৪০২ কিমি রেঞ্জের Mini Cooper SE, ২৭ নভেম্বর ভারতে লঞ্চ - 24 Ghanta Bangla News
Home

৪০২ কিমি রেঞ্জের Mini Cooper SE, ২৭ নভেম্বর ভারতে লঞ্চ

Spread the love


গুরগাঁও: ভারতীয় বাজারে নতুন প্রজন্মের Mini Cooper SE ইলেকট্রিক হ্যাচব্যাক আনার প্রস্তুতি শুরু করল Mini। ইতিমধ্যেই গাড়িটির বুকিং নেওয়া শুরু করেছে সংস্থা। আগামী ২৭ নভেম্বর…

গুরগাঁও: ভারতীয় বাজারে নতুন প্রজন্মের Mini Cooper SE ইলেকট্রিক হ্যাচব্যাক আনার প্রস্তুতি শুরু করল Mini। ইতিমধ্যেই গাড়িটির বুকিং নেওয়া শুরু করেছে সংস্থা। আগামী ২৭ নভেম্বর ভারতে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হবে নতুন Cooper SE। একই দিনে আত্মপ্রকাশ করবে ব্রিটিশ ফ্যাশন ডিজাইনার Paul Smith-এর সঙ্গে যৌথ উদ্যোগে তৈরি তিনটি বিশেষ সংস্করণও। তালিকায় রয়েছে Cooper SE, Cooper S এবং Cooper Convertible-এর Paul Smith Edition।

৪০২ কিলোমিটার রেঞ্জের ব্যাটারি

২০২৩ সালে আন্তর্জাতিক বাজারে আত্মপ্রকাশ করেছিল দ্বিতীয় প্রজন্মের Mini Cooper SE। আগের মডেলের তুলনায় নতুন সংস্করণে ডিজাইনে এসেছে আরও আধুনিক ও আকর্ষণীয় পরিবর্তন। তবে সবচেয়ে বড় আপডেট ব্যাটারি ও ড্রাইভট্রেনে।

নতুন Cooper SE-তে রয়েছে ৫৪.২ কিলোওয়াট আওয়ারের ব্যাটারি প্যাক। সংস্থার দাবি অনুযায়ী, WLTP পরীক্ষার নিরিখে একবার সম্পূর্ণ চার্জে গাড়িটি সর্বোচ্চ ৪০২ কিলোমিটার চলতে পারে। তুলনায় প্রথম প্রজন্মের Cooper SE-তে ছিল ৩২.৬ কিলোওয়াট আওয়ারের ব্যাটারি এবং WLTP রেঞ্জ ছিল ২৭০ কিলোমিটার।

সামনের দিকে বসানো ইলেকট্রিক মোটরটি সর্বোচ্চ ২১৮ হর্সপাওয়ার শক্তি এবং ৩৩০ এনএম টর্ক উৎপন্ন করে। এর ফলে মাত্র ৬.৭ সেকেন্ডে ০ থেকে ১০০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে পৌঁছতে পারে গাড়িটি। সর্বোচ্চ গতি ঘণ্টায় ১৭০ কিলোমিটার।

চার্জিংয়ের সুবিধা

চার্জিংয়ের জন্য নতুন Mini Cooper SE-তে সর্বোচ্চ ৭.৪ কিলোওয়াট AC চার্জিং সাপোর্ট রয়েছে। এই ব্যবস্থায় ব্যাটারি ০ থেকে ১০০ শতাংশ চার্জ হতে প্রায় ৭ ঘণ্টা ৪৫ মিনিট সময় লাগে।

অন্যদিকে, ৯৫ কিলোওয়াট DC ফাস্ট চার্জারের সাহায্যে মাত্র ৩০ মিনিটে ব্যাটারি ১০ থেকে ৮০ শতাংশ পর্যন্ত চার্জ করা সম্ভব বলে সংস্থার দাবি।

কেবিনে ৯.৪৫ ইঞ্চির OLED ডিসপ্লে

নতুন Cooper SE-র ইন্টেরিয়রেও রয়েছে বেশ কিছু উল্লেখযোগ্য পরিবর্তন। ড্যাশবোর্ডের কেন্দ্রে দেওয়া হয়েছে ৯.৪৫ ইঞ্চির বৃত্তাকার OLED ইনফোটেনমেন্ট টাচস্ক্রিন। সঙ্গে রয়েছে থ্রি-স্পোক স্টিয়ারিং হুইল। ড্যাশবোর্ডের বিভিন্ন অংশে ফ্যাব্রিকের ব্যবহার কেবিনে আলাদা নান্দনিকতা যোগ করেছে। সেন্টার কনসোলে থাকছে বেশ কিছু ফিজিক্যাল কন্ট্রোল।

ফিচারের তালিকায় থাকতে পারে ডুয়াল-জোন ক্লাইমেট কন্ট্রোল, সামনের আসনে হিটিং সুবিধা, প্যানোরামিক সানরুফ এবং ওয়্যারলেস চার্জিং প্যাড। নিরাপত্তার জন্য থাকছে ছয়টি এয়ারব্যাগ, ৩৬০ ডিগ্রি ক্যামেরা এবং ADAS প্রযুক্তি-সহ আরও একাধিক সুবিধা।

Paul Smith Edition-এ বিশেষ ডিজাইন

Mini এবং ব্রিটিশ ফ্যাশন ডিজাইনার Paul Smith-এর সহযোগিতায় তৈরি হয়েছে তিনটি বিশেষ সংস্করণ। Cooper SE, Cooper S এবং Cooper Convertible, এই তিনটি মডেলেই পাওয়া যাবে Paul Smith Edition। যান্ত্রিক দিক থেকে এগুলি মূল মডেলের মতোই থাকবে। মূল আকর্ষণ গাড়িগুলির বিশেষ বাহ্যিক ও অভ্যন্তরীণ নকশা।

এই সংস্করণগুলিতে Inspired White, Midnight Black এবং Statement Grey, এই তিনটি রঙের বিকল্প থাকবে। ছাদের জন্য বেছে নেওয়া যাবে সবুজ, কালো অথবা গাড়ির বডির সঙ্গে মানানসই রং। এছাড়া রয়েছে ১৮ ইঞ্চির কালো অ্যালয় হুইল এবং ছাদে রঙিন স্ট্রাইপের মতো বিশেষ ডিজাইন এলিমেন্ট।

কেবিনেও Paul Smith-এর ছোঁয়া

বিশেষ সংস্করণগুলির কেবিনে আসনগুলিতে নীল রঙের কনট্রাস্ট স্টিচিং ব্যবহার করা হয়েছে। দরজা খোলার সময় আলোয় ‘Hello’ লেখা ফুটে উঠবে। দরজার সিল গার্ডে রয়েছে ‘Every day is a new beginning’ বার্তা। ফ্লোর ম্যাটে দেখা যাবে হাতে আঁকা খরগোশের ছবি। স্টিয়ারিং হুইলের নিচের অংশেও রয়েছে রঙিন স্ট্রাইপ।

আগামী ২৭ নভেম্বর ভারতে নতুন Mini Cooper SE এবং তিনটি Paul Smith Edition-এর দাম ও অন্যান্য বিস্তারিত তথ্য প্রকাশ্যে আসার কথা। বুকিং ইতিমধ্যেই শুরু হয়েছে। ফলে প্রিমিয়াম ইলেকট্রিক হ্যাচব্যাকের বাজারে নতুন Cooper SE কতটা সাড়া ফেলে, এখন সেটাই দেখার।

Essential Business Intelligence, Sharp Market Insights, Practical Personal Finance Advice, Daily Fuel, Gold and Silver Prices and Latest Stories – On Kolkata24x7 Business

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *