‘ভারতের কোনো শর্ত মানা হবে না!’ হাসিনা প্রত্যর্পণ নিয়ে তারেকের কড়া বার্তা

ঢাকা: প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে (Sheikh Hasina )ফিরিয়ে আনার প্রশ্নে ভারতকে কড়া বার্তা দিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা জাহেদ উর রহমান। তাঁর স্পষ্ট…
ঢাকা: প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে (Sheikh Hasina )ফিরিয়ে আনার প্রশ্নে ভারতকে কড়া বার্তা দিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা জাহেদ উর রহমান। তাঁর স্পষ্ট বক্তব্য, শেখ হাসিনার প্রত্যর্পণের ক্ষেত্রে ভারত বা অন্য কোনও দেশ বাংলাদেশের উপর কোনও শর্ত চাপিয়ে দিতে পারে না।
বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। তাই কোনও ধরনের অন্যায্য শর্ত বা চাপ মেনে নেওয়া হবে না। মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই মন্তব্য করেন তিনি। তাঁর এই বক্তব্যকে ঘিরে ভারত-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
আরও দেখুনঃ
সম্প্রতি কয়েকটি সংবাদমাধ্যমে দাবি করা হয়, শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়ার আগে নয়াদিল্লি নাকি ঢাকার সামনে দুটি শর্ত রেখেছে। সেই খবর প্রকাশ্যে আসতেই বিষয়টি নিয়ে প্রশ্ন ওঠে। তবে জাহেদ উর রহমান জানিয়েছেন, তিনি ব্যক্তিগতভাবে মনে করেন না যে ভারত শেখ হাসিনাকে ফেরানোর ক্ষেত্রে কোনও শর্ত আরোপ করবে।
একই সঙ্গে তিনি বুঝিয়ে দিয়েছেন, প্রত্যর্পণের বিষয়টি বাংলাদেশের নিজস্ব আইন এবং দুই দেশের মধ্যে থাকা প্রত্যর্পণ চুক্তি মেনেই সম্পন্ন হওয়া উচিত। তাঁর কথায়, বাংলাদেশের আইন অনুযায়ী কোনও দণ্ডিত ব্যক্তিকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া নির্ধারিত রয়েছে। সেই আইনি পথেই এগোতে চায় ঢাকা।
উল্লেখ্য, ২০২৪ সালের অগস্টে বাংলাদেশে ছাত্র-জনতার আন্দোলনের জেরে শেখ হাসিনার সরকারের পতন ঘটে। পরিস্থিতির চাপে দেশ ছেড়ে ভারতে চলে আসেন তিনি। (Sheikh Hasina )তারপর থেকে ভারতেই রয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। অন্যদিকে, তাঁর প্রত্যর্পণের দাবিতে একাধিকবার নয়াদিল্লির কাছে আনুষ্ঠানিক আবেদন জানিয়েছে ঢাকা। বাংলাদেশের দাবি, দুই দেশের মধ্যে থাকা প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত পাঠানো উচিত।
এই পরিস্থিতিতে ভারতের বিদেশ মন্ত্রকের অবস্থানও গুরুত্বপূর্ণ। গত শুক্রবার বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছিলেন, শেখ হাসিনার (Sheikh Hasina )প্রত্যর্পণের বিষয়টি একটি আইনি বিষয় এবং সেই অনুযায়ীই সিদ্ধান্ত নেওয়া হবে। পাশাপাশি বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক এবং ভবিষ্যৎমুখী সম্পর্ক বজায় রাখার বিষয়ে ভারতের আগ্রহের কথাও জানান তিনি। অর্থাৎ, নয়াদিল্লি বিষয়টিকে কূটনৈতিক চাপানউতোরের পরিবর্তে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়েই বিবেচনা করতে চাইছে।
তবে ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছিল, শেখ হাসিনাকে ফেরানোর ক্ষেত্রে দুটি বিষয় নিশ্চিত করতে চাইছে নয়াদিল্লি। প্রথমত, তাঁকে সরাসরি বাংলাদেশের সেনাবাহিনীর হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করতে হবে। প্রয়োজনে সামরিক বিমানে দিল্লি থেকে অথবা স্থলসীমান্তে এই হস্তান্তর হতে পারে।
দ্বিতীয়ত, বাংলাদেশে ফেরার পর তাঁর আইনি সুরক্ষা নিশ্চিত করতে হবে। বিশেষ করে মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিলের সুযোগ এবং নতুন করে বিচারের ব্যবস্থা রাখার দাবি জানানো হয়েছে বলে ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়। যদিও বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম সোমবার এই ধরনের শর্ত আরোপের খবর অস্বীকার করেছেন। তাঁর বক্তব্য, নয়াদিল্লির সঙ্গে এমন কোনও আলোচনা হয়নি।
এদিকে, শেখ হাসিনার (Sheikh Hasina )বিরুদ্ধে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বিচার হয়েছে। ২০২৫ সালের নভেম্বর মাসে অনুপস্থিতিতে তাঁকে একটি মামলায় মৃত্যুদণ্ড এবং অন্য একটি মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। ২০২৪ সালের জুলাই-অগস্টে আন্দোলন দমনের সময় তাঁর ভূমিকা নিয়ে এই মামলা হয়েছিল। তবে শেখ হাসিনা অভিযোগ এবং বিচারপ্রক্রিয়া দুটিকেই প্রত্যাখ্যান করেছেন। তাঁর বক্তব্য, এই বিচার রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
বাংলাদেশের আইনমন্ত্রী এম আসাদুজ্জামান জানিয়েছেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া বাংলাদেশ সম্পূর্ণ করেছে। এখন ভারতের সিদ্ধান্তের অপেক্ষা। তবে মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিলের সময়সীমা নিয়ে বাংলাদেশের আইনে বিশেষ বিধিনিষেধ রয়েছে বলেও তিনি জানিয়েছেন। আইনমন্ত্রী দাবি করেছেন, মানবতাবিরোধী অপরাধের মামলায় নির্ধারিত সময়সীমা পেরিয়ে গেলে আপিলের সুযোগ বাড়ানোর আইনি ব্যবস্থা নেই। যদিও এই বিষয়ে আইন বিশেষজ্ঞদের মধ্যে বিভিন্ন ব্যাখ্যা রয়েছে।
অন্যদিকে, গত সপ্তাহে শেখ হাসিনা নতুন পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেছেন বলে খবর প্রকাশিত হয়েছে। দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনে তাঁর আইনজীবীর মাধ্যমে পাঠানো চিঠিতে প্রয়োজনীয় নথি ইস্যুর আবেদন জানানো হয়। আগামী ডিসেম্বর মাসে স্বেচ্ছায় বাংলাদেশে ফিরে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হওয়ার ইচ্ছাও তিনি আগেই প্রকাশ করেছেন।