে তুলে রেকর্ড গড়েছে এই রি-রিলিজ। বক্স অফিসের এই ম্যাজিকের পর হর্ষবর্ধনের এই সিক্যুয়েলের আবদার প্রযোজক শেষমেশ মেনে নেন কি না, অনুরাগীদের নজর এখন সেদিকেই!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *