Imran Khan: যে কোনও সময় মৃত্যু হতে পারে! আশঙ্কা প্রকাশ ইমরান খানের, জেল থেকেই চিঠি লিখলেন শীর্ষ আদালতে | Imran Khan Fears He May Die in Jail, Writes Letter to Pakistan's Top Court Over Health - 24 Ghanta Bangla News
Home

Imran Khan: যে কোনও সময় মৃত্যু হতে পারে! আশঙ্কা প্রকাশ ইমরান খানের, জেল থেকেই চিঠি লিখলেন শীর্ষ আদালতে | Imran Khan Fears He May Die in Jail, Writes Letter to Pakistan’s Top Court Over Health

Spread the love

ইসলামাবাদ: পাকিস্তানের (Pakistan) প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের (Imran Khan) শারীরিক অবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। জেলের ভিতরেই মৃত্যু হতে পারে তাঁর! এমনই আশঙ্কা প্রকাশ করে দেশের শীর্ষ আদালতের বিচারপতিদের চিঠি (Rahul Gandhi writes letter to top court) লিখলেন তিনি। নিজের চিকিৎসা ও জেলের পরিস্থিতি নিয়ে আগেও আদালতের নির্দেশ কার্যকর করার দাবি জানিয়েছেন তিনি। এবার তাঁর অভিযোগ, জেলে ঠিকমতো চিকিৎসা দেওয়া হচ্ছে না। পাশাপাশি দীর্ঘদিন একা বন্দি থাকার কারণে শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উপরও প্রভাব পড়ছে।

এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালের অগস্ট থেকে জেলবন্দি রয়েছেন ৭৪ বছর বয়সি ইমরান খান। সম্প্রতি তাঁর আইনজীবীর মাধ্যমে সুপ্রিম কোর্ট, ফেডারেল কনস্টিটিউশনাল কোর্ট এবং ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতিদের উদ্দেশে একটি খোলা চিঠি পাঠিয়েছেন তিনি। সেখানে নিজের পাশাপাশি স্ত্রী বুশরা বিবির চিকিৎসার বিষয়েও আদালতের হস্তক্ষেপ চেয়েছেন।

‘জীবিত ফিরতে পারব কি না জানি না’

চিঠিতে ইমরান খান লিখেছেন, ৭৪ বছর বয়সে এই অবিরাম পরিস্থিতি তাঁকে এমন এক জায়গায় নিয়ে যাচ্ছে, যেখান থেকে হয়তো আর জীবিত ফিরে আসতে পারবেন না। তাঁর অভিযোগ, আদালতের আগের নির্দেশ থাকা সত্ত্বেও যথাযথ চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে না। গত সপ্তাহে আদিয়ালা জেলে ইমরানের সঙ্গে দেখা করেন তাঁর আইনজীবী সলমন সফদর। সোমবার সমাজমাধ্যমে চিঠিটি প্রকাশ করেন তিনি।

ইমরানের দাবি, দীর্ঘদিন একাকী বন্দি থাকা এবং মানুষের সঙ্গে স্বাভাবিক যোগাযোগের সুযোগ না পাওয়ায় তাঁর মানসিক স্বাস্থ্যের উপর প্রভাব পড়ছে। এই পরিস্থিতিকে ‘নিষ্ঠুর ও অস্বাভাবিক শাস্তি’ বলেও উল্লেখ করেছেন তিনি। তাঁর অভিযোগ, জেলে বন্দি স্ত্রী বুশরা বিবির সঙ্গে দেখা করার সুযোগও নিয়মিত দেওয়া হচ্ছে না। এমনকী, আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলতে পারছেন না তিনি।

ইমরানের আরও দাবি, দীর্ঘদিনের নিঃসঙ্গতার কারণে তাঁর রক্তচাপ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। চিকিৎসকেরা তাঁকে জানিয়েছেন, মস্তিষ্কে রক্তক্ষরণ এবং হৃদ্‌রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে। তাঁর হৃদযন্ত্রও ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী।

বুশরা বিবির শারীরিক অবস্থা নিয়েও উদ্বেগ

শুধু নিজের স্বাস্থ্য নয়, স্ত্রী বুশরা বিবির শারীরিক অবস্থা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন ইমরান খান। তাঁর অভিযোগ, বুশরার দৃষ্টিশক্তির অবনতি হচ্ছে। দাবি করেন, গত এপ্রিল মাসে বুশরা বিবির রেটিনায় সমস্যা দেখা দেয়। এরপর তাঁর অস্ত্রোপচারও হয়। কিন্তু অস্ত্রোপচারের পর তাঁকে ফের একাকী বন্দি করে রাখা হয়েছে। চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ এবং নিজের চিকিৎসা সংক্রান্ত নথি দেখার সুযোগও দেওয়া হচ্ছে না বলে অভিযোগ ইমরানের।

আগেও আদালতের দ্বারস্থ ইমরান

উল্লেখ্য, শারীরিক অবস্থার অবনতির কথা জানিয়ে আগেও আদালতের দ্বারস্থ হয়েছিলেন ইমরান খান। গত অগস্টে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল, তাঁকে ইসলামাবাদের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করতে হবে। তবে ইমরানের দাবি, তাঁকে ফের একা বন্দি করে রাখা হয়েছে।চিঠিতে বিচারপতিদের উদ্দেশে ইমরান লিখেছেন, তিনি কোনও বিশেষ সুবিধা চাইছেন না। তাঁর একমাত্র আবেদন, সুপ্রিম কোর্টের আগের নির্দেশ কার্যকর করা হোক এবং তাঁর ও স্ত্রীর যথাযথ চিকিৎসার ব্যবস্থা করা হোক।

প্রসঙ্গত, ২০২১ সালে সরকারি সফরে সৌদি আরবের যুবরাজের কাছ থেকে উপহার হিসেবে পাওয়া দামি বুলগারি গয়নার সেট কেনা সংক্রান্ত তোশাখানা-২ মামলায় ইমরান খান ও তাঁর স্ত্রী বুশরা বিবিকে ১৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তারপর থেকেই জেলবন্দি রয়েছেন তাঁরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *