প্রেসিডেন্সির বহিষ্কার: আইনের পথে যাচ্ছেন প্রাক্তনী - 24 Ghanta Bangla News
Home

প্রেসিডেন্সির বহিষ্কার: আইনের পথে যাচ্ছেন প্রাক্তনী

Spread the love

এই সময়: স্বামী বিবেকানন্দর ছবি সম্বলিত এবিভিপি-র পোস্টার বিকৃতির অভিযোগে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত প্রাক্তনী অলিভিয়া বন্দ্যোপাধ্যায় এ বার কর্তৃপক্ষের সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করতে চলেছেন। সোমবার তিনি জানান, ডিন অফ স্টুডেন্টসের কাছে ইমেলে বহিষ্কারের ব্যাখ্যা চাওয়ার পরে বর্তমানে তিনি আইনজীবীদের সঙ্গে পরামর্শ করছেন।

গত ১৪ অক্টোবর ক্যাম্পাসে এবিভিপি-র একটি পোস্টারে আরএসএস-কে নিশানা করে ‘ধর্ষক’-এর মতো শব্দ লেখার অভিযোগ ওঠে। পোস্টারটিতে স্বামী বিবেকানন্দর ছবিও ছিল। সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে ৫ সদস্যের তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে গত ৬ নভেম্বর অলিভিয়ার পাশাপাশি এক ছাত্রীকে বহিষ্কার করেন কর্তৃপক্ষ। তবে অলিভিয়ার দাবি, তিনি এবিভিপি-র পোস্টারে প্রতিবাদী শব্দ লিখলেও স্বামীজির ছবির কোনও বিকৃতি ঘটাননি এবং যা করেছেন তার জন্যে তিনি অনুতপ্তও নন। তাঁর অভিযোগ, রাজনৈতিক বিতর্ক তৈরি করতেই স্বামীজির ছবি ব্যবহার করেছে এবিভিপি। অন্য বহিষ্কৃত ছাত্রী জানান, তিনি ওই পোস্টারে কিছুই লেখেননি, কেবল পাশে দাঁড়িয়েছিলেন।

এই বহিষ্কারের সিদ্ধান্তের প্রতিবাদে ইতিমধ্যেই প্রেসিডেন্সির ছাত্রছাত্রী থেকে শুরু করে বিশিষ্টজনেরা একজোট হয়েছেন। অনলাইনে শুরু হওয়া সই সংগ্রহ অভিযানে প্রায় এক হাজার জন এই সিদ্ধান্তের বিরোধিতা করেছেন। মঙ্গলবার বিশ্ববিদ্যালয় খুললে ভবিষ্যৎ আন্দোলনের রূপরেখা ঠিক করতে আলোচনায় বসবেন পড়ুয়ারা এবং সংগৃহীত সই কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হবে।

পাশাপাশি, শিক্ষাক্ষেত্রে হিংসা এবং কলকাতা, যাদবপুর বিশ্ববিদ্যালয়-সহ অন্য প্রতিষ্ঠানে গেরুয়াকরণের চেষ্টার প্রতিবাদে আগামী বুধবার এক নাগরিক মিছিলের ডাক দিয়েছেন পড়ুয়ারা। কলেজ স্ট্রিট থেকে সিমলেপাড়ায় স্বামী বিবেকানন্দর বাসভবন পর্যন্ত এই মিছিলে প্রেসিডেন্সি এবং এসআরএফটিআই-য়ে পড়ুয়া বহিষ্কারের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিও উঠতে চলেছে। যদিও এর কোনও কিছুকেই গুরুত্ব দিতে নারাজ এবিভিপি। তাদের বক্তব্য, যাঁরা স্বামী বিবেকানন্দর ছবিতে অশালীন শব্দ লেখেন, তাঁদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা দরকার। বহিষ্কার যথেষ্ট নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *