সঙ্ঘনেতার বিরুদ্ধে কর্মসূচি পদ্মের, শান্তনু–অশোক তরজায় বিভাজনও
আশিস নন্দী, বনগাঁ
কেন্দ্র এবং রাজ্যের দুই মন্ত্রী থেকে বনগাঁ সাংগঠনিক জেলার বিজেপি ও শ্রমিক সংগঠনের অন্দরের দ্বন্দ্বে কিছুতেই লাগাম পড়ছে না।২৪ ঘণ্টা আগে বনগাঁয় মিলন মেলার অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নে খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়ার নাম উঠে আসতেই তা শুনতেই পাননি কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর।
এ বার খাদ্যমন্ত্রীর ঘনিষ্ঠ ভারতীয় মজদুর সঙ্ঘের নেতা রাজীব গোস্বামীর গ্রেপ্তারের দাবিতে বনগাঁ পুলিশ সুপারের কাছে ডেপুটেশন দেওয়ার কর্মসূচি নিয়েছে বিজেপি প্রভাবিত অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘ। আগামী বুধবার এই কর্মসূচির মাধ্যমে বনগাঁ শহরকে স্তব্ধ করে দেওয়ার দাবি তুলেছেন শান্তনুর ঘনিষ্ঠ মতুয়া ভক্তরা।
পেট্রাপোল স্থলবন্দরে এখন ভারতীয় মজদুর সঙ্ঘের শ্রমিকদের একাধিপত্য। শ্রমিক সংগঠনের রাশ কার হাতে থাকবে, এই নিয়ে পালাবদলের পর থেকে বিবাদ তৈরি হয় কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের সঙ্গে রাজ্যের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়ার। বিধানসভা ভোটের পর থেকেই মতুায়দের মধ্যে শান্তনুর একাধিপত্যকে কিছুটা চ্যালেঞ্জ করেই উঠে আসছে অশোক কীর্তনিয়ার নাম। নরেন্দ্র মোদীর উপস্থিতিতে ব্রিগেডে শুভেন্দু অধিকারীর সঙ্গেই শপথ নিয়েছিলেন অশোক। নিজের বিধানসভা কেন্দ্রের মধ্যে হওয়ায় পেট্রাপোল বন্দরেও তাঁর যথেষ্ট প্রভাব রয়েছে।
সেই বন্দরের কোটি কোটি টাকার পণ্য খালাসের কাজে ভাগ বাটোয়ারা নিয়ে দুই মন্ত্রীর বিবাদ কিছুদিন ধরেই প্রকাশ্যে এসেছে। বনগাঁর সংসদ শান্তনুর পণ্য খালাসের ব্যাপারে জড়িয়ে পড়া নিয়ে সরব হন খাদ্যমন্ত্রীর ঘনিষ্ঠ বিএমএস নেতা রাজীব গোস্বামী। বিএমএসকে পারিবারিক সম্পত্তির মতো ভাগ করার দুই ভাগে ভাগ করার এক্তিয়ার নিয়েও শান্তনু ঠাকুরকে একহাত নিয়েছিলেন রাজীব।
এর পরেই রাজীব গোস্বামীর বিরুদ্ধে পেট্রাপোল থানা–সহ বনগাঁ পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন শান্তনু ঘনিষ্ঠ শ্রমিকরা। পরে রাজ্যের একাধিক থানা এবং রাজ্যের বাইরেও মতুয়ারা অভিযোগ করেন রাজীবের বিরুদ্ধে। রবিবার মিলন মেলার মঞ্চ থেকেও এই নিয়ে পুলিশ প্রশাসনকে কাঠগড়ায় তুলেছেন শান্তনু।
সোমবার রীতিমতো সাংবাদিক সম্মেলন করে রাজীবের গ্রেপ্তারির দাবিতে কর্মসূচির কথা জানিয়েছেন বিজেপি প্রভাবিত অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘের নেতৃত্ব। সঙ্ঘের সাধারণ সম্পাদক অনিমেষ বালা বলেন, ‘মতুয়া সঙ্ঘাধিপতি শান্তনু ঠাকুরকে ব্যক্তিগত আক্রমণ করেছেন রাজীব গোস্বামী। একাধিক থানায় এফআইআর করা হলেও পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি।’ পুলিশ প্রশাসনের নীরব থাকা, পদক্ষেপ না নেওয়ার বিরুদ্ধে বুধবার বেলা একটায় বনগাঁ পুলিশ সুপারের অফিসের সামনে অবস্থান ও ডেপুটেশন দেওয়ার কর্মসূচি গৃহীত হয়েছে। এই কর্মসূচিতে বনগাঁ শহরকে স্তব্ধ করা হবে বলেও এ দিন জানিয়েছেন শান্তনু ঘনিষ্ঠ অনিমেষ বালা। এই প্রসঙ্গে একাধিকবার ফোন করা হলেও বিএমএস নেতা রাজীব গোস্বামী ফোন ধরেননি।
বনগাঁর চার বিধানসভা কেন্দ্রেই এ বার উড়ে গিয়েছে তৃণমূল। রাজ্যের খাদ্য ও সমবায়ের মত দু’টি গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রী হওয়ার পর থেকেই বনগাঁ সাংগঠনিক জেলায় এবং মতুয়াদের মধ্যে নিজের প্রভাব বাড়াতে শুরু করেন অশোক কীর্তনিয়া। বনগাঁ তো বটেই, রাজ্যের একাধিক জেলায় এবং রাজ্যের গন্ডি ছাড়িয়ে দিল্লি, আন্দামানে গিয়েও মতুয়া ধর্ম সম্মেলনে যোগ দিয়েছেন অশোক।
বিজেপির একাংশের মতে, মতুয়া কোটায় অশোক কীর্তনিয়ার মন্ত্রী হওয়ার বিষয়টি নিয়ে অন্ধকারেই ছিলেন শান্তনু। অশোক মন্ত্রী হওয়ার পর দু’জনের সম্পর্ক কার্যত সাপে–নেউলে হয়ে ওঠে। রবিবার বনগাঁয় শান্তনু বলেন, ‘তৃণমূল নেতা–কর্মীদের যারা আশ্রয় দিচ্ছেন, তাদের কাউকে আমি ছাড়ব না। প্রত্যেককে গ্যারাজে ভরে তবেই আমি রাজনীতি থেকে ইস্তফা দেব।’
দলের এই বিভাজন নিয়ে পুলিশ প্রশাসনকেই দায়ী করেছেন শান্তনু। তিনি বলেন, ‘পুলিশ কিছু নেতার কথা শুনে ‘ডিভাইড অ্যান্ড রুল’ করছে। এই নেতারা চাইছে বনগাঁয় নিজেদের ‘রুল’ করতে।’ তবে এই প্রসঙ্গে একাধিকবার ফোন করলেও ধরেননি বনগাঁর পুলিশ সুপার বিদিশা কলিতা দাশগুপ্ত। গোটা বিষয়টি নিয়ে অশোক কীর্তনিয়াও কিছু বলতে নারাজ।
বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার এবং হাবরার বিধায়ক দেবদাস মণ্ডল দু’জনেই অশোক কীর্তনিয়ার বিরোধী। কিন্তু শান্তনুর এই মন্তব্যের পর কেউই মুখ খুলতে নারাজ। এই প্রসঙ্গে গাইঘাটার বিজেপি বিধায়ক তথা শান্তনুর দাদা সুব্রত ঠাকুর বলেন, ‘শান্তনু ঠাকুর একজন সাংসদ এবং কেন্দ্রীয় মন্ত্রী। তাঁর মন্তব্যের পজিটিভ এবং নেগেটিভ নিয়ে আমি কিছু বলতে পারব না।’