২৬০০ কোটি কিমি দূরে আজ ভয়েজার ১-কে সিগন্যাল কলকাতার, বার্তা মর্স কোডে
কুবলয় বন্দ্যোপাধ্যায়
না জেনেই বাবার তৈরি যন্ত্রের মাধ্যমে ভিনগ্রহীদের কাছে সংকেত পাঠিয়ে ফেলেছিল ‘কোই… মিল গয়া’ সিনেমার রোহিত।
প্রায় ৪৯ বছর আগে পৃথিবী ছেড়ে অজানার পথে যাত্রা শুরু করা এক দূর মহাকাশের দূতকে আজ, মঙ্গলবার জেনেশুনে আলোয় অভিবাদন জানাবে কলকাতা। দূরত্বটা প্রায় ২৬০০ কোটি কিলোমিটার, কিন্তু মানুষের কৌতূহলের কাছে তা নেহাতই তুচ্ছ!
পৃথিবীর নামকরা জ্যোতির্বিজ্ঞানীরা এখনও জানেন না, সৌরজগতের সীমানা পেরিয়ে ‘ইন্টারস্টেলার স্পেস’ বা দুই নক্ষত্রের মধ্যবর্তী মহাকাশে পৌঁছে যাওয়া ভয়েজার–ওয়ান ইতিমধ্যেই কোনও বুদ্ধিমান ভিনগ্রহীর নজরে পড়েছে কি না। এই মহাকাশযান এখন সূর্য ও অন্যান্য নক্ষত্রের মধ্যবর্তী বিশাল মহাশূন্যে অর্থাৎ জ্যোতির্বিজ্ঞানের পরিভাষায় ‘ইন্টারস্টেলার স্পেস’–এ অবস্থান করছে।