সর্ষে শাক-তিল-আমলকি-গাজর, শীতের মরশুমে ৫ খাবার খেয়াল রাখে স্বাদ আর স্বাস্থ্যেরও
শীতের আমেজ গায়ে লাগতেই বাজারে খোঁজ পড়ছে সর্ষে বা মেথি শাকের। ঠান্ডা থেকে বাঁচতে অনেকেই এই সময় আমলকি খাওয়ার পরামর্শ দেন। বাজরার রুটি, তিলের লাড্ডু থেকে শুরু করে টাটকা বিট-গাজর। ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে বাজারে যে সব নতুন সব্জির দেখা মেলে, তারা শুধু স্বাদের নয়, খেয়াল রাখে স্বাস্থ্যেরও। হাড়ের জোর, রোগ প্রতিরোধ ক্ষমতা এবং হজমশক্তি বাড়াতেও দারুণ কাজের। এ প্রসঙ্গে পুষ্টিবিদরা কী বলছেন?
১. সর্ষে, বেথুয়া ও মেথি শাক
শীতের মরশুমে নানা ধরনের শাক বাঙালির পাতে জায়গা করে নেয়। সর্ষে, বেথুয়া বা মেথি শাকের মতো পাতাযুক্ত সব্জিতে ভরপুর পরিমাণে ভিটামিন কে থাকে, যা হাড়ের স্বাস্থ্যের জন্য অত্যন্ত জরুরি। এ ছাড়াও এতে রয়েছে বিটা-ক্যারোটিন, ভিটামিন সি এবং ফোলেট।
-
বিশেষ টিপস: শাকসব্জি থেকে শরীরে উদ্ভিজ্জ আয়রন শোষণের মাত্রা বাড়াতে রান্নায় বা খাওয়ার সময় সামান্য পাতিলেবুর রস মিশিয়ে নেওয়া যেতে পারে।
২. বাজরা
শীতের দিনে বাজরার রুটি বা খিচুড়ি খাওয়ার চল বহু পুরোনো। এই দানাশস্যটিতে রয়েছে প্রচুর ফাইবার, প্রোটিন, আয়রন এবং ম্যাগনেশিয়াম। এর ফাইবার হজম প্রক্রিয়াকে ধীর করে দেয় এবং অনেকক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে।
-
সতর্কতা: বাজরায় কার্বোহাইড্রেট থাকে, তাই ডায়াবিটিস রোগীদের ব্লাড সুগার লেভেল ট্র্যাক করে পরিমাণমতো বাজরার রুটি খাওয়া উচিত।
৩. তিল
শীতকালে তিল-গুড়ের নাড়ু বা তিলের চাটনি খাওয়ার আলাদা আনন্দ রয়েছে। তিলের বীজে রয়েছে আনস্যাচুরেটেড ফ্যাট, ক্যালশিয়াম, ম্যাগনেশিয়াম এবং জ়িঙ্ক। এ ছাড়া এতে থাকা ‘সেসামিন’ নামক লিগনান অ্যান্টিঅক্সিড্যান্ট হিসেবে কাজ করে।
-
পরামর্শ: গোটা তিল অনেক সময় শরীর হজম করতে পারে না। তাই তিল গুঁড়ো করে সালাডে ছড়িয়ে বা রুটির সঙ্গে খাওয়া বেশি উপকারী। তবে অতিরিক্ত মিষ্টির কথা মাথায় রেখে তিল-গুড়ের নাড়ু পরিমিত পরিমাণে খাওয়াই ভালো।
৪. আমলকি
ভিটামিন সি-র অন্যতম সেরা উৎস হলো দেশি আমলকি। এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং খাবার থেকে আয়রন শোষণ করতে সাহায্য করে।
-
কী ভাবে খাবেন: পুষ্টিবিদদের মতে, আমলকি কাঁচা খাওয়া বা চাটনি বানিয়ে খাওয়া সবচেয়ে বেশি উপকারী। তবে আমলকির মোরব্বায় প্রচুর চিনি থাকে, তাই তা পরিমিত পরিমাণে খাওয়া উচিত।
৫. গাজর
শীতকালে বাজারে আসা টাটকা লাল গাজর বিটা-ক্যারোটিনে সমৃদ্ধ, যা শরীরে গিয়ে ভিটামিন এ-তে রূপান্তরিত হয় এবং চোখের স্বাস্থ্য ও ত্বক ভালো রাখতে সাহায্য করে। এ ছাড়া লাল গাজরে থাকা লাইকোপেন নামক অ্যান্টিঅক্সিড্যান্ট শরীর সুস্থ রাখে।
-
ডায়াবেটিকরা খেতে পারেন? শীতকালে গাজরের হালুয়া পাতে রাখা যেতেই পারে, তবে চিনি, ঘি এবং খোয়ার পরিমাণ ও পরিমিত খাওয়ার দিকে নজর রাখতে হবে।