অফিসারদের জন্য নবান্নের তোফা! বিশেষ ভাতা থেকে শিক্ষা ঋণ, আর কী কী সুবিধা?

কলকাতা: রাজ্যের আইপিএস আধিকারিকদের জন্য একাধিক আর্থিক সুবিধা ও নতুন ভাতার কথা ঘোষণা করল নবান্ন। দীর্ঘদিনের দাবি খতিয়ে দেখে স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতরের তরফে…
কলকাতা: রাজ্যের আইপিএস আধিকারিকদের জন্য একাধিক আর্থিক সুবিধা ও নতুন ভাতার কথা ঘোষণা করল নবান্ন। দীর্ঘদিনের দাবি খতিয়ে দেখে স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতরের তরফে জারি হয়েছে নতুন নির্দেশিকা। কর্মরত আইপিএস অফিসারদের পাশাপাশি অবসরপ্রাপ্ত ডিজিপি পদমর্যাদার আধিকারিকদের জন্যও রয়েছে বিশেষ সুযোগ-সুবিধা।
নির্দেশিকা অনুযায়ী, কলকাতায় কর্মরত আইজি পদমর্যাদার নীচের আইপিএস অফিসাররা মাসে ১৫ হাজার টাকা বিশেষ ভাতা পাবেন। এই ভাতার পরিমাণ ভবিষ্যতে সর্বোচ্চ ৩০ হাজার টাকা পর্যন্ত বাড়ানো যেতে পারে।
সরকারি আবাসন না পাওয়া এবং বাড়িভাড়া ভাতা (এইচআরএ) না নেওয়া অফিসারদের জন্যও রয়েছে সুবিধা। তাঁরা বাড়িভাড়ার খরচ বাবদ মাসে সর্বোচ্চ ৬০ হাজার টাকা পর্যন্ত ফেরত পাবেন। প্রতি তিন বছর অন্তর এই অর্থের পরিমাণ ২০ শতাংশ করে বাড়ানোর সংস্থান রাখা হয়েছে।
আইপিএস আধিকারিকদের সন্তানদের উচ্চশিক্ষার জন্য সর্বোচ্চ ৫০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার সিদ্ধান্তও নেওয়া হয়েছে। দেশের পাশাপাশি বিদেশে পড়াশোনা এবং বোর্ডিং স্কুলের খরচও এই ঋণের আওতায় আসবে।
এ ছাড়া বিদেশ ভ্রমণের জন্য আর্থিক সুবিধা এবং অফিসের কাজে সহায়কের খরচ ফেরত দেওয়ার ব্যবস্থাও রাখা হয়েছে নতুন নির্দেশিকায়।
অবসরপ্রাপ্ত ডিজিপি পদমর্যাদার আইপিএস আধিকারিকদের জন্যও বিশেষ ব্যবস্থা করেছে রাজ্য সরকার। অবসরের পর তাঁরা দু’জন অ্যাটেনডেন্ট রাখতে পারবেন। ওই কর্মীদের বেতন রাজ্যের শ্রম দফতরের নির্ধারিত হার অনুযায়ী বহন করবে সরকার।
প্রশাসনিক মহলের মতে, আইপিএস আধিকারিকদের কাজের পরিবেশ, কর্মদক্ষতা ও মনোবল বাড়ানোর লক্ষ্যেই এই সিদ্ধান্ত। নতুন নির্দেশিকা অনুযায়ী সুবিধাগুলি কার্যকর করার প্রক্রিয়া শুরু হয়েছে।
সরকারি চাকরির পরীক্ষার আবেদনে আর লাগবে না ফি! ঘোষণা শুভেন্দু